Home আঞ্চলিক মণিরামপুরে বাল্য বিয়ের আয়োজন থামালেন ইউএনও

মণিরামপুরে বাল্য বিয়ের আয়োজন থামালেন ইউএনও

12

মণিরামপুর(যশোর) প্রতিনিধি:

যশোরের মণিরামপুরে নবম শ্রেণি পড়ুয়া ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন থামালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান। শুক্রবার (৭ আগষ্ট) রাতে ওই ছাত্রীর বিয়ের কাজ সম্পাদনের জন্য নেহালপুরে কনের বাড়িতে আয়োজন চলছিল। খবর পেয়ে সন্ধ্যায় আয়োজন বন্ধ করে দেন ইউএনও।


উপজেলা মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার শহিদুল ইসলাম বলেন, মেয়েটি নেহালপুরের কালিবাড়ি এলাকার শাহিদা সুলতানা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। করোনাকালীন লকডাউনের কারণে স্কুল বন্ধ থাকার সুযোগে মেয়েটির পিতা একই উপজেলার জুড়ানপুর গ্রামের জনৈক ইনামুল ইসলাম নামে এক যুবকের সাথে তার বিয়ে ঠিক করেন। সন্ধ্যায় বিয়ে হওয়ার কথা ছিল। বিকেলে বরপক্ষ ওই বাড়িতে আসেন।


কিন্তু তার আগেই ইউএনও স্যার বিষয়টি জানতে পারেন। স্যারেন নির্দেশে বিকেলে আমি, স্থানীয় মেম্বর আজগার আলীসহ দুই চৌকিদার ওই বাড়িতে যাই। আমাদের দেখে বরপক্ষ সটকে পড়েন। আমরা উপস্থিত থেকে বিয়ের আয়োজন বন্ধ করি। পরে ইউএনও স্যারের কাছে মুচলেকা দেন মেয়েটির পিতা।
ইউএনও সৈয়দ জাকির হাসান বলেন, নেহালপুরে ১৪-১৫ বছর বয়সী এক স্কুল ছাত্রীর বিয়ের কার্যক্রম চলার খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে মেয়েটির পিতা অঙ্গীকার করেছেন।