Home খেলাধুলা জুলাই মাসের সেরা অ্যাটকিনসন-আতাপাত্তু

জুলাই মাসের সেরা অ্যাটকিনসন-আতাপাত্তু

18


স্পোর্টস ডেস্ক।।

সবশেষ জুলাইয়ে বল হাতে আগুন ঝড়িয়েছেন ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন। যার পুরস্কারও পেলেন বৈচিত্র্যময় এই বোলার। জিতেছেন মাসসেরার পুরস্কার। ব্যাট ও নেতৃত্ব দিয়ে গত মাসেই শ্রীলংকাকে এশিয়া কাপ জিতিয়েছেন শ্রীলংকার নারী ক্রিকেট দলের অধিনায়ক চামারি আতাপাত্তু। মাসসেরা হয়েছেন তিনিও।

মাসসেরার লড়াইয়ে ইংল্যান্ড পেসার অ্যাটকিনসন পেছনে ফেলেছেন ভারতের স্পিনার ওয়াশিংটন সুন্দর ও স্কটল্যান্ড পেসার চার্লি ক্যাসেলকে। আর আতাপাত্তুর কাছে হেরে গেছেন গত মাসে এশিয়া কাপের ফাইনাল খেলা ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা।

গত মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্টে অভিষেক হয় অ্যাটকিনসনের। অভিষেক টেস্টেই গতি আর লাইন-লেন্থের অপূর্ব সমন্বয়ে ১২ উইকেট তুলে নেন তিনি। পরের দুই টেস্টে আরও ১০ উইকেট শিকার করেন এই পেসার।

অন্যদিকে, শ্রীলংকাকে প্রথমবারের মতো এশিয়া কাপ জেতানোর পথে আতাপাত্তু ব্যাট হাতে ছড়িয়েছেন রানের ফুলকি। টুর্নামেন্টে ১৪৬.৮৫ স্ট্রাইক রেটে ৩০৪ রান এসেছে এই টপ অর্ডার ব্যাটারের কাছ থেকে। এছাড়া তিনটি উইকেটও শিকার করেন তিনি। ফলে টুর্নামেন্টসেরার পুরস্কারও তার হাতে ওঠে। এর আগেও এই পুরস্কার জিতেছেন এই ব্যাটার।