মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে শহিদুল ইসলাম নামে এক গাজা ব্যবসায়ীকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের কর্মকর্তারা। ওই মাদক ব্যবসায়ী তাদের হ্যান্ডকাপ কেড়ে নিয়ে পালিয়ে গেলেও পুলিশ তাকে আটক করেছে।
মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের বড়ভিটাপাড়ার সোনা উল্লাহ বিশ্বাসের ছেলে শহিদুল দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছে। সম্প্রতি সে বেশকিছু মাদকদ্রব্য মজুত করেছে জানতে পেরে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এসএম জাফরুল আলমের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল রোববার বেলা ১২টার দিকে শহিদুলের বাড়িতে হাজির হয়; কিন্তু তাদের উপস্থিতি বুঝতে পেরে শহিদুল ঘর থকে সড়কি বের করে তাদের ওপর হামলা চালিয়ে হ্যান্ডক্যাপ কেড়ে নিয়ে ধাওয়া করে।
এ অবস্থায় খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে। এ সময় সড়কির আঘাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মিনারুল এবং পুলিশের দুই কর্মকর্তা আহত হন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এসএম জাফরুল আলম বলেন, শহিদুল ইসলাম মাগুরার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে মামলা রয়েছে। ৩ কর্মকর্তা আহত হলেও পুলিশের সহযোগিতায় তাকে শেষ পর্যন্ত গ্রেফতারের পাশাপাশি হ্যান্ডকাপ এবং তার বাড়ি থেকে কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মহম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সী রাসেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।










































