বিনোদন প্রতিবেদক।।
বরেণ্য অভিনেত্রী ববিতা করোনায় আক্রান্ত হয়ে ১৮ জুলাই হাসপাতালে ভর্তি হতে হয়েছিলেন। টানা চার দিন হাসপাতালে থাকতে হয়েছে তাঁকে।
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাঁর করোনা নেগেটিভ হয়। এরপর চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন বলে জানালেন এই মহাতারকা।
আজ (২৭ জুলাই) ববিতার অসুস্থতার কথা জানিয়েছেন তাঁর ছোট বোন অভিনেত্রী চম্পা।
চম্পা বলেন, ‘আপার করোনায় আক্রান্তের খবরে আমরা ঘাবড়ে যাই। একা মানুষ, কীভাবে কী করবে, বুঝে উঠতে পারছিলাম না। তারপর বড় আপা ও আমরা মিলে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নিই। টানা চার দিন থাকার পর করোনা নেগেটিভ রেজাল্ট আসে।’
এর আগেও একবার ববিতা করোনায় আক্রান্ত হয়েছিলেন। অন্যদিকে, ববিতার একমাত্র ছেলে অনিক বেশ কয়েক বছর ধরেই কানাডায় থাকেন। পড়াশোনা শেষে সেখানে তিনি চাকরি করছেন। তাই দেশে অনেকটা নিঃসঙ্গই থাকতে হয় ববিতাকে।










































