Home আঞ্চলিক পাইকগাছায় বেড়িবাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত

পাইকগাছায় বেড়িবাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত

21


স্টাফ রিপোর্টার।।
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালীনগর গ্রামে আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বেড়িবাঁধ ভেঙ্গে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন এই এলাকার প্রায় ৬ হাজার মানুষ। তলিয়ে গেছে চিংড়ি ঘের ও ফসলি জমি।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম জানান, দুপুরে জোয়ারের সময় কালীনগর গ্রামে প্রায় ৩০ মিটার বেড়িবাঁধ ভেঙে যায়। এরপর জোয়ারের পানি আশপাশের গ্রামগুলোতে প্রবেশ করে। জোয়ার শেষ হলে বেড়িবাঁধ মেরামত কাজ শুরু করা হবে।

তিনি আরও জানান, পূর্ণিমার কারণে উপকূলীয় এলাকার নদীতে জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট বেড়েছে। সে কারণে দাকোপ, কয়রা, পাইকগাছা ও বটিয়াঘাটার কয়েকটি স্থানে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেগুলোও দ্রুত মেরামত কাজ শুরু করা হচ্ছে। আগামী ২ থেকে ৩ দিন জোয়ারের পানির উচ্চতা বেশি থাকবে।

দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, বেড়িবাঁধ ভেঙে কালীনগর, দারুল মল্লিক, হরিণখোলা, সৈয়দখালি ও সেনেরবেড় গ্রাম প্লাবিত হয়েছে। এতে গ্রামগুলোর প্রায় ৬ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এখন নদীতে ভাটা, স্থানীয় লোকজন বেড়িবাঁধ মেরামতের জন্য জড়ো হয়েছেন। যদি মেরামত করা না যায়, তাহলে পরের জোয়ারের সময় ১৩টি গ্রামের ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনিন জানান, বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। যে স্থানে বেড়িবাঁধ ভেঙেছে ওই জায়গা ঘূর্ণিঝড় রিমালের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল।