Home আন্তর্জাতিক তৃতীয় মেয়াদে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি

তৃতীয় মেয়াদে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি

21


খুলনাঞ্চল ডেস্ক।।

তৃতীয় মেয়াদে নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন খড়গা প্রাসাদ (কেপি) শর্মা অলি। তাকে নিযুক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল। কেপি শর্মার কমিউনিস্ট পার্টি দেশটির মধ্য-বামপন্থি রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের সঙ্গে জোট গড়ে সরকার গঠন করার পর রোববার তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে।


প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা কিরণ পোখারেল বলেছেন, কেপি শর্মা অলিকে নেপালের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট পাউডেল। খবর এনডিটিভির।

পোখারেল বলেছেন, নেপালের কমিউনিস্ট পার্টি ও ইউনিফায়েড মার্ক্সিস্ট লেনিনিস্টের (সিপিএন-ইউএমএল) প্রধান ৭২ বছর বয়সী অলি সোমবার প্রধানমন্ত্রীর শপথ নেবেন।

কেপি শর্মা অলি ২০১৫ সালে প্রথমবারের মতো নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের নির্বাচনে ফের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হন তিনি। পরে ২০২১ সালে নেপালের অস্থিতিশীল পার্লামেন্টে সংক্ষিপ্ত সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন অলি।

তার পূর্বসূরি ও সাবেক জোট সরকারের মিত্র পুষ্প কমল দহল প্রচণ্ড প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মাত্র ১৮ মাস পর শুক্রবার দেশটির পার্লামেন্টে আস্থা ভোট অনুষ্ঠিত হয়। এই ভোটে পুষ্প কমল দহল হেরে যান।

নেপালের সাবেক মাওবাদী গেরিলা কমান্ডার দহলের জোট সরকার থেকে অলির দল সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় পদত্যাগ করতে বাধ্য হন তিনি। দহলের সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে নেপালি কংগ্রেসের শের বাহাদুর দেউবার সঙ্গে জোট সরকার গঠনের চুক্তি করেন অলি।