Home আঞ্চলিক পাঁচ বছর আগে ‘গুম’ বিএনপিকর্মীর সন্ধান চায় পরিবার

পাঁচ বছর আগে ‘গুম’ বিএনপিকর্মীর সন্ধান চায় পরিবার

24


স্টাফ রিপোর্টার।।

পাঁচ বছর আগে ‘গুম’ হওয়া খুলনার বিএনপিকর্মী আবুল কালাম আজাদ বাবুর (৪০) এখনও খোঁজ মেলেনি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন, নাকি মারা গেছেন, জানে না তাঁর পরিবার। হাসিনা সরকারের পতনের পর ‘গুম’ হওয়া কেউ কেউ পরিবারের কাছে ফেরায় এখন নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন বাবুর স্বজন।

‘নিখোঁজ’ বাবু খুলনা সদর থানার কাশেমনগর এলাকার ৪ নম্বর সড়কের বাইলেনের মৃত সাইদ মিয়ার ছেলে। বাবুর বড় ভাই ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর জানান, ২০১৯ সালের ২০ জানুয়ারি সন্ধ্যায় বাবু বাড়ির সামনে ছিল। এ সময় সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৫-৬ জন তাকে তুলে নিয়ে যায়। রাতে এবং পরদিন সকালে আমরা খালিশপুরে ডিবি কার্যালয়, খুলনা সদর থানা এবং মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরে গিয়ে তার খোঁজ পাইনি। পুলিশ সদস্যরা দাবি করেন, বাবু নামে কাউকে তারা আটক করেননি।

হুমায়ুন কবীর জানান, বাবু রাজমিস্ত্রির কাজ করত। আমার সঙ্গে বিএনপির মিছিল-মিটিংয়ে গেলেও তার বিরুদ্ধে থানায় মামলা বা জিডি নেই। বাবু নিখোঁজ হওয়ার পর সে বছরের ২৫ জানুয়ারি খুলনা সদর থানা অভিযোগটি জিডি হিসেবে নেয়। এর পর কিছুদিন পুলিশ তদন্ত করলেও তাতে কোনো অগ্রগতি হয়নি; বাবুরও খোঁজ মেলেনি।

বাবুর স্ত্রী নিলুফা বেগমকে খুলনা মহানগর বিএনপি একটি সেলাই মেশিন দিয়েছিল। তা দিয়ে কাজ করার পাশাপাশি অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে চলে তাঁর সংসার। বড় ছেলে মো. শাওন (২২) ইলেকট্রিক মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে। ছোট ছেলে মো. রুম্মান (১০) মাদ্রাসায় পড়ে। তার লেখাপড়ার খরচ যোগাতে হিমশিম খাচ্ছেন বড় ভাই ও মা।

নিলুফা বেগম বলেন, আমার স্বামীকে ওরা ধরে মাথায় হেলমেট পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। তাকে নিয়ে যাওয়ার এক ঘণ্টা পর ডিবির দুই কর্মকর্তা আবার এসে আমার বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির সবার নাম-ঠিকানা লিখে নিয়ে যায়।

বাবুর ভাই হুমায়ুন কবীর বলেন, কী কারণে বাবুকে ধরে নিয়ে গিয়ে ‘গুম’ করা হয়, তা আমরা আজও জানি না। সরকার পরিবর্তনের পর আমরা বিভিন্ন জায়গায় বাবুকে খোঁজাখুঁজি করছি। ঢাকার আয়নাঘরেও খোঁজ নিয়েছি।

বাবুর মা আলেয়া বেগম বলেন, ছেলে বেঁচে থাকলে ওকে ফিরিয়ে দিক, আর মেরে ফেললে অন্তত লাশটা ফেরত দিকে। আমরা কবর দিই।

এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, ২০১৯ সালে আমি খুলনায় ছিলাম না। ফলে তখন কী হয়েছে তা আমার জানা নেই। খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার বিএম নুরুজ্জামান বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব।