স্টাফ রিপোর্টার।।
দল থেকে পদত্যাগের প্রায় তিন বছর পর নিজেকে বিএনপি নেতা দাবী করে খুলনা চেম্বার অব কমার্স দখলের অপচেষ্টাকারী আরিফুর রহমান মিঠুর বিরুদ্ধে পকেটমারার অভিযোগ এনে খুলনা সদর থানা এজাহার দাখিল হয়েছে। এজাহারকারী খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক মোশারফ হোসেন ২৫ আগস্ট বাদী হয়ে এজাহার করেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এজাহারে বাদী মেসার্স হিমেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী উল্লেখ করেন গত ২৫ আগস্ট দুপুর সাড়ে ১২টায় এস এম আরিফুর রহমান মিঠু খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র কার্যালয়ে থেকে বের হয়ে যাবার সময়ে চেম্বারের নীচতলার প্রধান গেট থেকে বাদীর সাথে মিঠুর কুশল বিনিময়ের এক পর্যায়ে মিঠু অপমানজনক ও উচ্ছৃঙ্খল আচরণ করে এবং বাদীর প্যান্টের পেছন পকেটে ২১,০০০/= (একুশ হাজার) টাকা ছিল যার সবটাই নিয়ে মিঠু দ্রুত চলে যায়। বাদী কিছু বুঝে উঠতে পারার আগেই ঘটনাটি ঘটে বিধায় তৎক্ষণাৎ কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। ঘটনাটির প্রত্যক্ষদর্শী দুইজন স্বাক্ষী আছে।
৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করে নিজেকে বিএনপি নেতা জাহির করে নগরীতে বেসামাল কর্মকান্ড শুরু করেন মিঠু। মোটরসাইকেলের বহর নিয়ে তিনি আরাফাত এলাকার বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও দুটি দোকান লুটপাট করেন। মহানগর বিএনপি মিঠু দলের কেউ না উল্লেখ করে তার বেসামাল কর্মকান্ডকে শক্তহস্তে দমনের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েকজন জানান, ২০২১ সালে ২৫ডিসেম্বর খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন এস এম আরিফুর রহমান মিঠু। এরপর তিনি সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাইদের সাথে সু-সর্ম্পক গড়ে তুলে নিজের ভাগ্য পরিবর্তনে সক্ষম হয়। শেখ পরিবারের সহায়তায় ব্যাংক লোন নিয়ে গড়ে তোলেন আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। নিজেই ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান।
এদিকে এজাহার সম্পর্কে খুলনা থানার ওসি কামাল হোসেন জানান, গত ২৫ তারিখে বাদী লিখিত এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।











































