স্পোর্টস ডেস্ক।।
‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমসের এবারের আসর বসছে ছবি-কবিতার দেশ ফ্রান্সে। শিল্প ও সাহিত্যের শহর প্যারিসে গতকাল রাতে জমকালো উদ্বোধন হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের। মশাল প্রজ্বালনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো প্যারিস অলিম্পিকের। বিখ্যাত আইফেল টাওয়ার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। আর তার পাশেই বয়েচলা সেইন নদীতে রাতের আলোয় জমে ওঠে উদ্বোধনী অনুষ্ঠান।
যদিও আসরের শুরুর আগের দিনই অভিযান শুরু করছে বাংলাদেশ। যেখানে রিকার্ভ এককের র্যাঙ্কিং রাউন্ডে ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ৪৫তম হয়েছেন সাগর। তিনি স্কোর করেছেন ৬৫২। তার প্রতিপক্ষ ইতালির আরচার ৬৭০ স্কোর করে হয়েছেন ২০তম। ৩১ জুলাই হবে সাগরের লড়াই।
বাংলাদেশ থেকে এবারের গেমসে ৫ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। তবে শুধুমাত্র আরচার সাগর ইসলাম প্যারিসে গেছেন যোগ্যতা অর্জন করে। বাকি চারজন গেমসে অংশ নেবেন আইওসি’র ওয়াইল্ডকার্ড নিয়ে।
শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নেবেন রবিউল ইসলাম। তার ইভেন্ট ২৮ জুলাই দুপুর ১টা ১৫ মিনিট। সাঁতারু সামিউল ইসলাম রাফি পুলে নামবেন ৩০ জুলাই দুপুর ৩টায়। তিনি অংশ নেবেন ১০০ মিটার ফ্রিস্টাইলের বাছাইয়ে। আরেক সাঁতারু সোনিয়া খাতুন ৩ আগস্ট দুপুর ৩টায় খেলবেন ৫০ মিটার ফ্রিস্টাইল বাছাইয়ে। দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন ৪ আগস্ট রাত ১০টা ৩০টায়।
এদিকে এখন পর্যন্ত বাংলাদেশসহ ৬০টিরও বেশি দেশ আছে, যারা শুধু অলিম্পিকে অংশগ্রহণই করে যাচ্ছে, কোনো পদক নেই। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী প্রায় ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশ ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস থেকে অলিম্পিকে অংশ নিয়ে আসছে। প্যারিস অলিম্পিকের আগে ১০টি আসরে লাল-সবুজের ৪৯ জন ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ড, আরচারি, সাঁতার, শুটিং, জিমন্যাস্টিকস ও গলফে। যেখানে পদক তো দূরের কথা, সেমিফাইনাল পর্যন্ত যেতে পারেননি কোনো অ্যাথলেট।











































