স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত এক জয়ের পরও দুঃসংবাদ শুনতে হচ্ছে বাংলাদেশকে। স্লো ওভার রেটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্টও হাতছাড়া হয়েছে টাইগারদের। পয়েন্ট জরিমানা হয়েছে পাকিস্তানেরও। একই ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুঁড়ে মারায় সাকিব আল হাসানকে শাস্তি দিয়েছে আইসিসি। জরিমানা ও ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে সাকিব আল হাসানের নামের সঙ্গে।
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে স্লো ওভাররেটের জন্য দোষী সাব্যস্ত হওয়ায় বাংলাদেশ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনায় ধাক্কা খেয়েছে। স্বাগতিক পাকিস্তান এই টেস্টের সময় স্লো ওভার রেটের জন্য ৬ পয়েন্ট হারিয়েছে। আর বাংলাদেশ হারিয়েছে ৩ পয়েন্ট। ফলে বাংলাদেশ ২৪ থেকে ২১ পয়েন্টে নেমে গেছে। এর আগে তালিকার পাঁচে থাকা শ্রীলঙ্কার সমান ছিল বাংলাদেশের পয়েন্ট। ৫ ম্যাচে ২ জয় ও ৩ হার নিয়ে দুই দলেরই পয়েন্ট ছিল ২৪।
পয়েন্ট কেটে নেওয়া ছাড়াও পাকিস্তানকে তাদের ম্যাচ ফির ৩০% এবং বাংলাদেশকে ১৫% জরিমানা করা হয়েছে।
এই জরিমানা ও পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ এবং বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মেনে নিয়েছেন এবং নিজেদের দোষ স্বীকার করেছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি বলে জানিয়েছে আইসিসি ক্রিকেট ডটকম।
ম্যাচে বাজে আচরণ করে জরিমানা গুনলেন সাকিব আল হাসানও। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারে মুহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুড়ে মারেন সাকিব। ফলে তার ম্যাচ ফি থেকে ১০% জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের দায়ে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে। সাকিবকে আইসিসি কোড অব কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের ধারা ২.৯ অনুসারে শাস্তি দেওয়া হয়। এই ধারায় জরিমানার কারণ হিসেবে আছে, ‘একজন খেলোয়াড়কে ক্রিকেট সরঞ্জাম বা পানির বোতল নিক্ষেপ করলে জরিমানা হবে। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন কর্মী, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো তৃতীয় ব্যক্তি বিপজ্জনক পদ্ধতিতে এই কাজ করলে এই জরিমানার মুখোমুখি হবেন।’











































