মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে পারিবারিক কলহের জেরে অভিমান করে আবুল কালাম আজাদ রনি (৩২) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। বুধবার (৫ আগষ্ট) সকালে উপজেলার সালামতপুর গ্রামে এঘটনা ঘটে।
রনি ওই গ্রামের নিজাম উদ্দিন মোড়লের ছেলে। তিনি ঢাকার ‘স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ নামে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে যশোর সরদের তফসিডাঙা এলাকার লিলিয়ান ফার্মা নামে একটি ওষুধ প্রস্ততকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
মদনপুর সম্মিলনী ডিগ্রি কলেজের শিক্ষক রুহুল কুদ্দুস টিটো জানান, সাত-আটমাস আগে নিজের পছন্দে ঝিকরগাছার মোবারকপুরের মিম নামে এক মেয়েকে বিয়ে করেন রনি। শুরু থেকে বিষয়টি রনির পরিবার মেনে নেননি। মঙ্গলবার (৪ আগষ্ট) স্ত্রীকে নিয়ে বাড়ি আসেন রনি। এরপর পারিবারিক কলহে বুধবার সকাল আটটার দিকে বিষপান করেন তিনি। টের পেয়ে স্বজনরা তাকে ঝিকরগাছা হাসপাতালে নেন। অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসকরা তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে নিলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
খেদাপাড়া ক্যাম্পের আইসি এসআই গোলাম রসুল বলেন, পারিবারিক কলহে রনি বিষ পানে আত্মহত্যা করেছেন বলে জেনেছি।










































