Home খেলাধুলা আকবরদের উত্তরসূরি খোঁজার ক্যাম্প শুরু ২২ আগস্ট

আকবরদের উত্তরসূরি খোঁজার ক্যাম্প শুরু ২২ আগস্ট

25

ক্রীড়া প্রতিবেদক

বিকেএসপিতে ক্যাম্প করার অনুমতি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বসয়ভিত্তিক দল ও বাছাই করা ৪৫ ক্রিকেটার নিয়ে ২২ আগস্ট থেকে বিকেএসপিতে ক্যাম্প করবে বিসিবি। সেখান থেকে বেছে নেওয়া হবে আকবর আলীদের উত্তরসূরি।
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে প্রথম শিরোপা এনে দিয়েছিলেন আকবর আলীরা। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে হারিয়ে বিজয়ের ঝা-া উড়ায় যুবারা। যুবাদের শিরোপা জয় কোনো রূপকথা ছিল না। সোনার কাঠি, রূপার কাঠির পরশেও আসেনি। এ সাফল্য এসেছে নিখুঁত প্রক্রিয়ায়, চার বছর ধরে চলা দীর্ঘ পরিকল্পনা ও সেটি বাস্তবায়নের মাধ্যমে। দুই বছর পরই ওয়েস্ট ইন্ডিজে আছে আরেকটি যুব বিশ্বকাপ। চ্যাম্পিয়ন ট্যাগ নিয়ে সেই আসরে খেলতে নামবে বাংলাদেশ। কিন্তু করোনার কারণে আকবরদের উত্তরসূরির খোঁজ এবং তাদের তৈরি করার কার্যক্রম পুরোপুরি থেমে ছিল। অবশেষে আশার সূর্যের উদয় হলো। বিকেএসপিতে ক্যাম্প করার অনুমতি পেল বিসিবি। ঈদের আগে বিকেএসপিতে আবাসিক ক্যাম্প করার অনুমতি চেয়েছিল বিসিবি। বুধবার বিসিবির পরিচালক ও গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানতে পেরেছেন বিকেএসপি থেকে ক্যাম্প করার অনুমতি পাওয়া গেছে। শিগগিরই বিসিবির কাছে আনুষ্ঠানিক অনুমতি পত্র পাঠাবে বিকেএসপি।
জানা গেছে, ১৬ আগস্ট ক্রিকেটারদের স্থাস্থ্য পরীক্ষা করাবে বিসিবি। এবার স্বাস্থ্য পরীক্ষার সাথে করানো হবে করোনা পরীক্ষাও। চারদিন বিসিবির একাডেমিতে স্পেশাল ট্রেনিংয়ের পর ২০ আগস্ট তাদের বিকেএসপিতে নেওয়া হবে। দুইদিন পর শুরু হবে তাদের ক্যাম্প। এ কন্ডিশনিং ক্যাম্প থেকে ২৫-৩০ জনের প্রাথমিক দল বাছাই করবেন নির্বাচকরা। যাদের নিয়ে ২০২২ বিশ্বকাপের পরিকল্পনা করবে বিসিবি।
২০১৮ সালের সেপ্টেম্বর থেকে বিশ্বকাপের পূর্ব পর্যন্ত সবমিলিয়ে ৩৬ ম্যাচ খেলেছিলেন আকবর-শরীফুলরা। এবারও দেড় বছরে যুব দলকে ৩০টির বেশি ম্যাচ খেলানোর পরিকল্পনা বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের। এজন্য কয়েকটি দেশের সঙ্গে আলোচনাও হয়েছে। এর আগে তাদের বাছাই করার কঠিন কাজটা করত হচ্ছে বিসিবিকে।

শেখ কামালের নামে হবে যুব জাতীয় ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক

আগের দিনই বঙ্গবন্ধু তনয় ও দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক শেখ কামালকে দেশের খেলাধুলা অঙ্গনের এক বিশেষ ব্যক্তিত্ব বলে অভিহিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বলেছিলেন, ‘দেশে ও বিদেশে বাংলাদেশ ক্রীড়াঙ্গনে সাফল্য পেতে শুরু করেছিল মূলতঃ কামাল ভাইয়ের হাত ধরেই।’
২৪ ঘণ্টা না পেরুতেই এবার শেখ কামালকে আরও একটি বড় সম্মাননা জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় ক্রিকেট লিগের পাশাপাশি এখন দেশের ক্রিকেট অঞ্চলকে চার ভাগ করে যে ক্রিকেট আসর হয়, সেই যুব লিগের নামকরণ করা হলো ক্রীড়া অন্তঃপ্রাণ শেখ কামালের নামে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এক ভিডিও বার্তায় গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন। গতকাল সন্ধ্যায় সেই ঘোষণায় বিসিবি বিগ বস বলেন, ‘যার হাত ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন পেয়েছে আধুনিকতার ছোঁয়া, সেই আমাদের সকলের প্রিয় কামাল ভাইয়ের ক্রীড়াক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের স্মারক হিসেবে আমাদের জাতীয় যুব (অনূর্ধ্ব-১৯) ক্রিকেট চ্যাম্পিয়নশিপের নামকরণ করছি শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ইয়ুথ ক্রিকেট লিগ।’
নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘প্রতিবছর চার জোনে ভাগ করে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ওই আসরে বাছাই করা ক্রিকেটারদের অনুর্ধ্ব-১৯ দলে নেব। সেজন্য নতুন নতুন ছেলে বাছাই করতে চাই। অনুর্ধ্ব-১৯ দলের ওপর বেশি জোর দিচ্ছি আমরা।’
বিসিবি প্রধান মনে করেন, যুব বিশ্বকাপ বিজয়ে শেখ কামাল অনেক খুশি হতেন এবং যুবাদের নানাভাবে অনুপ্রাণিত করতেন। তাই নাজমুল হাসান পাপনের মুখে এমন কথা, ‘আমার মনে হয় কামাল ভাই বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন, বাংলাদেশ যুব ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে?’

জাতীয় ফুটবল দলে আরো ৭জন আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক

প্রতিদিনই দুঃসংবাদ বাড়ছে জাতীয় ফুটবল দলে। বুধবার ক্যাম্পে যোগ দেয়ার প্রথম দিনে ১২ ফুটবলারের চারজন করোনা পজিটিভ হয়েছিলেন। দ্বিতীয় দিনের ১২ জনের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন সাতজন। এ নিয়ে দুইদিনে ১১ ফুটবলারের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো।
২৪ জনের জায়গায় দুইদিনে ক্যাম্পে উঠতে পারলেন মাত্র ১৩ জন। দ্বিতীয় দিনে যে সাতজন ফুটবলারের করোনা পজিটিভ হয়েছেন, তারা হলেন আবাহনীর শহিদুল আলম সোহেল, সোহেল রানা, টুটুল হোসেন বাদশা, বসুন্ধরা কিংসের মোহাম্মদ ইব্রাহিম, সুশান্ত ত্রিপুরা, রবিউল হাসান ও আনিসুর রহমান। এই সাতজনই ব্যক্তিগত উদ্যোগে করা পরীক্ষায় নেগেটিভ ছিলেন। বুধবার করোনা পজিটিভ হওয়া চার ফুটবলার হলেন বসুন্ধরা কিংসের বিশ্বনাথ ঘোষ, বাংলাদেশ পুলিশের নাজমুল ইসলাম রাসেল, ম্যাথিউস বাবলু এবং উত্তর বারিধারার সুমন রেজা। শনিবার বাকি ফুটবলাররা ক্যাম্পে ওঠার জন্য বাফুফে ভবনে আসবেন।

করোনাকালে সারাহ রিসোর্ট বাফুফের একোমোডেশন পার্টনার

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবলের সহযোগী হয়েছে সারাহ রিসোর্ট লিমিটেড। করোনাকালের এই সময়টায় অনুশীলন এবং ফুটবলারদের জন্য আবাসিক ক্যাম্প আয়োজনে সহযোগিতার জন্য এগিয়ে এসেছে এই রিসোর্ট। সারাহ রিসোর্ট লিমিটেড এখন বাংলাদেশ ফুটবল দলের ‘এক্সকুসিভ একোমোডেশন পার্টনার’।
এই উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বাফুফে এবং সারাহ রিসোর্ট লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। বাফুফে ভবনে এই চুক্তি করেন সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, এমপি। সারাহ রিসোর্ট লিঃ’র পক্ষে স্বাক্ষর করেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন।
এই চুক্তির আওতায় ‘এক্সকুসিভ একোমোডেশন পার্টনার’ হিসেবে সারাহ রিসোর্ট বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে হেলথ কাব, সুইমিং পুল, ইনডোর গেম, ফুটবল গ্রাউন্ডসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন, সহ-সভাপতি তাবিথ আউয়াল, সদস্য আমিরুল ইসলাম বাবু এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং সারাহ রিসোর্ট লিঃ’র পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার, ব্র্যান্ডিং, সেলস এন্ড রিজার্ভেশন, ফর্টিজ গ্রুপের আহমদ রাকিব।

প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৩২৬

ক্রীড়া প্রতিবেদক

স্টুয়ার্ট ব্রডের আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার। এলবিডব্লিউ হয়ে গেলেন শান মাসুদ। পাকিস্তানি ওপেনার অবশ্য রিভিউ নিয়েছিলেন, কিন্তু তাতে কাজ হয়নি। আউট হলেন ১৫৬ রানে।
৩১৯ বলে ১৮ চার আর ২ ছক্কায় গড়া শান মাসুদের দেড়শ রানের চোখ ধাঁধানো ইনিংসটি থামার পর যেন হাঁফ ছেড়ে বাঁচল ইংলিশরা। কিছুতেই যে আউট করা যাচ্ছিল না এই বাঁহাতিকে। একটা প্রান্ত ধরে ধরে এগিয়ে যাচ্ছিলেন। ওল্ড ট্রাফোর্ডে সেই ওপেনিংয়ে নেমে দলের নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন শান মাসুদ। এর মধ্যে কতজন এসেছেন আর গেছেন। একমাত্র বাবর আজম ছাড়া বলার মতো কিছু করতে পারেননি টপ অর্ডারের কেউ। বাবর আজমের ৬৯ রানের ইনিংসের পরও অবশ্য একটা সময় ১৭৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল পাকিস্তান। সেখান থেকে লোয়ার অর্ডারের শাদাব খানকে নিয়ে ১০৫ রানের বড় জুটি গড়েন শান মাসুদ। দলীয় ২৮১ রানের মাথায় শাদাব ৪৫ করে ফিরলে ভাঙে এই জুটি।
এরপর আরও দুই সঙ্গী হারিয়ে শান মাসুদও সাজঘরের দিকে হাঁটেন ১৫৬ করে। এটি ছিল তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি, যার মধ্যে টানা তিন ইনিংসে তিনটি। বাঁহাতি এই ওপেনার আউট হওয়ার পর আর খুব বেশিদূর এগোতে পারেনি পাকিস্তান। ১০৯.৩ ওভারে অলআউট হয়েছে ৩২৬ রানে। ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড আর জোফরা আর্চার। ২ উইকেট শিকার ক্রিস ওকসের।

পাকিস্তান সফরে যেতে রাজি ইংল্যান্ড কোচ

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের দেশে আন্তর্জাতকি ক্রিকেট ফেরাতে মরিয়া। এরই মধ্যে বেশ কিছু দেশ পাকিস্তান সফর করে গেছে। ধীরে ধীরে বাকিরাও পাকিস্তান সফরে আসবে বলে বিশ্বাস পিসিবির। বিশেষ করে, করোনার মধ্যেও পাকিস্তান ক্রিকেট দল ঝুঁকি নিয়ে ইংল্যান্ড সফরে গেছে সিরিজ খেলার জন্য।
এ কারণে পিসিবি আশা প্রকাশ করেছে, ২০২২ সালে পাকিস্তানে ইংল্যান্ডের যে ফিরতি সফর, সে সফরে আসবে ইংল্যান্ড এবং এ নিয়ে তারা একটা সঠিক সিদ্ধান্তই নেবে। ইংল্যান্ডের পাকিস্তান সফরের বিষয়টা আলোচনায় ওঠার পর এবার পাকিস্তান সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড। পাকিস্তান সফরে যেতে তার কোনো সমস্যা নেই বলেই মিডিয়াকে জানিয়েছেন ইংল্যান্ড কোচ।

টোকিও থেকে সরিয়ে নেয়া হলো অলিম্পিক রিং

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে না গেলে এই সময়ে টোকিও অলিম্পিকে বিদায়ের সুর বাজতো। এতদিনে জানা হয়ে যেতো কে হলেন গতি মানব, কে জিতলে সবচেয়ে বেশি স্বর্ণ। সাঁতারের পুল কে দাপিয়ে বেড়ালেন বেশি কিংবা অলিম্পিক ফুটবলের স্বর্ণ জিতলেন কারা।
কিন্তু প্রাণঘাতি ভাইরাস করোনার কারণে কোনো কিছুই হলো না। এরই মধ্যে খবর এলো, অলিম্পিকের শহর টোকিওর ওয়াটারফ্রন্টে রেইনবো ব্রিজের সামনে যে বিশাল (জায়ান্ট) অলিম্পিক রিং বসানো হয়েছিল, সেটাকে আপাতত সরিয়ে নেয়া হয়েছে। তবে, সাময়িক সময়ের জন্য। কারণ অলিম্পিকের প্রতীক এই জায়ান্ট রিং রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এ কারণেই মূলতঃ টোকিও থেকে এই রিংটি সরিয়ে নেয়া হলো। এবারের অলিম্পিক গেমস শুরু হওয়ার কথা ছিল ২৪ জুলাই। কিন্তু করোনাভাইরাসের কারণে অলিম্পিক আর শুরু করা গেলো না, বরং এক বছর পিছিয়ে দেয়া হলো।

সিপিএল খেলা হচ্ছে না তিন আফগানের

ক্রীড়া প্রতিবেদক

করোনাকালে যে কোনও সফরের জন্য ভ্রমণের যাবতীয় ব্যবস্থা করতে পারাই এখন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। কারণ আন্তর্জাতিক সীমান্তগুলোতে রয়েছে নানা বিধিনিষেধ। সেটা এখন টের পাচ্ছেন আফগানিস্তানের তিন ক্রিকেটার কায়েস আহমেদ, রাহমানুল্লাহ গুরবাজ ও ১৫ বছর বয়সী চায়নাম্যান নুর আহমেদ। ভিসা জটিলতায় এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যেতে পারছেন না এই তিন আফগান ক্রিকেটার।
সিপিএলে এবার কায়েসের খেলার কথা ছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে। গুরবাজ ও নুরের খেলার কথাছিল যথাক্রমে বারবাডোজ ট্রাইডেন্টস ও সেন্ট লুসিয়া জুকসে। কিন্তু সিপিএলে খেলতে হলে ১ আগস্টের মধ্যেই ক্যারিবিয়ানে থাকতে হতো তাদের। যেহেতু ১৪ দিনের কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা আছে। সে জন্য প্রয়োজন ছিল যুক্তরাজ্যের ট্রানজিট ভিসা। কারণ লন্ডন থেকেই ক্যারিবিয়ানে বিশেষ ভাড়া করা বিমানে বাকিদের ভ্রমণের ব্যবস্থা করা হয়েছিল। যেহেতু করোনাকালে আন্তর্জাতিক ভ্রমণে নানা বিধিনিষেধ রয়েছে। এর পরেও তারা সেই ট্রানজিট ভিসার ব্যবস্থা করতে পারেনি।

বার্সেলোনায় ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড গুস্তাভো

ক্রীড়া প্রতিবেদক

সংবাদমাধ্যমে খবর এসেছিল আগেই। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। ব্রাজিলের ফুটবলার গুস্তাভো মায়াকে দলে টানতে তার কাব সাও পাওলোর সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। পাঁচ বছরের চুক্তিতে আগামী মৌসুমে বার্সেলোনা ‘বি’ দলে যোগ দেবেন এই তরুণ ফরোয়ার্ড। গুস্তাভোর বাইআউট কজ ধরা হয়েছে ৩০ কোটি ইউরো।
১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য বার্সেলোনার খরচ হয়েছে মোট ৪৫ লাখ ইউরো। প্রাথমিকভাবে দিয়েছিল ১০ লাখ ইউরো। বাকি অর্থ পরিশোধ করে চুক্তি সেরেছে কাতালান কাবটি। ১৪ বছর বয়সে সাও পাওলোয় যোগ দেওয়া গুস্তাভো কাবটির বিভিন্ন পর্যায়ের দলের হয়ে জিতেছেন সাতটি ট্রফি। সেরা সময় কাটান ২০১৮-১৯ মৌসুমে। সেবার ৩৬ ম্যাচে করেন ৩০ গোল। চলতি বছরের শুরুতে যুব টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সের পর সাও পাওলোর মূল দলের সঙ্গে অনুশীলন করছিলেন তিনি। এরই মধ্যে তিনি ব্রাজিলের অনূর্ধ্ব-১৬ ও ১৭ দলের হয়ে খেলেছেন।

ম্যানসিটি পেল নতুন ডিফেন্ডার

ক্রীড়া প্রতিবেদক

৪০ মিলিয়ন পাউন্ডের (৪৫ মিলিয়ন ইউরো) বিনিময়ে বোর্নমাউথের সেন্টার-ব্যাক নাথান আকের সঙ্গে চুক্তি করেছে ম্যানচেস্টার সিটি। আগামী পাঁচ বছর ইতিহাদে থাকবেন এই ডাচ তারকা।
২০১৯/২০ মৌসুমে ৩৪ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে থাকায় ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন ঘটে বোর্নমাউথের। যার ফলে আকেকে খেলতে হতো চ্যাম্পিয়নশিপে। তবে ডাচ ডিফেন্ডার যেন হাতে চাঁদই খুঁজে পেয়েছেন।
বোর্নমাউথের অবনমন হলেও সদ্য সমাপ্ত মৌসুমে দুর্দান্ত পারফর্ম্যান্সের জন্য আকে নজর কাড়েন সিটিজেনদের। সিটির সঙ্গে চুক্তির পর পেপ গার্দিওলার অধীনে খেলার স্বপ্নও পূরণ হতে যাচ্ছে আকের। কাব রেকর্ড গড়ে ২০১৭ সালে বোর্নমাউথে যোগ দেন আকে। কাবটির হয়ে ১২১ ম্যাচ খেলেছেন তিনি। আকের আগে মঙ্গলবার (০৪ আগস্ট) ২১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে স্প্যানিশ কাব ভ্যালেন্সিয়ার ২০ বছর বয়সী মিডফিল্ডার ফেরান তোরেসের সঙ্গে চুক্তি করে সিটি।

ইতালিয়ান কাব রোমা কিনে নিলেন মার্কিন ধনকুবের

ক্রীড়া প্রতিবেদক

সিরি আ’র অন্যতম শীর্ষ কাব এ এস রোমা কিনে নেওয়ার বিষয়ে এক চুক্তিতে স্বাক্ষর করেছেন আমেরিকান বিলিয়নিয়ার ড্যান ফ্রাইডকিন। গতকাল বৃহস্পতিবার ইতালিয়ান কাবটির বরাতে খবরটি নিশ্চিত করেছে ‘স্কাই স্পোর্টস’।

রোমা প্রেসিডেন্ট জেমস পাল্লোত্তা এক বিবৃতিতে বলেন, ‘আমরা আজ রাতে চুক্তিতে স্বাক্ষর করেছি। আগামী দিনগুলোতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে একত্রে কাজ করবো, যার ফলশ্রুতিতে কাবটি মালিকানা বদল হয়ে যাবে। ’ তাদের সঙ্গে বুধবার ৫৯১ মিলিয়ন ইউরোর (৫৩৩ মিলিয়ন ডলার) এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ফ্রাইডকিন গ্রুপ।

ইউরোপা লিগের শেষ আটে ম্যানইউ-ইন্টার

ক্রীড়া প্রতিবেদক

পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অস্ট্রিয়ান প্রতিপক্ষ এলএএসকে লিঞ্জকে ২-১ গোলে হারিয়ে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেছে রেড ডেভিলরা।
প্রথম লেগে এলএএসকে লিঞ্জকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ম্যানইউ। দুই লেগ মিলিয়ে ৭-১ গোলে ইউরোপা লিগের শেষ ষোল পর্বের বাধা উতরে গেল ইউনাইটেড। অতিথি এলএএসকে লিঞ্জকে এগিয়ে দেন ফিলিপ ওয়েসিংয়ের। জেসে লিনগার্ড স্বাগতিকদের সমতায় ফেরান। শেষ দিকে জয়সূচক গোল করেন অ্যান্থনি মার্শাল।
অন্য দিকে ইন্টার মিলান ২-০ গোলে হারিয়েছে গেতাফেকে। সুবাদে ইউরোপা লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে তারা। করোনাভাইরাসের কারণে নিরপেক্ষ ভেন্যু জার্মানির গেলসেনকিরচেনে শেষ ষোল পর্বে কেবল ফিরতি লেগের ম্যাচ খেলেই কোয়ার্টার ফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছে ইন্টার। ইতালিয়ান জায়ান্ট কাবের হয়ে গোল করেন রোমেলু লুকাকু ও ক্রিশ্চিয়ান এরিকসেন।