স্পোর্টস ডেস্ক।।
ভুলে যাওয়ার মতো একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেছে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান। কঠোর সমালোচনায় বিদ্ধ হয়েছেন দলটির অধিনায়ক বাবর আজম। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনেছিলেন কিছু ইউটিউবার ও সাবেক ক্রিকেটার। এবার তাদের বিরুদ্ধে বাবর আইনি ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবরকে লক্ষ্যবস্তু করে প্রচারণা চালানো হয়। যা পাকিস্তান অধিনায়ককে হতাশ করেছে। এবার অভিযুক্তদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন বাবর।
জানা গেছে, আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ শুরু করেছেন বাবর আজম। তার বিরুদ্ধে ইউটিউবার ও সাবেক ক্রিকেটারদের বক্তব্যগুলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের আইন বিভাগ এরই মধ্যে সংগ্রহ করেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে গেলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব পার করতে পারেনি পাকিস্তান। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে অনেক নিচের র্যাঙ্কিংয়ের দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে বাগে পেয়েও হারাতে পারেনি। এরপর যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে হৃদয় ভাঙে পাকিস্তানের। ‘এ’ গ্রুপ থেকে সুপার এইটে উঠে যায় যুক্তরাষ্ট্র।











































