স্পোর্টস ডেস্ক
নারী এশিয়া কাপের নবম আসর শেষে পথে। আজ রবিবার ফাইনালের মধ্যদিয়ে আসরটির পর্দা নামবে। যদিও এ টুর্নামেন্টে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। তবে ভারত-শ্রীলংকা ফাইনালে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি।
আজ দুপুর সাড়ে তিনটায় ডাম্বুলায় শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও স্বাগতিক শ্রীলংকা।
শিরোপা নির্ধারণী গুরুত্বপূর্ণ এ ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব সামলাবেন জেসি। এবারের এশিয়া কাপে তিন ম্যাচে অনফিল্ড আম্পায়ার ও দুই ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা গেছে টাইগ্রেসদের সাবেক এই ক্রিকেটারকে।
চলতি বছর মার্চে প্রথমবারের মতো দুই নারী আম্পায়ার জেসি ও মিশু চৌধুরিকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর প্রথমবারের মতো আইসিসিও তাদের আম্পায়ারিং ডেভলপমেন্ট প্যানেলে যুক্ত করে।










































