Home আঞ্চলিক ফসলের সাথে শত্রুতা!

ফসলের সাথে শত্রুতা!

8

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে পূর্ব শত্রুতার জেরে আব্দুল আজিজ নামে এক প্রান্তিক কৃষকের দুই বিঘা জমির সবজি ক্ষেত কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ আগষ্ট) কোন একসময় উপজেলার মুন্সিবাড়ি মাঠে এঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল আজিজ উপজেলার মুন্সি খানপুর গ্রামের বাদশা দিদারের ছেলে। বাঁচার একমাত্র সম্বল হারিয়ে ভেঙে পড়েছেন তিনি। রোববার (৯ আগষ্ট) বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন তিনি।

আব্দুল আজিজ বলেন, চল্লিশ হাজার টাকায় দুই বিঘা জমি লিজ নিয়ে পটল ও কাকরোল চাষ করেছি। ইতিমধ্যে গাছে ফলন এসেছে। গাছের ডগায় ডগায় ঝুলছে পটল ও কাকরোল। শুক্রবার দিনভর ক্ষেতে কাজ করেছি। শনিবার আর ক্ষেতে যেতে পারিনি। রোববার ভোরে যেয়ে দেখি ক্ষেতের সব গাছ কাটা। এখন ভরা মৌসুম। সপ্তাহে পাঁচ-ছয় হাজার টাকার সবজি বিক্রি করা যায়। যা দিয়ে আমার সংসার চলে। এখন সব শেষ।

তিনি বলেন, কারো সাথে আমার শত্রুতা নেই। আমার ক্ষেতে গ্রামের দুই নারী কাজ করেন। তাদের একজনকে প্রায়ই বিরক্ত করেন গ্রামের এক যুবক। বিষয়টি জানতে পেরে আমি প্রতিবাদ করেছি। ফলে ক্ষিপ্ত হয়ে ওই যুবক একাজ করতে পারে।

খানপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিলন হোসেন বলেন, খবর পেয়ে আমি সকালে ওই ক্ষেতে গিয়েছি। আব্দুল আজিজের অপূরণীয় ক্ষতি হয়েছে।

মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা হীরক সরকার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন দেখে কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।