স্পোর্টস ডেস্ক
সামাজিক যোগাযোগযোগমাধ্যমে প্রভাবের দিক বিবেচনা করলে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির চেয়ে যে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ঢের এগিয়ে সেটি সবারই জানা। অন্তত, অনুসারী সংখ্যা সেটারই সাক্ষ্য দেয়। এবার ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও দেখা গেল একই চিত্র।
১৮ বছর আগে ইউটিউব চ্যানেল খুলেছিলেন মেসি। গতকাল রাত ১১টা পর্যন্ত মেসির অনুসারী সংখ্যা ছিল ২.১৬ মিলিয়ন বা ২১ লাখ ৬০ হাজার। এই সময়ে ২০৭টি ভিডিও আপলোড করেছেন মেসি। সেখানে মেসির এই অনুসারী সংখ্যা ২ ঘণ্টায়ই ছাড়িয়ে গেলেন রোনালদো। গতকাল ইউটিউব চ্যানেল খেলার ২ ঘণ্টার মধ্যে রোনালদো অনুসারী সংখ্যা দাঁড়ায় ২১ লাখ ৭০ হাজারে।
গতকাল ইউটিউব চ্যানেল খোলার পর ১ ঘণ্টায়ই রোনালদোর অনুসারী সংখ্যা দাঁড়ায় ১০ লাখে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যা বিশ্বরেকর্ড। প্রথম দিনে এই সংখ্যা ১ কোটি ২৫ লাখ ছাড়ায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি ১ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে। এর আগে, এত অল্প সময়ে অনুসারী সংখ্যায় এমন বিস্ফোরণ আর দেখা যায়নি।
রোনালদোর ইউটিউব চ্যানেলের নাম ‘ইউআর ক্রিস্টিয়ানো’। এই নাম লিখে গুগল বা ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যাবে রোনালদো ইউটিউব চ্যানেল। চ্যানেলের ডেসক্রিপশনে লেখা আছে, ‘ইউআর ক্রিস্টিয়ানোয় স্বাগত, এটা ক্রিস্টিয়ানো রোনালদোর অফিশিয়াল ইউটিউব চ্যানেল।’
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) রোনালদো অনুসারী ১১ কোটি ২৫ লাখ। ফেসবুকে রোনালদোকে অনুসরণ করেন ১৭ কোটি ভক্ত। তবে সবচাইতে বেশি ইনস্টাগ্রামে। এই সামাজিক যোগাযোগমাধ্যমে আল-নাসরে খেলা এই তারকাকে অনুসরণ করেন ৬৩ কোটি ৬০ লাখ ভক্ত।










































