স্পোর্টস ডেস্ক।।
সহজ জয় দিয়ে ইউএস ওপেন শুরু করলেন নোভাক জোকোভিচ। এ জয়ে একটি রেকর্ডে রজার ফেদেরারকে ছুঁলেন সার্বিয়ান তারকা।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম রাউন্ডে ৬-২, ৬-২ ও ৬-৪ সেটে মলদোভার রাদু অ্যালবটকে হারালেন জোকোভিচ। যদিও তিনি ১০টি ডাবল ফল্ট এবং ৪০টি আনফোর্সড এরর করেছেন। তার প্রথম সার্ভের মাত্র ৪৭ শতাংশ সঠিক হয়েছে।
দুই ঘণ্টা সাত মিনিটে ম্যাচ জেতার পর জোকোভিচ বলেন, ‘আমি যে ভাবে এই প্রতিযোগিতা শুরু করতে চেয়েছিলাম, সে ভাবেই করতে পেরেছি। কিছু জায়গা এ দিক ও দিক হয়েছে, তবে সেটা হতেই পারে। অলিম্পিক্সে ক্লে কোর্টে খেলছিলাম। সেখান থেকে হার্ড কোর্টে খেলতে গেল একটু গণ্ডগোল হতেই পারে। গত ছ’মাসে আমি হার্ড কোর্টে একটা ম্যাচও খেলিনি। এই কোর্টে খেলার অভ্যেসটা ফিরিয়ে আনতে হবে।’
২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে জোকোভিচ। ইউএস ওপেনে এটি তার ৮৯তম ম্যাচ জয়। ছুঁয়ে ফেললেন রজার ফেদেরারকে। তবে শীর্ষে জিমি কনর্স। তিনি এই গ্র্যান্ড স্ল্যামে ৯৮টি ম্যাচ জিতেছেন। পরের ম্যাচ জোকোভিচ খেলবেন নিজের দেশের লাসলো জেরের বিপক্ষে।
২০১১ সালে প্রথম বার ইউএস ওপেন জিতেছিলেন জোকোভিচ। এখনও পর্যন্ত চার বার এই গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। গত বার চ্যাম্পিয়ন হয়েছিলেন।










































