Home জাতীয় শনাক্ত আড়াই লাখ ছাড়ালো

শনাক্ত আড়াই লাখ ছাড়ালো

12

ঢাকা অফিস

গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৮৫১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছেন দুই লাখ ৫২ হাজার ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ২৭ জন। এ নিয়ে করোনায় এ পর্যন্ত ৩ হাজার ৩৩৩ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।

শুক্রবার (৭ আগস্ট) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, বর্তমানে ৮৪টি পরীক্ষাগারে কোভিড-১৯ এর পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ২৫৩টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৯৯টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ৩৭ হাজার ৮২৩টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৪৫ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ।

নাসিমা সুলতানা জানান, মারা যাওয়া ২৭ জনের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী তিন জন। হাসপাতালে মারা গেছেন ২৬ জন, বাড়িতে মারা গেছেন একজন। এখন পর্যন্ত পুরুষ মোট মারা গেছেন দুই হাজার ৬৩০জন; যা ৭৮ দশমিক ৯১ শতাংশ এবং নারী মারা গেছেন ৭০৩ জন; যা ২১ দশমিক শূন্য ৯ শতাংশ। পুরুষ শনাক্তের হার ৭১ শতাংশ এবং নারীর ক্ষেত্রে শনাক্তের হার ২৯ শতাংশ।

মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চার জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন।

তিনি জানান, এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স এবং শতকরা হারে দেখা গেছে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, যা দশমিক ৫৪ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩৩ জন, যা দশমিক ৯৯ শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৭ জন, যা দুই দশমিক ৬১ শতাংশ; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২১৪ জন, যা ছয় দশমিক ৪২ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪৬২ জন, যা ১৩ দশমিক ৮৬ শতাংশ; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯৫৩ জন, যা ২৮ দশমিক ৫৯ শতাংশ এবং ষাট এর অধিক বয়সের রয়েছেন এক হাজার ৫৬৬ জন, যা ৪৬ দশমিক ৯৮ শতাংশ।

২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক মৃতের সংখ্যা, ঢাকা বিভাগে ১৩ জন, খুলনা পাঁচ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে তিন জন করে, রংপুর বিভাগে দুই জন এবং বরিশাল বিভাগে একজন। এ পর্যন্ত বিভাগ অনুযায়ী মারা গেছেন, ঢাকা বিভাগে এক হাজার ৫৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯৪ জন, রাজশাহী বিভাগে ২০৫ জন, খুলনা বিভাগে ২৪৭ জন, বরিশাল বিভাগে ১৩১ জন, সিলেট বিভাগে ১৫৬ জন, রংপুর বিভাগে ১৩২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭১ জন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮১৫ জন এবং আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৮৩৮ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে গেছেন ৫৫ হাজার ১৭৫ জন, ছাড়া পেয়েছেন ৩৬ হাজার ৫২৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৬৫১ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন দুই হাজার ৬০ জন, ছাড়া পেয়েছেন দুই হাজার ২৮১ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন ৪ লাখ ৪৮ হাজার ১৩৮ জন, এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড়া পেযেছেন তিন লাখ ৯৫ হাজার ৫২৯ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫২ হাজার ৬০৯ জন।

করোনা রোগী শনাক্তে ইতালিকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ

ঢাকা অফিস

দেশে করোনা আক্রান্ত রোগীর প্রথম সংবাদ আসে গত ৮ মার্চ। তিনজন রোগী শনাক্ত হয়েছেন বলে সেদিন জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর শুক্রবার (৭ আগস্ট) সংক্রমণের ১৫৩ দিন পর এসে ইতালিকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ। শুক্রবার দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ৮৫১ জন, মোট শনাক্ত হয়েছেন দুই লাখ ৫২ হাজার ৫০২ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আর এতে করে আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুসারে, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় ইতালিকে পেছনে ফেলেছে বাংলাদেশ। বাংলাদেশ ইতালিকে পেছনে ফেলে বর্তমানে ১৫ নম্বর অবস্থানে রয়েছে। ৭ আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত ইতালিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ২০৪ জন। শনাক্তের নিরিখে বাংলাদেশের ওপরে রয়েছে পাকিস্তান। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৬৪৫ জন। পাকিস্তানের ওপরে থাকা সৌদি আরবে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ২২৬ জন। ওয়ার্ল্ডোমিটারের তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ লাখ এবং দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এই সংখ্যা ২৮ লাখ। তৃতীয় অবস্থানে থাকা ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৬ হাজার ৭৬০ জন।

করোনা মহামারিতে ৭ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯২ লাখ ৮৪ হাজার ৪০৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ১ কোটি ২৩ লাখ ৭৮ হাজার ৮৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৭ লাখ ১৮ হাজার ১৩৩ জনের। বিশ্বে মোট আক্রান্তের মধ্যে সুস্থতার হার ৯৫ শতাংশ এবং মৃত্যুর হার ৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন ২৭ জন। এ নিয়ে করোনায় এ পর্যন্ত ৩ হাজার ৩৩৩ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।