ক্রীড়া ডেস্ক
বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। ২৯ জুন বার্বাডোজে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের প্রতিপক্ষ প্রথমবারের মত ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা। ২০১৪ সালের পর আবার ফাইনালে বিরাট কোহলি ও রোহিত শর্মারা। সেবার তারা শ্রীলংকার কাছে হেরেছিল।
ভারত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭১ রান সংগ্রহ করে। জবাবে ইংল্যান্ড ১৬.৪ ওভারে ১০৩ রানে অলআউট হয়। ম্যাচসেরা হন বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল। ২৩ রানে তিনি তিন উইকেট শিকার করেন। চায়নাম্যান বোলার কুলদীপ যাদবও সমান তিন উইকেট শিকার করার কৃতিত্ব দেখান।
বৃষ্টির জন্য গায়ানায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি সময়মত শুরু হয়নি। তবে ওভার কাটা হয়নি। মেঘের ফাঁক দিয়ে রোদ হেসেছে। আউটফিল্ড স্লো ছিল। উইকেটের বল পড়ে নেমে গেছে। আগে এমনটা ধারণা করে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার টস জিতে ফিল্ডিং নেন।
ভারত এমন কঠিন কন্ডিশনে দারুণ খেলেছে। আক্রমণ শুরু করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ৩৯ বলে ৫৭ রানের ইনিংসটি সাজান ছয়টি চার ও দুটি ছক্কায়। এছাড়া সুরিয়াকুমার যাদব (৪৭) ও হার্দিক পান্ডিয়া (২৩) লড়াই করার মত পুঁজি এনে দেন। ইংল্যান্ডের মিডিয়াম পেসার ক্রিস জর্ডান ৩৭ রানে তিন উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। হ্যারি ব্রুক ২৫, জস বাটলার ২৩ ও জফরা আর্চার ২১ রান করেছেন। ভারতের স্পিন খেলতে পারেনি ইংল্যান্ড। ছয়টি উইকেট দুই স্পিনার অক্ষর ও কুলদীপের।
ইংল্যান্ড ২০১০, ২০১৬ ও ২০২২ সালে ফাইনালে খেলেছে। এবার যেতে ব্যর্থ হলো দুইবারের চ্যাম্পিয়নরা। ভারত ২০০৭ সালের চ্যাম্পিয়ন। আবার তারা ফাইনালে উঠেছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে কঠিন লড়াইয়ের অপেক্ষা এখন।











































