Home খেলাধুলা নির্ধারিত সময়েই হবে এএফসি কাপ

নির্ধারিত সময়েই হবে এএফসি কাপ

9

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত হলেও কাব টুর্নামেন্ট এএফসি কাপের গ্রুপপর্বের খেলা নির্ধারিত সময়েই হচ্ছে। বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘এখন পর্যন্ত এএফসি কাপের সূচি পূর্ব নির্ধারিত সময়েই আছে।’
এএফসি কাপের ‘ই’ গ্রুপে খেলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। প্রতিপক্ষ ভারতের চেন্নাই সিটি এফসি এবং মালদ্বীপের টিসি স্পোর্টস ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কাব। মার্চে দুটি ম্যাচ হওয়ার পর করোনাভাইরাসের কারণে খেলা স্থগিত করেছিল এএফসি। পরবর্তীতে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। আর খেলা হবে সেন্ট্রাল ভেন্যুতে। মালদ্বীপে হবে ‘ই’ গ্রুপের বাকি ম্যাচগুলো। কোভিড-১৯ এর কারণে বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক ফাইট সিডিউলে বিধিনিষেধ থাকায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো এ বছর আর আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে এএফসি। বাংলাদেশ গ্রুপের ম্যাচগুলো হওয়ার কথা ছিল অক্টোবর-নভেম্বরে।
এএফসি কাপের তারিখ ঠিক থাকলেও কেন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ পিছিয়ে নেয়া হলো পরের বছরে? বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘এএফসি কাপ একটি ভেন্যুতে হবে বলেই সেটা আয়োজন করে ফেলতে পারবে এএফসি। কারণ দলগুলো এবং ম্যাচের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অফিসিয়ালরা একবার মালদ্বীপে যাবেন এবং সব ম্যাচ শেষ করে যে যার দেশে চলে যাবেন। এ কাজটি সহজ এএফসির জন্য। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সেটা সম্ভব না। কারণ আন্তর্জাতিক ফাইটে একেক দেশে একেক রকম বিধিনিষেধ আছে।’
এএফসি কাপে বসুন্ধরা কিংসের বাকি ৫ ম্যাচ ২৩ অক্টোবর ও ৪ নভেম্বর মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কাবের বিরুদ্ধে, ২৬ ও ২৯ অক্টোবর চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে এবং ১ নভেম্বর টিসি স্পোর্টস কাবের।

অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে সেরা চারে লাইপজিগ

ক্রীড়া প্রতিবেদক

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল, স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান সিরি ‘আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাস বাদ পড়ে গেছে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে। পাক্কা ২৫ মৌসুম পর সেমিফাইনালের টিকিট পেয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কোয়ার্টার ফাইনালে মাঠে নামার অপেক্ষায় জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
এতেই বোঝা যায় ঠিক কতটা কঠিন হয় চ্যাম্পিয়নস লিগের লড়াই। কিন্তু এক্ষেত্রে বেশ ব্যতিক্রম জার্মানির উদীয়মান কাব রাসেন বলস্পোর্ট লাইপজিগ বা আরবি লাইপজিগ। ইউরোপ সেরার আসরে মাত্র দ্বিতীয়বার খেলতে নেমেই তারা পৌঁছে গেছে সেরা চারে, খেলবে সেমিফাইনালে। মঙ্গলবার দিবাগত রাতের ম্যাচে তাদের প্রতিপক্ষ পিএসজি।
বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করেছে লাইপজিগ। ম্যাচের ৫০ মিনিটে দানি অলমোর গোলে এগিয়ে গিয়েছিল তারা, ৭১ মিনিটে সমতা ফেরায় অ্যাটলেটিকো। একদম শেষদিকে গোল করে দলকে সেমিতে তোলেন টাইলার অ্যাডামস। অথচ ২০১৬ সালের আগে সে অর্থে নামই ছিল না লাইপজিগের। থাকবেই বা কী করে? ততদিন পর্যন্ত তারা যে ছিল জার্মানির দ্বিতীয় বিভাগ ফুটবলে। আরেকটু বিস্তারিত বললে, ২০০৯ সালের আগে তো অস্তিত্বই ছিলো না জার্মানির স্যাক্সোনির এ কাবটির। ২০০৬ থেকে আলোচনা শুরু করে ২০০৯ সালে যাত্রা শুরু করে আরবি লাইপজিগ। এরপর থেকে চলছে তাদের স্বপ্নযাত্রা।
২০০৯ সালে কাবের জন্মের পর ২০১০ সালে তারা উন্নীত হয় চতুর্থ বিভাগে, তিন বছর পর ২০১৩ সালে আসে তৃতীয় বিভাগে। পরের বছর তারা উঠে আসে দ্বিতীয় বিভাগে। সেখানে দুই আসর খেলে ২০১৫-১৬ মৌসুমে অবশেষে তাদের সুযোগ আসে জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায়।
এখানেও চমক দেখায় লাইপজিগ। বুন্দেসলিগায় নিজেদের প্রথম আসরেই রানারআপ হয় কাবটি। যার সুবাদে সুযোগ পেয়ে যায় ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে। তবে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের যাত্রা অত সুখকর ছিল না। তারা বাদ পড়ে যায় গ্রুপ পর্ব থেকে। পরে ২০১৭-১৮ মৌসুমের বুন্দেসলিগায় ষষ্ঠ হওয়ায় সুযোগ মেলেনি ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে।
পরের মৌসুম অর্থাৎ ২০১৮-১৯ সালে সঠিক পথে ফেরে লাইপজিগ। এবার তারা বুন্দেসলিগায় হয় তৃতীয়, যার সুবাদে মেলে ২০১৯-২০ সালের চ্যাম্পিয়নস লিগের টিকিট। যা কি না তাদের মাত্র দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগের আসর। আর এবারই তারা উঠে গেছে টুর্নামেন্টের সেমিফাইনালে।

জার্মান গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে দিলেন ফাহাদ

ক্রীড়া প্রতিবেদক

বিশ্ব দাবা অলিম্পিয়াডের প্রথম তিন রাউন্ডেই হেরেছে বাংলাদেশ। গতকাল শুক্রবার অনলাইন প্লাটফর্মে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। ডিভিশন-২ এর পুল ‘এ’ গ্রুপের খেলায় বাংলাদেশ প্রথম রাউন্ডে ৪.৫-১.৫ পয়েন্টে হেরেছে জার্মানির কাছে।
তবে এই রাউন্ডে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান জার্মানির গ্র্যান্ডমাস্টার লুইস অ্যাঞ্জেলসকে হারিয়ে চমক দেখিয়েছেন। প্রথম রাউন্ডে ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। হেরেছেন জিয়াউর রহমান, শারমিন সুলতানা শিরিন, আহমেদ ওয়ালিজা। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ৪-২ পয়েন্টে হেরেছে বেলারুশের কাছে। দ্বিতীয় রাউন্ডে জিতেছেন বাংলাদেশের নোশিন আনজুম। ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। হেরেছেন নাজরানা খান ইভা, শারমিন শিম্মি ও তাজওয়ার জিয়াা।
তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ৩.৫-২.৫ পয়েন্টে হেরেছে বেলজিয়ামের কাছে। এই রাউন্ডে জিতেছেন রিফাত বিন সাত্তার ও রানী হামিদ। ড্র করেছেন নিয়াজ মোরশেদ এবং হেরেছেন শারমিন সুলতানা শিরিন, মোহাম্মদ ফাহাদ রহমান ও নেশিন আঞ্জুম।

ক্যাম্পে এসেছেন রোমান সানা

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে একটু একটু করে ফেডারেশনগুলো তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এরমধ্যে আর্চারি ফেডারেশন অন্যতম। টোকিও অলিম্পিক ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতা সামনে রেখে কাল রবিবার থেকে তিন ধাপে আবাসিক ক্যাম্প শুরু করতে যাচ্ছে তারা। অনেকদিন পর ক্যাম্পে ফিরতে যেন তর সইছিল না রোমান সানার। আগেভাগেই ক্যাম্পে যোগ দিয়েছেন দেশের আর্চারির ‘পোস্টার বয়’।
আগামী বছর টোকিও অলিম্পিক গেমস ছাড়াও আছে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতা। যদিও করোনার কারণে টোকিও অলিম্পিক ছাড়া অন্য প্রতিযোগিতাগুলো এখনও নিশ্চিত নয়। সামনের প্রতিযোগিতা নিয়ে রোমানের পরিকল্পনা, ‘অনুশীলন শুরু করতে পারছি এটাই আমার কাছে বড় বিষয়। আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবরে হয়তো অন্য প্রতিযোগিতাগুলোর সূচি পাওয়া যাবে। এছাড়া আমরা কোন কোন প্রতিযোগিতায় অংশ নিতে পারবো, সেটাও হয়তো জানা যাবে।’

রিজওয়ানের ব্যাটে লড়ছে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

সাউদাম্পটন টেস্টে প্রথম দিনই বৃষ্টির বাগড়া। টস জিতে ব্যাট করতে নামাই যেন কাল হয়েছে পাকিস্তানের। বৃষ্টিবাধায় পড়ে অস্বস্তিতে ছিলেন সফরকারি দলের ব্যাটসম্যানরা। শুরুর ধাক্কা সামলে বিপদ কাটানোর আভাস দিয়েছিলেন আবিদ আলি, বাবর আজমরা।
একটা সময় ২ উইকেটেই ১০২ রান ছিল পাকিস্তানের। আবিদ আলি ৬০ করে ফিরলেন। তারপরই ইংলিশ বোলারদের তোপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস। একদিকে বৃষ্টির বাধা, অন্যদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আজহারের দল। আগের দিনই টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান সাজঘরের পথ ধরেছিলেন। রান বোর্ডে মাত্র ১২৬। পাকিস্তানের জন্য সেখান থেকে দুইশ পেরোনোই কঠিন মনে হচ্ছিল। তবে দ্বিতীয় দিনে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের ব্যাট ভরসা দিয়েছে কিছুটা। বরাবরের মতো দারুণ খেলে যাচ্ছিলেন বাবর আজম। কিন্তু ৪৭ রানের মাথায় স্টুয়ার্ট ব্রডের দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটরক্ষক জস বাটলারের হাতে ধরা পড়েন তিনি। এরপর ইয়াসির শাহ (৫), শাহীন আফ্রিদিরা (০) রিজওয়ানকে সঙ্গ দিতে পারেননি।
কিন্তু বলতে গেলে একাই লড়ে যাচ্ছেন রিজওয়ান। পাকিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান লোয়ার অর্ডারদের যতটুকু সম্ভব বাঁচিয়ে বাঁচিয়ে দলকে এগিয়ে নিয়ে চলেছেন। এরই মধ্যে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। ১০৯ বল মোকাবেলায় ৪ বাউন্ডারিতে ৫৩ রানে অপরাজিত আছেন রিজওয়ান। সঙ্গে ২ রানে মোহাম্মদ আব্বাস। ৮ উইকেটে ২১৫ রান নিয়ে দ্বিতীয় দিনের চা-বিরতিতে গেছে পাকিস্তান।

অল্পেই বেঁচে গেলেন হাফিজ

ক্রীড়া প্রতিবেদক

খুব বেশি ভোগান্তি পোহাতে হলো না পাকিস্তান ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। মাত্র ২৪ ঘণ্টার ভেতরেই পুনরায় যোগ দিতে পেরেছেন দলের সঙ্গে। স্বাস্থ্যপরীক্ষায় নেতিবাচক কিছু পাওয়া যায়নি, তাই পাকিস্তান দলের বায়ো সিকিউর বাবলে ফের নিয়ে নেয়া হয়েছে তাকে।
গত বুধবার সকালে দলের বায়ো সিকিউর বাবল ভেঙে গলফ কোর্সে খেলতে গিয়েছিলেন হাফিজ। এতে কোনো সমস্যা ছিল না। কিন্তু সেখানে গিয়ে সামাজিক দূরত্ব না মেনেই ৯০ বছর বয়সী এক বৃদ্ধার সঙ্গে ছবি তুলেছিলেন তিনি। যা কি না সরাসরি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের করোনাবিধির পরিপন্থী। এ কারণে সেদিনই দল থেকে আলাদা করে সেলফ আইসোলেশনে পাঠিয়ে দেয়া হয়েছিল সাবেক এই অধিনায়ককে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, অন্তত পাঁচদিন আলাদাই থাকতে হবে তাকে। এ সময়ের মধ্যে দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এলেই যোগ দিতে পারবেন দলের সঙ্গে।

আর্সেনালে ৩বছরের চুক্তিতে উইলিয়ান

ক্রীড়া প্রতিবেদক

কাব বদলাতে হচ্ছে, কিন্তু লন্ডন ছাড়তে হচ্ছে না উইলিয়ানকে। চেলসির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরপরই ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক কাব আর্সেনাল লুফে নিয়েছে ৩২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে। নতুন কাবে তিন বছরের চুক্তি হয়েছে তার।
চলতি সপ্তাহে শুরুতেই চেলসির সঙ্গে চুক্তি শেষ হয় উইলিয়ানের। দেরি না করে তাকে দলে ভেড়ানোর সিদ্ধান্ত সম্পর্কে আর্সেনালের কোচ মাইকেল আর্তেতা বলেন, ‘আমি বিশ্বাস করি, সে এমন একজন খেলোয়াড় যে কিনা আমাদের দলে পার্থক্য গড়ে দিতে পারবে।’ উইলিয়ানের বহুমুখী প্রতিভাই এমন সিদ্ধান্তে প্রভাব ফেলেছে উল্লেখ করে গানার কোচ বলেন, ‘আমরা গত কয়েক মাস ধরেই তাকে নজরে রেখেছি। অ্যাটাকিং মিডফিল্ডার এবং উইঙ্গার পজিশনে আমাদের শক্তি বাড়ানোর চিন্তা ছিল। সে এমন খেলোয়াড় যার মধ্যে আছে বহুমুখিতা। সে তিন থেকে চারটি আলাদা পজিশনে খেলতে পারে।’

কোপা আমেরিকার সূচি চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক

সবকিছু ঠিক থাকলে এতদিনে জানা হয়ে যেত ৪৭তম কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দলের নাম। গত জুন-জুলাইয়ে আর্জেন্টিনা ও কলম্বিয়ায় বসার কথা ছিল এই আসর। কিন্তু করোনাভাইরাসের কারণে পিছিয়ে দেয়া হয়েছে এক বছর। তবে তখনও নির্ধারিত ছিল না টুর্নামেন্টের সূচি।
বৃহস্পতিবার লাতিন অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের পক্ষ থেকে জানানো হয়েছে কোপা আমেরিকার ৪৭তম আসরের চূড়ান্ত সূচি। আগামী বছরের ১১ জুন থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ঠিক এক মাসের লড়াইয়ের পর এটি শেষ হবে ১১ জুলাই। উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক আর্জেন্টিনা ও চিলি। একই দিনে থাকবে একই গ্রুপের আরও দুইটি ম্যাচ। যেখানে মুখোমুখি হবে টুর্নামেন্টের ইতিহাসের সফলতম দল উরুগুয়ে ও অস্ট্রেলিয়া এবং প্যারাগুয়ে ও বলিভিয়া।
কোপা আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো এবারের আসরের আয়োজক দুই দেশ; আর্জেন্টিনা ও কলম্বিয়া। আসরের উদ্বোধনী ম্যাচ হবে আর্জেন্টিনায় ও ফাইনাল হবে কলম্বিয়ার মাঠে। আর্জেন্টিনার ৫ ও কলম্বিয়ার ৪ ভেন্যুতে হবে টুর্নামেন্টের ৩৮টি ম্যাচ। এর মধ্যে আর্জেন্টিনায় হবে ১৮টি ও কলম্বিয়ার মাঠে হবে বাকি ২০টি ম্যাচ।

কোচ হয়ে ফিরছেন ইউসুফ-রাজ্জাক

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক ক্রিকেট অবসরের পর আব্দুর রাজ্জাককে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে দেখা গেলেও অনেকটা দৃশ্যপটের আড়ালেই ছিলেন মোহাম্মদ ইউসুফ। দুই সাবেক সতীর্থকে এবার একসঙ্গে দেখা যাবে নতুন ভূমিকায়।
লাহোরে অবস্থিত হাই পারফরম্যান্স সেন্টার (এইচপিসি) এর কোচ হিসেবে ইউসুফ ও রাজ্জাককে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দুজন ছাড়াও সাবেক টেস্ট ক্রিকেটার বাসিত আলীকেও এইচপিসি’র কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে পিসিবি। গতকাল শুক্রবার পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের খবরে এমনটাই জানানো হয়েছে। পরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইউসুফ নিজেই। সাবেক এই অধিনায়ক এখন থেকে সাবেক অলরাউন্ডার ও সতীর্থ রাজ্জাকের সঙ্গে পাকিস্তান হাই পারফরম্যান্স দলের সঙ্গে কাজ করবেন। সাবেক টেস্ট স্পিনার নাদীম খানকে সম্প্রতি এইচএসপি’র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। এর আগে পুরনো মুখ মুদাসসর নজর, হারুন রশীদ, আগা জাহিদ এবং আলী জিয়াকে হয় বাদ দেওয়া হয়েছে অথবা বরখাস্ত করা হয়েছে।

সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

সীমিত ওভারের সিরিজ খেলতে সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে অস্ট্রেলিয়া। বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
অজিদের এই সফরে যাওয়ার কথা জুলাইয়ে। কিন্তু বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে তা স্থগিত করা হয়। তবে ওযেস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সফলভাবে সিরিজ আয়োজেন করার পর ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ইসিবি সম্মত হয়েছে আগামী মাসে দুই দেশের মধ্যকার এই সিরিজ আয়োজনের। এই সফরে ইংলিশদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ৪, ৬ ও ৮ সেপ্টেম্বর, সাউদ্যাম্পটনে। ১১, ১৩ ও ১৬ জুলাই ম্যানচেস্টারে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
অস্ট্রেলিয়ার ২১ সদস্যের স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন আগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), জশ হ্যাজলউড, মার্নাস লাবুশানে, নাথান লিঁও, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, রিলে ম্যারেডিথ, জশ ফিলিপ, ড্যানিয়েল শামস, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টাই, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

দিবালাকে দিয়ে পগবাকে আনতে চায় জুভেন্টাস

ক্রীড়া প্রতিবেদক

২০২২ সালে জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে দিবালার। এর আগেই তার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরের চেষ্টা চালিয়ে যাচ্ছিল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। কিন্তু এরমধ্যেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে ‘তুরিনের বুড়ি’দের বিদায়ের পর কোচ মাওরিসিও সারিকে বরখাস্ত করা হয়। এরপর দায়িত্বে আসেন কাবের কিংবদন্তি পিরলো। এসেই পগবাকে আনার চেষ্টায় মাঠে নেমে পড়েছেন তিনি।
প্রায় এক বছর ধরেই পগবার ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এর আগে এই ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ীকে পেতে আগ্রহী কাবের তালিকায় রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের নাম শোনা গেলেও কোনোটাই শেষ পর্যন্ত বাস্তবে রূপ পায়নি। বরং করোনা বিরতির পর ম্যানইউয়ের আক্রমণভাগের নেতৃত্বে দেখা গেছে তাকে। ২০১৬ সালে ৮৯ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’তে ইউনাইটেডে যান পগবা। রেড ডেভিলসরাও তাকে বেচে সমান অর্থ আয় করতে চাইবে। এর আগে শোনা গিয়েছিল পগবাকে কেনার অর্থ জোগাড় করতে অ্যারন র‌্যামসকে বেচে দিতে চায় জুভেন্টাস। কিন্তু দায়িত্ব পাওয়ার পর দিবালার সঙ্গে পগবার অদলবদলের প্রস্তাব দেওয়ার প্রস্তাব দেন।
দায়িত্ব পাওয়ার পর জুভেন্টাসের কাছে শীর্ষ মানের একজন মিডফিল্ডারের চাহিদার কথা জানিয়েছেন পিরলো। আর সেটা হতে হবে এই গ্রীষ্মেই। সেক্ষেত্রে দিবালার জায়গায় পগবা হতে পারেন আদর্শ। পিরলোও তাকে পছন্দ করেন। ফলে দুইয়ে দুইয়ে চার মিলে যেতেই পারে। আর এমনটা হলে পুরনো ঠিকানায় দেখা যাবে ইউনাইটেডে নিজেকে মেলে ধরতে না পারা পগবাকে।

সুয়ারেসকে কিনতে চায় কাতারি কাব

ক্রীড়া প্রতিবেদক

বার্সেলোনার স্ট্রাইকার লুইস সুয়ারেসের দিকে হাত বাড়িয়েছে কাতারের কাব আল-আরাবি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘বিইন স্পোর্টস’র রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।
আল-আরাবি এই গ্রীষ্মের দলবদলের বাজার থেকেই ৩৩ বছর বয়সী সুয়ারেসকে কিনতে চায়। এ লক্ষ্যে উরুগুইয়ান স্ট্রাইকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাও শুরু করেছে কাবটি। আল-আরাবির কোচ হেইমার হ্যালগ্রিমসনের পছন্দের খেলোয়াড় সুয়ারেস। হেইমার নিজেই নাকি কাবের মালিকপক্ষকে সুয়ারেসকে কেনার বায়না ধরেছেন। বার্সার সঙ্গে সুয়ারেসের বর্তমান চুক্তির মেয়াদ ২০২১ সালে শেষ হবে। কিন্তু যদি তিনি আগামী মৌসুমে যথেষ্ট সংখ্যক (৬০ শতাংশ) ম্যাচ খেলেন, তাহলে তার চুক্তির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ২০২২ সাল পর্যন্ত বাড়বে।

অনুরাধার ডাবল হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিবেদক

প্রথম নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ডাবল হ্যাটট্রিকের কীর্তি গড়লেন জার্মানী নারী দলের অধিনায়ক অনুরাধা দোদ্দাবাল্লাপুর। অস্ট্রিয়ার মাঠে স্বাগতিকদের বিপক্ষে এমন কীর্তি গড়েন এই নারী ক্রিকেটার।
ক্রিকেটকে বৈশ্বিকভাবে প্রসারের জন্য পুরুষ অথবা নারীদের যেকোনো টি-টোয়েন্টি ম্যাচকে এখন আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়। ফলে অনুরাধা নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিকের কীর্তি নিজের করে নিলেন। এমন কীর্তির পাশাপাশি জার্মানী অধিনায়ক অনুরাধা ম্যাচে পাঁচ উইকেটও শিকার করেছেন। তার বোলিং ফিগার যেকোনো ক্রিকেটারের কাছে পরম আরাধ্য এবং ঈর্ষনীয়। অনুরাধা ৩ ওভারে ২ মেডেনসহ ১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন।
জার্মান অধিনায়কের এমন আগুনে বোলিংয়ের দিনে ১৩৭ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে সফরকারিরা। অস্ট্রিয়ার সিবার্ন মাঠে আগে ব্যাটিং করতে নেমে দুই ওপেনারের ব্যাটে ভর করে ১৯৮/০ স্কোর দাঁড় করায় জার্মানী। ওপেনার ক্রিশ্চিনা গফ ৭০ বলে শতক হাঁকিয়ে ১০১ রানে অপরাজিত থাকেন। আরেক ওপেনার জ্যানেট রোনাল্ডস করেন ৬৮ রান। জবাবে কোনো ওপেনারের রানই তুলতে পারেনি স্বাগতিক অস্ট্রিয়া। নির্ধারিত ২০ ওভার কাটিয়ে দিলেও ৯ উইকেটের বিনিময়ে মাত্র ৬১ রান করতে পারে দলটি। এই ম্যাচে জিতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল জার্মানী।

ইউএস ওপেনে খেলবেন জোকোভিচ

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাস আতঙ্কে রাফায়েল নাদাল, স্ট্যান ওয়ারিঙ্কা, অ্যাশলে বার্টির মতো প্রথম সারির তারকারা নাম প্রত্যাহার করে নিয়েছেন একে একে। ক্রমেই জৌলুষহীন হয়ে পড়ছিল ২০২০ ইউএস ওপেন। এরইমধ্যে টেনিসপ্রেমীদের কিছুটা স্বস্তি দিল পুরুষদের পয়লা নম্বর নোভাক জোকোভিচের ঘোষণা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিরা অংশ না নিলেও ৩১ আগস্ট থেকে শুরু হতে চলা যুক্তরাষ্ট্র ওপেনে অংশ নিচ্ছেন ‘জোকার’। বৃহস্পতিবার সার্বিয়ান তারকা নিজেই জানালেন সে কথা।
শুধু ইউএস ওপেনই নয়, জকোভিচ অংশ নিচ্ছেন ২২-২৮ অগস্ট ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনেও। ফেডেরার, নাদাল, ওয়ারিঙ্কার মতো তারকা না থাকায় ফাশিং মেডো জিততে খুব একটা বেগ পাওয়ার কথা নয় বিশ্বের পয়লা নম্বরের। তাই ট্রফি ক্যাবিনেটে আরও একটি গ্র্যান্ড স্ল্যাম যোগ করার পাশাপাশি আদ্রিয়া ট্যুর ঘিরে তাকে নিয়ে সমালোচনার সব জবাব দিতে ফাশিং মেডোয় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেন সার্বিয়ান তারকা। ‘জোকার’ জানিয়েছেন, ‘আমি ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেন এবং ইউএস ওপেনে অংশগ্রহণ করছি এবং এমন একটি সিদ্ধান্ত নিয়ে আমি খুশি।’

ইউএস ওপেনে খেলবেন না আন্দ্রেয়েস্কোও

ক্রীড়া প্রতিবেদক

হাঁটুর চোট কাটিয়ে উঠলেও করোনাভাইরাসের কারণে প্রস্তুতিটা ভালো হয়নি। তাই ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন প্রতিযোগিতাটির গতবারের নারী এককের চ্যাম্পিয়ন বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো। টুইট বার্তায় বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ২০ বছর বয়সী এই কানাডিয়ান।
গত অক্টোবরে বছরের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালসে হাঁটুতে চোট পান আন্দ্রেয়েস্কো। এরপর থেকে খেলার বাইরে আছেন তিনি। অনাকাঙ্ক্ষিত বিরতির পর প্রথম গ্র্যান্ড স্ল্যাম হিসেবে আগামী ৩১ অগাস্ট নিউ ইয়র্কের ফাশিং মিডোসে শুরু হবে ইউএস ওপেনের এবারের আসর। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারণে প্রতিযোগিতাটি থেকে আগেই নিজেকে সরিয়ে নেন গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। খেলবেন না বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় অ্যাশলি বার্টিও। হাঁটুতে অস্ত্রোপচার করানোয় খেলতে পারছেন না পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারও।