Home খেলাধুলা বিশ্বকাপ আয়োজনে জাতিসংঘের সঙ্গে বসবে বাংলাদেশ

বিশ্বকাপ আয়োজনে জাতিসংঘের সঙ্গে বসবে বাংলাদেশ

20


স্পোর্টস ডেস্ক।।
ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। দেশের রাজনৈতিক অস্থিরতায় হুমকির মুখে পড়েছে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন।

চলমান অবস্থার কারণে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত এবং নিউজিল্যান্ড। এই চারটি দেশ থেকেই অক্টোবরে নারী ক্রিকেটারদের বাংলাদেশে সফর করার কথা। অক্টোবরে বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এখন বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বাংলাদেশে চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তারা বিকল্প ভেন্যুর কথাও ভাবতে শুরু করেছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এখনও বাংলাদেশেই বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে আশাবাদী। এজন্য তিনি জাতিসংঘের সাহায্য নিতেও রাজি।

চার দেশের ভ্রমণ নিষেধাজ্ঞাকেই আপাতত বিশ্বকাপের আয়োজনে বড় বাঁধা হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর চার দেশকে রাজি করাতেই বৈশ্বিক সংস্থার কাছে যাবেন নতুন ক্রীড়া উপদেষ্টা। যদিও ভ্রমণ নিষেধাজ্ঞা ও সতর্কতার বিষয়টি পুরোপুরি সরকারের হাতে। এক্ষেত্রে ক্রিকেট বোর্ডের খুব একটা হস্তক্ষেপের সুযোগ নেই। আর তাইতো পুরো বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাহায্য চান ক্রীড়া উপদেষ্টা।

নিজের দায়িত্ব নেয়ার প্রথম দিনে বিশ্বকাপ নিয়েই আলাপে সময় কাটিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, ‘কিছু দেশের ভ্রমণের নিষেধাজ্ঞা দেয়া আছে। তাই আমরা জাতিসংঘের সঙ্গে আলাপ করবো। নিরাপত্তা এবং অবকাঠামো নিয়ে কিছু ইস্যু আছে। আর আমরা এটা নিয়ে প্রফেসর ইউনূসের সঙ্গে আলাপ করব। তিনি ক্রীড়াপ্রেমী মানুষ এবং আশা করি তিনি বিষয়টি সমাধান করতে সক্ষম হবেন।’