Home খেলাধুলা ৯০ বছর পুরোনো যে রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক

৯০ বছর পুরোনো যে রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক

23


স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ৯০ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক ক্লাইভ মাদান্দে। তবে রেকর্ডটিতে তার জন্য ভালো কিছু অপেক্ষা করেনি। কেননা টেস্টের এক ইনিংসে কোনো উইকেটরক্ষকের সর্বোচ্চ বাই রান দেওয়ার রেকর্ড এটি।

মাদান্দে ভেঙেছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক লেস অ্যামেসের রেকর্ড। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই উইকেটরক্ষক-ব্যাটার ১৯৩৪ সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার ৩২৭ রানের ইনিংসে দিয়েছিলেন ৩৭টি বাই। আর মাদান্দে দিয়েছেন ৪২টি বাই রান।

আয়ারল্যান্ড প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২১০ রানের জবাবে করেছে ২৫০ রান। ৪০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা জিম্বাবুয়ে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ১২ রান তুলেছে। এখনো তারা আয়ারল্যান্ডের প্রথম ইনিংস থেকে পিছিয়ে ২৮ রানে।

মাদান্দের এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে অভিষেক। অভিষেক ম্যাচটা তাঁর জন্য খুব একটা সুখকর হয়নি। ভুলে যাওয়ার মতো একটি রেকর্ড গড়ার আগে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে গোল্ডেন ডাক মেরেছেন।

তিনি যে ৪২টি বাই রান দিয়েছেন, এতে তাকে অবশ্য একা দোষারোপ করার উপায় নেই। জিম্বাবুয়ের বোলাররা বেশ কিছু বল করেছে লেগ সাইডের অনেক বাইরে। সেগুলো ব্যাটারদের ব্যাট ফাঁকি দিয়ে চলে গেছে মাদান্দের নাগালের বাইরে দিয়ে।