স্টাফ রিপোর্টার
খুলনায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতে প্রয়োজন ৬০ কোটি ৭৪ লাখ টাকা;কিন্তু বরাদ্দ এসেছে মাত্র সাড়ে ৮ কোটি টাকা। বরাদ্দের অভাবে ৩ মাস পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত ৩৫ কিলোমিটার বাঁধ মেরামত কাজ শুরু করা যায়নি।
এদিকে টানা বৃষ্টি ও পূর্ণিনার গোনের কারণে নদীতে জোয়ারের উচ্চতা বেড়ে গেছে। এতে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঁধগুলো। যে কোনো সময় বাঁধ ভেঙে লোকালয়ে প্লাবনের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় বাঁধ মেরামতে ব্যয় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে খুলনার কয়রা, দাকোপ, পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলার ১২৭টি পয়েন্টে ৪৫ দশমিক ৩২ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। বাঁধ সংস্কারের জন্য ৬০ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দ চেয়ে অধিদপ্তরে চিঠি পাঠানো হয়। কিন্তু এ পর্যন্ত বরাদ্দ পাওয়া গেছে মাত্র সাড়ে ৮ কোটি টাকা। যা দিয়ে অধিক ঝুঁকিপূর্ণ ১০ কিলোমিটার মেরামত কাজ চলমান। বাকি অর্থ বরাদ্দ না মেলায় ক্ষতিগ্রস্ত ৩৫ কিলোমিটার বাঁধে কাজ শুরু করা যায়নি।
সরেজমিন দেখা গেছে, দাকোপ উপজেলার বটবুনিয়া বাজার, ঝালবুনিয়া, কামিনীবাসিয়া, তেঁতুলতলা, মোজামনগর, মৌখালী, পানখালী ফেরিঘাটের পূর্ব পাশ, লক্ষ্মীখোলা পিচের মাথা ও খলিসা এলাকায় বেড়িবাঁধ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে খলিসা এলাকায় গত বৃহস্পতিবার বেড়িবাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হলে এলাকাবাসী মাটি দিয়ে ভাঙন ঠেকায়।
কয়রার মদিনাবাদ লঞ্চঘাট থেকে তহশিল অফিসের দিকে যাওয়ার পথে চাকলা খেয়াঘাট এলাকা, ঘাটাখালী গ্রামের খুটিকাটা খেয়াঘাট থেকে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী এলাকা, নয়ানি স্লুইসগেট, ২ নম্বর কয়রা স্লুইসগেট, চরামুখা ও হরিহরপুর গ্রামের বেড়িবাঁধ জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
গত রোববার রাতে বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের ভগবতীপুর গ্রামে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধে ফাটল দেখা দেয়। সোমবার ফজরের নামাজের সময় বিভিন্ন মসজিদে মাইকিং করে লোকজনকে বাঁধ মেরামত কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। ৫ হাজারেরও বেশি মানুষ কোদাল-ঝুড়ি এবং একটি ভেকু দিয়ে মাটি কেটে বাঁধে দিয়ে ভাঙন ঠেকিয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা উপজেলার কালীনগর গ্রামে বাঁধ ভেঙে ১৩টি গ্রাম প্লাবিত হয়। পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় গ্রামের ৪ হাজার বাসিন্দা বাঁধ মেরামত করলেও ভদ্রা নদীতে জোয়ারের পানি থাকায় ঝুঁকি রয়েই গেছে।
পাইকগাছার দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল জানান, পানির চাপ বেড়ে যাওয়ায় আগে থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। এতে ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ৫ দিনের চেষ্টায় বাঁধ মেরামত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, যে অর্থ বরাদ্দ পাওয়া গেছে, তা দিয়ে ১০ কিলোমিটার বেড়িবাঁধ মেরামত করা হচ্ছে। বাকি অর্থ বরাদ্দ পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত অংশও মেরামত করা হবে।











































