স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দুর্দান্ত এই জয়ে অন্যতম ভূমিকা রেখেছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস।
পুরো ম্যাচে বাবর আজমের একটি ক্যাচই মিস করেছেন লিটন। এর বাইরে লিটনের গ্লাভস ছিল অত্যন্ত বিশ্বস্ত। দুই ইনিংসে দুইটি স্টাম্পিংসহ ম্যাচে মোট ৬টি ডিসমিসাল করেছেন লিটন। বোলারদের দিক-নির্দেশনা কিংবা ফিল্ডিং সাজানোতেও লিটনের অসামান্য অবদান ছিল।
ব্যাটিংয়ে লিটনের ইনিংস কম কৃতিত্বপূর্ণ নয়। প্রথম ইনিংসে তার আগ্রাসী ৫৬ রানের ইনিংসে বড় ভরসা পায় বাংলাদেশ। মাত্র ৭৮ বলে ৮টি চার ও ১ ছক্কায় এই ইনিংস খেলেন তিনি। এর মধ্যে নাসিম শাহর করা এক ওভারেই ৩টি চার ও ১ ছক্কা মারেন লিটন। গুরুত্বপূর্ণ সময়ে মুশফিকুর রহিমের সঙ্গে ১১৪ রানের জুটি গড়েন তিনি।
ম্যাচ উপলক্ষে বেশ কয়েকটি পুরস্কারের ব্যবস্থা ছিল। সাধারণ নিয়মেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মুশফিক। এছাড়া ম্যাচের সেরা বোলারের পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ, ‘আউটস্টান্ডিং পারফরম্যান্স অব দি ম্যাচ’ পুরস্কার জিতেছেন পাকিস্তানের সৌদ শাকিল ও ‘এনার্জেটিক ব্যাটার অব দি ম্যাচ’ পুরস্কার পেয়েছেন লিটন।
পুরস্কারের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে লিটন তার ক্যাপশনে লেখেন, ‘পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমত উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে। আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরষ্কার হিসাবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য দেবার ঘোষণা দিচ্ছি। যারা দেশে আছেন, তাঁরা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ, তত ঐক্য। বাংলাদেশ হারবে না।’











































