স্টাফ রিপোর্টার।।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর খুলনা বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ করেন উপাচার্যসহ ৭০ শিক্ষক-কর্মকর্তা। যাদের অনেকেই বিভিন্ন দফতরের দায়িত্বে ছিলেন। উপ-উপাচার্য, কোক্ষাধ্যক্ষ ও রেজিস্ট্রার না থাকায় স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম। ফলে কার্যতই বর্তমানে অভিভাবকশূন্য হয়ে পড়েছে ক্যাম্পাস। অচালবস্থা নিরসনে শিগগিরই উপাচার্য নিয়োগের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।
আরও পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ৫টি হলের প্রভোস্ট, সিন্ডিকেটের দুইজন সদস্য, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক, আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালকরা ও বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক।
খুবির সদ্য বিদায়ী উপাচার্য কোটা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত কঠিন অবস্থার মুখেও সাহসের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেননি কোনো পুলিশ, হতে দেননি রাজনৈতিক হস্তক্ষেপ। ক্যাম্পাসে যাতে পুলিশ না ঢোকে সেজন্য সে কঠিন চাপের মুখেও তিনি ছিলেন অনড়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মো. নাঈম মল্লিক বলেন, ‘আমাদের আন্দোলনটাই ছিল দেশ সাম্য-সমতার ভিত্তিতে গঠিত হবে। ভিসি স্যার পলিটিক্যালভাবে নিয়োগপ্রাপ্ত তারপরও তিনি পলিটিক্যাল চর্চা কখনো করেননি। তাই আমরা দাবি করেছিলাম ভিসি স্যারকে থেকে যাওয়ার জন্য। তিনি যেন পদত্যাগ না করেন। যেহেতু ভিসি স্যারের সবাইকে নিয়ে কাজ করতে হয়। আমরা দাবি করেছিলাম অন্যদের বাদ দিতে। তাই তিনি কাজ না করার অপরাগতা প্রকাশ করে পদত্যাগ করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই দ্রুত নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন আসুক এবং একাডেমিক কার্যক্রম শুরু হোক। ছাত্র রাজনীতি নিষিদ্ধের মতো শিক্ষক রাজনীতিও বন্ধ হোক, যোগ করেন তিনি।’
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য উপাচার্য নিয়োগ অত্যন্ত জরুরি। যিনিই দায়িত্বে আসুক তার নির্দেশনায় ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয় আরও সমৃদ্ধ হয়ে উঠবে বলে প্রত্যাশার কথা জানান তিনি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদ ও ২৯টি বিভাগে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজার।











































