স্টাফ রিপোর্টার।।
রাজনৈতিক ডামাডোলে স্থবির হয়ে পড়েছে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ রবিউল ইসলাম রবি হত্যা মামলার তদন্ত। গত দুই মাসেও মামলাটির তেমন অগ্রগতি হয়নি। হত্যার সঙ্গে জড়িত সবাই গ্রেপ্তার হয়নি, উদ্ধার হয়নি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। এ ছাড়া উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন দুই আসামি। হত্যার কারণও উদঘাটন করতে পারেনি পুলিশ। এ নিয়ে ক্ষুব্ধ নিহতের স্বজন ও এলাকাবাসী।
গত ৬ জুলাই রাতে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইউপি চেয়ারম্যান রবি নিহত হন। এ ঘটনায় তাঁর স্ত্রী শায়লা ইরিন বাদী হয়ে পরদিন ডুমুরিয়া থানায় হত্যা মামলা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ৮ জুলাই মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশ্বাস প্রপার্টিজের মালিক
আজগর বিশ্বাস তারা এবং সন্দেহভাজন আসামি সাইফুল ইসলাম সরদার ওরফে কিলার বাবুকে পুলিশ গ্রেপ্তার করে। ওই দিন তারা বিশ্বাসের
অফিসে তল্লাশি চালিয়ে তাঁর অস্ত্রের লাইসেন্স, শটগান, ৫৭ রাউন্ড গুলি ও ৯ রাউন্ড গুলির খোসা জব্দ করে। ৯ জুলাই তাদের ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ১১ জুলাই তারা বিশ্বাসের অফিস ও বাসায় পুলিশ তল্লাশি চালিয়ে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের কম্পিউটার হার্ডডিস্ক জব্দ করে।
এ ছাড়া ৮ জুলাই গ্রেপ্তার করা হয় মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি মো. আল ফোরকান খানকে। তাঁকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আসামিরা পুলিশের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা কিংবা হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য দিয়েছেন কিনা, তা এখনও রহস্যাবৃত।
মামলার এজাহারভুক্ত আসামি এইচ এম উবাঈদ উল্লাহ ও তাঁর ভাই ওয়ালী উল্লাহ, আল মামুন সানা, রফিক শেখ, আলামিন শেখকে পুলিশ প্রথম দিকে গ্রেপ্তার করতে পারেনি। এর মধ্যে উবাঈদ একাধিকবার ইউপি নির্বাচনে রবির কাছে পরাজিত হয়েছিলেন। এ ছাড়া কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে মামলার বাদী শায়লা ইরিন বলেন, পুলিশ মামলার অগ্রগতি সম্পর্কে আমাদের কিছুই জানাচ্ছে না।
এ ব্যাপারে ডুমুরিয়া থানার ওসি এম এ হক জানান, মামলাটিতে এ পর্যন্ত তিনজন গ্রেপ্তার হয়েছেন। কয়েকজন আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। হত্যাকারীদের গ্রেপ্তার ও হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।











































