Home আঞ্চলিক মাগুরায় গুলিতে ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৪ জন নিহত

মাগুরায় গুলিতে ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৪ জন নিহত

31


মাগুরা প্রতিনিধি

মাগুরায় গুলিতে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বিসহ ৪ জন নিহত হয়েছেন। নিহত অন্যরা হচ্ছেন- জেলার শ্রীপুর উপজেলার গোলাম মোস্তফার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ এবং মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী সুমন শেখ ও আহাদ মোল্যা।

সংঘর্ষ চলাকালে পুলিশের গুলি ও বিক্ষোভকারীদের ইটপাথরের আঘাতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহত হয়েছেন চার পুলিশ সদস্য এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক রাশেদ খান ও করতোয়া পত্রিকার সাংবাদিক খায়রুল ইসলাম সবুজ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ১ দফা দাবি এবং অবরোধের সমর্থনে মাগুরা শহরের পারনান্দয়ালী এলাকা থেকে একটি মিছিল বের করার চেষ্টা করলে ব্যাপারীপাড়া মোড়ে ব্রিজের উপর পুলিশ এবং ছাত্রলীগ কর্মীরা তাদের বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বুকে গুলির আঘাতে মারাত্মকভাবে জখম হন ছাত্রদল নেতা মেহেদি হাসান রাব্বি। এ ঘটনার পর মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে শহরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুরের পাশাপাশি শহরের ভায়নার মোড়ে জামান অ্যান্ড দত্ত পাম্পে এবং পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়।

এদিকে দুপুর আড়াইটার দিকে পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় নতুন করে পুলিশের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ মাথায় গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

অপরদিকে বেলা ১২টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে বিক্ষোভকারীরা মহম্মদপুর থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, বাসভবন, উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে। পুড়িয়ে দেওয়া হয় ৫০টিরও বেশি মোটরসাইকেল। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ চলাকালে গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন আমিনুর রহমান ডিগ্রি কলেজ শিক্ষার্থী সুমন শেখ এবং আহাদ মোল্যা।

হতাহতের বিষয়ে মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আবদুর রহিম বলেন, মাগুরা শহরে পুলিশ বিক্ষোভকারীদের প্রতি সহানুভূতিশীল হলেও ছাত্রলীগ কর্মীদের ছোড়া গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, দুপুরের পর থেকে শহর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে কাঁদানে গ্যাস এবং শটগান থেকে গুলি করা হলেও কারো মৃত্যু হয়েছে কিনা সেটি এখনই বলা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।