Home Uncategorized রাস্তা নাকি চষা ক্ষেত

রাস্তা নাকি চষা ক্ষেত

52


দাকোপ (খুলনা) প্রতিনিধি।।

‘বর্ষা মৌসুমে বেড়িবাঁধ রাস্তায় জমে থাকা হাঁটু কাদায় হেঁটে পথ এগোনো দায়, আমাদের এ কষ্ট কেউই বুঝল না। এখন বয়স হয়েছে, চোখে তেমন একটা দেখতে পাই না, তার পরও জীবন-জীবিকার টানে এখনও লাঠিতে ভর করে হাঁটতে হয়। আমার বাপ-দাদারাও বর্ষা মৌসুমে এই কর্দমাক্ত রাস্তায় সারাজীবন হেঁটেছেন। আমরাও সেই একই পথে চলছি। আর কবে হবে এই উপকূলীয় এলাকার বেড়িবাঁধের ওপর ইটের সোলিংয়ের রাস্তা নির্মাণ।’ আক্ষেপ নিয়েই এসব কথা বলছিলেন অশীতিপর বৃদ্ধ খুলনার দাকোপের ৫ নম্বর সুতারখালী ইউনিয়নের গুনারী গ্রামের বাসিন্দা মোজাম
আলী মীর।
খোঁজ নিয়ে জানা গেছে, উপকূলীয় বাসিন্দাদের জানমাল রক্ষায় ছয় দশক আগে পাউবো কর্তৃপক্ষ খুলনার দাকোপের পৃথক তিনটি দ্বীপে (পোল্ডার) ঘিরে ১৪৯ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করে। দীর্ঘদিনেও পাউবো কর্তৃপক্ষ এ বাঁধগুলো সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার জলোচ্ছ্বাসে সমুদ্র উপকূলীয় দাকোপ (৩১, ৩২ ও ৩৩ নম্বর পোল্ডার) উপজেলার প্রায় ৪৭ কিলোমিটার বেড়িবাঁধ নদীতে বিলীন হয়। পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের অর্থায়নে পাউবো ৩২ ও ৩৩ নম্বর পোল্ডারের প্রায় ৯৮ কিলোমিটার বেড়িবাঁধ নতুন করে নির্মাণ করে। তবে গত শতাব্দীর ষাটের দশকে নির্মিত ৩১ নম্বর পোল্ডারের বাঁধগুলো সংস্কার না করায় আজও একই অবস্থায় পড়ে রয়েছে।
পাউবোর বেড়িবাঁধে ইটের রাস্তা নির্মাণ না হওয়ায় বর্ষা মৌসুমে গ্রামের বাসিন্দাদের নানা দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে স্কুলগামী কোমলমতি ছেলেমেয়েরা কর্দমাক্ত রাস্তায় চলতে গিয়ি পা পিছলে পড়ে বই, খাতা ও জামাকাপড় নষ্ট হওয়ায় তারা নিয়মিত স্কুলে উপস্থিত হতে পারে না। এ কারণেই এ বর্ষা মৌসুমে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতিও কিছুটা কম হচ্ছে বলে জানান গুনারী হরিমহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মজিদ মীর।
বানিশান্তা গ্রামের দুধ বিক্রেতা প্রবীর মণ্ডল বলেন, প্রতিদিন তাঁকে কয়েক কিলোমিটার হেঁটে দোকানে এবং বাড়ি বাড়ি দুধ বিক্রি করতে হয়। বর্ষা মৌসুমে কর্দমাক্ত রাস্তায় তাঁকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় পা পিছলে পড়লে মাথায় থাকা দুধের কলস পড়ে যায়। দ্রুত বেড়িবাঁধের রাস্তায় ইটের সোলিং দেওয়ার দাবি জানান তিনি।
দাকোপ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ইতোমধ্যে উপজেলার পাউবোর ৩১ নম্বর পোল্ডারের বেড়িবাঁধে ৭ কিলোমিটার এইচবিবি রাস্তা ও ২ কিলোমিটার কার্পেটিং রাস্তা, ৩২ পোল্ডারে ৪ কিলোমিটার কার্পেটিং ও ৫ কিলোমিটার এইচবিবি রাস্তা এবং ৩৩ নম্বর পোল্ডারে ১৮ কিলোমিটার এইচবিবি এবং ৬ কিলোমিটার কার্পেটিং রাস্তা নির্মাণ করা সম্ভব হয়েছে। আগামীতে বেড়িবাঁধের সম্পূর্ণ অংশেই ইটের সোলিং এবং পিচের রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে।
পাউবো বিভাগ-২-এর খুলনা নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, উপকূলীয় বাসিন্দাদের জানমাল রক্ষার্থে পাউবো কর্তৃপক্ষ শুধু বেড়িবাঁধ নির্মাণ করে থাকে। এ বাঁধগুলোতে ইটের রাস্তা বা পিচের রাস্তা তৈরির দায়িত্ব তাদের নয়। ইটের সোলিং বা পিচের রাস্তা নির্মাণের দায়িত্ব এলজিইডি, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের।
খুলনা সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. ফরিদউদ্দিন জানান, তাঁর জানামতে দাকোপ উপজেলার বেড়িবাঁধে নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় ১০ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। আগামীতে উপজেলার সব বেড়িবাঁধে পিচ ঢালাই রাস্তা নির্মাণের জন্য পরিকল্পনা রয়েছে সওজের।