খুলনাঞ্চল রিপোর্ট।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় একই পরিবারের ৪ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে পৌর এলাকার ২ নং ওয়ার্ডের বিজয় পাড়া থেকে এই মরদেহ গুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন, সোহাগ (৩৩), তার স্ত্রী জান্নাত (২৪), তাদের কন্যা সন্তান ফাহিমা (৪) ও সাদিয়া (২)।
ঘটনার বিবরণে জানা যায়, পার্শ্ববর্তী বাড়িতে বসবাসকারী সোহাগ মিয়ার শাশুড়ি সকাল ৯টার দিকে সোহাগ মিয়ার বাসায় গিয়ে ডাকাডাকি করলে তাদের কোন সাড়া না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে তার চিৎকার শুনে প্রতিবেশী মনির ও উজ্জ্বল দৌড়ে আসেন। তারা আবারও ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ৪ জনকে ঝুলন্ত অবস্থায় দেখেন।
পরবর্তীতে থানায় খবর দিলে, পুলিশ এসে সকলের লাশ উদ্ধার করে। এ বিষয়ে স্থানীয়দের সাথে কথাবার্তা বলে কিছু জানতে না পারলেও স্থানীয়রা ধারণা করছেন ঋণের দায়ে তারা এ আত্মহত্যা করতে পারেন। এ বিষয়ে জানতে চাইলে নবীনগর থানার ওসি মাহবুব আলম বলেন, ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। তবে এখন পর্যন্ত থানায় এ বিষয়ে কোনো মামলা দায়ের হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, সোহাগ পেশায় একজন কাপড় ব্যবসায়ী। রাতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসতঘরে ঘুমিয়ে পড়েন। পরে সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ পায়নি।
পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে তাদের সবার মরদেহ দেখতে পান।
তিনি আরও জানান, মৃত্যুর কারন এখনই বলা যাচ্ছেনা। এটা হত্যা নাকি অন্য কিছু ময়নাতদন্তের রিপোর্ট পেলে এবং তদন্ত করার পর বলা যাবে। মরদেহগুলো সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।










































