Home খেলাধুলা ‘এই ঐতিহাসিক জয় জনগণের জন্য কিছুটা হলেও স্বস্তির’

‘এই ঐতিহাসিক জয় জনগণের জন্য কিছুটা হলেও স্বস্তির’

20


স্পোর্টস ডেস্ক

বড় ধরনের ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ। ফেনী-নোয়াখালীসহ আশেপাশের জেলা হঠাৎ বন্যায় বিপর্যস্ত। দেশ যখন এই ক্রান্তিকাল অতিক্রম করছে, তখনই কিছুটা স্বস্তির উপলক্ষ এনে দিয়েছে ক্রিকেট। পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে টেস্টে এক ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।

জয়ের পর নাজমুল হোসেন শান্তর দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনন্দন বার্তায় আসিফ মাহমুদ লেখেন, ‘পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানাই।’

আসিফ তার স্ট্যাটাসে আরও লেখেন, ‘ দেশের সার্বিক সংকটাপন্ন পরিস্থিতি এবং বন্যার ফলে সৃষ্ট ক্রান্তিকালে এই ঐতিহাসিক জয় জনগণের জন্য কিছুটা হলেও স্বস্তির। জাতীয় ক্রিকেট দলের পরবর্তী টেস্ট ম্যাচসহ ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। একইসাথে বন্যা পরিস্থিতি মোকাবিলায় জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস জারি রাখার আহ্বান জানাচ্ছি।’

রাওয়ালপিন্ডিতে আজ পাকিস্তানকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। জবাবে প্রথম ইনিংসে ৫৬৫ রান তুলে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগাররা লিড পায় ১১৭ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। তাতে ২৯ রানের লিড দাঁড়ায় স্বাগতিকদের। ৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯১ রান করে ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রহিম।