ঢাকা অফিস।।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে ওঠা ‘অবৈধভাবে সম্পদ অর্জনের’ অভিযোগ অনুসন্ধানের দাবি জানিয়ে সুপ্রিমকোর্টের এক আইনজীবী দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি আবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান এ আবেদন জমা দেন। আবেদনে এ বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে তা জানানোর জন্য অনুরোধ করা হয়।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের মধ্যে আছাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি।
গত ১৬ জুন ‘মিয়া সাহেবের যত সম্পদ’ শিরোনামে একটি পত্রিকা প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদন প্রকাশের চারদিনের মাথায় গত ২০ জুন আরেকটি দৈনিকে ‘এবার আলোচনায় আছাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর আরও কয়েকটি সংবাদ মাধ্যম আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
প্রকাশিত এসব প্রতিবেদন যুক্ত করে অভিযোগ অনুসন্ধানের আবেদনটি জানান আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান। আবেদনে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের বিষয় যে, জাতীয় দৈনিকের পাতাজুড়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বিষয়টি দুদকের নিষ্ক্রিয়তা, যেখানে প্রধানমন্ত্রী সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ক্ষুণœ করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। অতএব এ বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে তা জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
এই আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক অনুসন্ধানে উদ্যোগী না হলে আইনি নোটিশ পাঠানো হবে। তাতেও ব্যবস্থা না নেওয়া হলে দুদকের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।
এদিকে দুদক সূত্রে জানা যায়, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ডিএমপি সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের যে অভিযোগ উঠেছে, দুদক যাচাই-বাছাই কমিটির মাধ্যমে তা বিচার-বিশ্লেষণ করেছে। যাচাই-বাছাইয়ে আছাদুজ্জামান মিয়ার নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ সুনির্দিষ্ট বলে প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে। অভিযোগ অনুসন্ধানের জন্য যাচাই-বাছাই কমিটি সুপারিশ করেছে। তবে দুদকের একজন কমিশনার দেশের বাইরে থাকায় এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহের মাঝামাঝি কমিশন থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আসার কথা রয়েছে।











































