Home Uncategorized ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান রবি সন্ত্রাসীদের গুলিতে নিহত

ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান রবি সন্ত্রাসীদের গুলিতে নিহত

300

আরিফুজ্জামান নয়ন ও স্টাফ রিপোর্টার।।

খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান রবি আওয়ামী লীগের কর্মীসভা শেষে রাতে মোটরসাইকেলে খুলনা নগরীর বাড়িতে ফিরছিলেন। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় পৌঁছালে ২ থেকে ৩ জনের একদল সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোবিন্দ ঘোষ জানান, রবি তিনবারের ইউপি চেয়ারম্যান। তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয় ছিলেন। আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তাঁর প্রতিপক্ষ এ ঘটনা ঘটাতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। 

খুলনার পুলিশ সুপার সাইদুর রহমান জানান, ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছেন। 

এদিকে, খবর পেয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মো. রায়হান ফরিদ, সাধারণ সম্পাদক সোহাগসহ জেলা ও ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান।