স্পোর্টস ডেস্ক
২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে দিয়েছিল ভারত। সেই সিরিজে ভারতকে নাকি খুবই অবহেলা করা হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব তথ্য জানালেন সেই সিরিজে ভারত স্কোয়াডের শার্দূল ঠাকুর।
অস্ট্রেলিয়ার মাটিতে সেই সিরিজে ভারতের কোচ ও অধিনায়ক (ভারপ্রাপ্ত) ছিলেন যথাক্রমে রবি শাস্ত্রী ও আজিঙ্কা রাহানে। তারা দুইজন ‘ক্রিকেট অস্ট্রেলিয়া’র সঙ্গে বিষয়টি নিয়ে নিয়মিত বাকযুদ্ধ করেছেন বলেও জানালেন শার্দুল। এছাড়া তখনকার অজি অধিনায়ক টিম পেইনকে মিথ্যাবাদী হিসেবেও আখ্যায়িত করেছেন শার্দূল।
শার্দূল বলেন, ‘তারা আমাদের সাথে যেভাবে আচরণ করেছিল তা খুবই বাজে ছিল। আপনি যদি বিছানার চাদর পরিবর্তন করতে চান, আপনাকে ক্লান্ত অবস্থায়ও পাঁচ তলা পর্যন্ত হাঁটতে হবে।’
ভারতের এই অলরাউন্ডার আরও জানিয়েছেন, কুইনসল্যান্ডের (অস্ট্রেলিয়ার একটি অঙ্গরাজ্য) সরকার বলেছিলেন তারা ভারতকে আমন্ত্রণ (টেস্ট খেলতে) জানিয়ে খুশি নন।’
শার্দূল এরপর কথা বলেন টিম পেইনের দেওয়া একটি সাক্ষাৎকার নিয়ে। পেইনকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘আমি টিম পেইনের কিছু সাক্ষাৎকার শুনেছি। এই মানুষটা আস্ত মিথ্যা বলছিল, সে মিডিয়াতে গালগল্প দিয়ে নিজেকে বাঁচিয়েছিল।’
চার ম্যাচের সেই সিরিজের শেষ তিনটিতে ছিলেন না তখনকার অধিনায়ক বিরাট কোহলি। সিরিজে বেশ কয়েকটি ইনজুরি উদ্বেগ থাকলেও শেষ হাসি হাসে ভারতই। ব্রিসবেনে শেষ টেস্টে ৩২৯ রানের বড় লক্ষ্য তাড়া করে জিতেছিল দলটি। তবে ম্যাচ জয়ের পর অস্ট্রেলিয়ানদের দিকে তাকাননি বলেও জানান শার্দূল।
ভারতের এই অলরাউন্ডারের ভাষ্য, ‘ইতিহাসে প্রথমবারের মতো জয়ের পর আমরা অস্ট্রেলিয়ানদের দিকে তাকাইওনি। আমরা তাদের বলতে চেয়েছিল, ‘‘যাও এবং তোমরা তোমাদের ড্রেসিংরুমে গিয়ে খুঁজো।’











































