Home খেলাধুলা শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলতে চায় বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলতে চায় বাংলাদেশ

10

ক্রীড়া প্রতিবেদক

সব কিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেটা ঠিক সাধারণ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নয়, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে।
বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খানের উদ্ধৃতি দিয়ে পরিষ্কার উল্লেখ আছে যে, সেপ্টেম্বরে শ্রীলঙ্কা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং লঙ্কানদের সাথে অক্টোবরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথাও চলছে। শেষ খবর, সে সম্ভাবনা আরও জোরালো হয়েছে। সোমবার রাতে আকরাম খান দিয়েছেন এ তথ্য। বিসিবির ক্রিকেট অপস প্রধান জানিয়েছেন শ্রীলঙ্কা সফরের ব্যাপারে দুই বোর্ডের মধ্যে কথাবার্তা চলছে এবং অক্টোবরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে তিন টেস্টের সিরিজের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে।
আকরাম খানের কথায় আছে পরিষ্কার আভাস যে, সিরিজ আয়োজনে শ্রীলঙ্কান বোর্ড রাজি এবং বিসিবিও যেতে নীতিগতভাবে প্রস্তুত। এখন সফরসূচি চূড়ান্ত হওয়াটাই বাকি। করোনাকালীন সময়ের নিয়ম মেনে খুব স্বাভাবিকভাবেই ভিনদেশি দল হিসেবে শ্রীলঙ্কা গিয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে সিরিজ শুরুর আগে অন্তত দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর অন্তত একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে মূল সিরিজে মাঠে নামার চিন্তাভাবনা করছে বিসিবি। এদিকে ভেতরে ভেতরে আরও একটি চিন্তাভাবনাও আছে বিসিবির। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২১ সালে। তাই সে আসরের কথা মাথায় রেখে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার পাশাপাশি শ্রীলঙ্কা সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলারও প্রস্তাব দিয়েছে বিসিবি।
আকরাম জানিয়েছেন, ‘হ্যাঁ, এটা সত্য যে, তিন টেস্টের পাশাপাশি আমরা আরও কিছু সংযোজনের কথা বলেছি। এখন লঙ্কান বোর্ড গ্রহণ করলেই কেবল তা হওয়ার ব্যাপার। তারা রাজি না হলে তো আর বাড়তি কিছু হওয়ার সম্ভাবনা নেই।’
অর্থাৎ ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের কথায় পরিষ্কার, শ্রীলঙ্কা সফরে তিন টেস্ট ছাড়াও সমানসংখ্যাক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চায় বিসিবি এবং তা আনুষ্ঠানিক প্রস্তাব আকারে লঙ্কান বোর্ডকে জানিয়েও দেয়া হয়েছে। এখন তারা রাজি হলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের পাশাপাশি বাংলাদেশ আর শ্রীলঙ্কার ভেতরে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হয়ে যেতে পারে।

জামাল ভূঁইয়াকে ছাড়া শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ৭ আগস্ট ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে শুরুর দিকে থাকতে পারছেন না দেশের বাইরে থাকা দুই ফুটবলার অধিনায়ক জামাল ভূঁইয়া ও তারিক রায়হান।
বিশ্বকাপ বাছাই পর্ব ও এফসি বাছাই পর্বের খেলার জন্য দীর্ঘ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এজন্য গাজীপুরের সারাহ রিসোর্টে আবাসিক ক্যাম্পের ব্যবস্থা করেছে বাফুফে। ১৫ দিনের এ ক্যাম্প চলবে ২১ আগস্ট পর্যন্ত। শুরুর দিকের ক্যাম্প মিস করতে যাচ্ছেন জামাল ভূঁইয়া। তিনি আছেন ডেনমার্কে। তারিক রায়হানের ঠিকানা ফিনল্যান্ড। দুই জনই দ্বৈত নাগরিক। করোনা মহামারির সময়ে সীমান্ত অতিক্রমে দুই দেশের অনুমতির প্রয়োজন। পাশাপাশি বিমানের টিকিটের ঝামেলা তো আছেই। সব মিলিয়ে এখনও বাংলাদেশে আসতে পারেননি দুইজন। তবে শিগগিরিই তারা ক্যাম্পে যোগ দেবেন বলে মনে করেন বাফুফের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত। তিনি বলেন,‘আমাদের ক্যাম্পের শুরুতে তারা দুইজন থাকছেন না। বিমানের টিকিট পাওয়ার ঝামেলা থাকে। এ মুহূর্তে সব ফাইট চলে না। আবার সব ফাইট সব দেশে অপারেট করে না। পাশাপাশি এক দেশ থেকে আরেক দেশে গেলে অনুমতি নিতে হয়। আমাদের ফুটবলাররা সেই অনুমতি পেয়ে যাবেন। কিন্তু বিমানের টিকিট পাওয়া সবচেয়ে কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আশা করছি এ সমস্যা কেটে যাবে এবং তারা দ্রুত যোগ দিতে পারবেন। ‘
আজ বুধবার সাড়ে আটটায় ফুটবলারদের রিপোর্টিংয়ে ক্যাম্প শুরু হবে। ইয়াসিন আরাফাত, মাহবুবুর রহমানসহ মোট ১২ ফুটবলার আগামীকাল সকালে রিপোর্ট করবেন। পরদিন আরো ১২ ফুটবলার রিপোর্ট করবেন এবং ৭ আগস্ট যোগ দেবেন ৭ ফুটবলার। রিপোর্টিংয়ের পর প্রত্যেককে করোনা টেস্টের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে। বিকেলেই পাওয়া যাবে করোনা রিপোর্ট। দুপুরে যাদের রিপোর্ট নেগেটিভ আসবে তাদের নেওয়া হবে সারাহ রিসোর্টে। কারো রিপোর্ট পজিটিভ আসলে তাকে আইসোলেশনে পাঠাবে বাফুফে। ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ। যেটি অনুষ্ঠিত হবে সিলেট জেলা স্টেডিয়ামে।

কাঁধে ফুটবল নাচিয়ে গিনেস বুকে জুবায়ের

ক্রীড়া প্রতিবেদক

কাঁধের ওপর ফুটবল নাচিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছেন আশিকুর রহমান জুবায়ের। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। জুবায়ের এক মিনিটে সবচেয়ে বেশিবার কাঁধের ওপর ফুটবল নাচিয়ে ফ্রিস্টাইল বিভাগে এ রেকর্ড গড়েছেন।
জুবায়ের ঝালকাঠি জেলার বাসিন্দা জালাল আহম্মদের ছেলে। গত ৩০ জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কমিটি থেকে জুবায়েরকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত জুবায়ের বলেছেন, ‘ছোট বেলা থেকে ইচ্ছে ছিল একজন ক্রিকেটার হবো। কিন্তু অভিভাবকদের শাসনের কারণে সে আশা আর পূরণ হয়নি। এরপর ফুটবল নিয়ে শুরু হয় নানা কসরত। এতে করে ফুটবল আমার নিয়ন্ত্রণে চলে আসে। আমি আমার ইচ্ছেমত কারিকুরি করতে পারতাম।’ বেশির ভাগ সময় ঘরের মধ্যেই অনুশীলন করতে হয়েছে তাকে। কীভাবে রেকর্ড গড়লেন সেই প্রসঙ্গে জুবায়ের বলেছেন, ‘কাঁধের ওপর দীর্ঘক্ষণ ফুটবল নাচানোর ভিডিও গিনেস রেকর্ড কমিটির কাছে পাঠিয়েছিলাম। তার পর কমিটি থেকে বিশেষজ্ঞ পাঠিয়ে আমার পরীক্ষা নেওয়া হয়। সেখানে বিশ্বের মধ্যে আমি এক মিনিটে সবচেয়ে বেশিবার কাঁধে ফুটবল নাচানোর রেকর্ড গড়ি।’

‘ঘরের শত্রু বিভীষণ’

ক্রীড়া প্রতিবেদক

একেই বলে ‘ঘরের শত্রু বিভীষণ’। তার নিজের দেশ আয়ারল্যান্ড। একটা সময় ইয়ন মরগ্যান খেলেছেনও আইরিশদের হয়ে। কিন্তু নাগরিকত্ব বদলে এখন তিনি ইংল্যান্ডের মানুষ। বিশ্বকাপ জিতিয়ে ইংলিশদের জাতীয় বীরও বনে গেছেন।
মরগ্যান তাই নিজের সেরাটা ঢেলে দিয়েই লড়ে যান ইংল্যান্ডের জার্সি গায়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ হলে যেন আরও বেশি উজ্জীবিত হয়ে ওঠেন। সাউদাম্পটনে গতকাল মঙ্গলবার সিরিজের তৃতীয় ওয়ানডেতেই যেমন আইরিশ বোলারদের কচুকাটা করে ছাড়লেন ইংলিশ অধিনায়ক। ৭৮ বলে তুলে নিলেন সেঞ্চুরি। এই সেঞ্চুরিটাও এসেছে দলের বিপদের মুখে। ১৪ রানে ২ আর ৪৪ রানে ৩ উইকেট খুইয়ে ধুঁকছিল ইংল্যান্ড। সেখান থেকে চতুর্থ উইকেটে টম ব্যান্টনকে নিয়ে ১৪৬ রানের জুটি গড়েছেন মরগ্যান। ঝড়ো সেঞ্চুরি করে তবেই থামলেন। ৮৪ বলে মরগ্যানের ১০৬ রানের চোখ ধাঁধানো ইনিংসটি ছিল ১৫টি বাউন্ডারি আর ৪টি ছক্কায় সাজানো। কিন্তু দলীয় ১৯০ রানের মাথায় তিনি ফেরার পরই ফের ধাক্কা খায় ইংলিশরা। বড় জুটিতে মরগ্যানকে সঙ্গ দেয়া ব্যান্টন হাফসেঞ্চুরিতেই আটকে যান (৫৮)। এরপর মঈন আলিও মাত্র ১ রান করে সাজঘরের পথ ধরলে ২০৩ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছে ইংল্যান্ড।

প্রথম টেস্টের দল ঘোষণা পাকিস্তানের

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। ওল্ড ট্রাফোর্ডে ৫ আগস্ট থেকে শুরু টেস্টের জন্য পেস আক্রমণ অবশ্য বেশ শক্তিশালীই রেখেছে পাকিস্তান।
পাকিস্তান দল : আজহার আলি (অধিনায়ক), বাবর আজম (সহ-অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, নাসিম শাহ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান এবং ইয়াসির শাহ।

জিদানই বিশ্বের সেরা কোচ

ক্রীড়া প্রতিবেদক

তার ট্রফি ক্যাবিনেটে কোনো অভাব নেই। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ, ইউরো থেকে শুরু করে জিতেছেন কাব পর্যায়ের সব শিরোপা। ব্যাক্তিগত অর্জনেও সব কিছু ছিল। ব্যালন ডি’অর, ফিফা বিশ্বসেরা থেকে শুরু করে সব।
কেউ কেউ বলেন ভালো ছাত্র হলে ভালো শিক্ষক হওয়া যায় না। কিন্তু এখানেও যে ব্যতিক্রম আছে, তা দেখিয়ে দিলেন জিদান। কোচ হিসেবেও তিনি কাসের ফাস্ট বয়। রিয়াল মাদ্রিদের হয়ে যেভাবে দলকে পরিচালনা করেছেন এবং ট্রফি ক্যাবিনেট ভরিয়ে তুলছেন, তাতে তাকে ছাড়া আর কাউকে সেরা কোচ হিসেবে বাছাই করার উপায় তো নেই। বিশেষ করে কাব ফুটবলে। ফ্রান্সের বিখ্যাত এল ইকুইপে পত্রিকা বিশ্বের সেরা কাব কোচের তালিকা প্রকাশ করেছে। সেখানেই জিনেদিন জিদানকে তারা রেখেছে এক নম্বরে। লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী কোচ ইয়ুর্গেন কুপ কিংবা প্রিমিয়ার লিগের গত আসরের চ্যাম্পিয়ন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলাকে পেছনে ফেলে সেরা কোচ নির্বাচন করা হয়েছে জিদানকে। দ্বিতীয় স্থানে রাখা হয়েছে লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন কুপকে। তৃতীয় স্থান ম্যানসিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা।

বিদায় বললেন ক্যাসিয়াস

ক্রীড়া প্রতিবেদক

গত বছরের মে মাসে পোর্তোর হয়ে অনুশীলনের সময় হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছিল। ক্যারিয়ারের সবচেয়ে বড় ধাক্কা সেটিই। এরপরই বলতে গেলে অবসরের দ্বারপ্রান্তে চলে আসেন ইকার ক্যাসিয়াস। অবশেষে আনুষ্ঠানিক বিদায় বলেই দিলেন।
৩৯ বছর বয়সে ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন রিয়াল মাদ্রিদ এবং স্পেনের কিংবদন্তি গোলরক্ষক। এতেই সমাপ্তি ঘটলো তার ২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের। খেলোয়াড়ি জীবনে গোলরক্ষক হিসেবে ইকার ক্যাসিয়াসের বোধ হয় আর কিছু পাওয়ার বাকি ছিল না। রিয়াল মাদ্রিদের হয়ে তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। নিজ দেশ স্পেনের হয়ে জিতেছেন দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং একটি বিশ্বকাপও। ১৯৯০ সালে টিনএজার হিসেবে রিয়াল মাদ্রিদে ক্যারিয়ার শুরু করেছিলেন ক্যাসিয়াস। এরপর রিয়ালের সিনিয়র দলে খেলেছেন ১৬টি বছর। ১৯৯৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৫১০টি ম্যাচে রিয়ালের গোলপোস্ট সামলেছেন তিনি।

সিরি আ’র নতুন মৌসুম শুরু ১৯ সেপ্টেম্বর

ক্রীড়া প্রতিবেদক

পরবর্তী মৌসুম শুরুর তারিখও ঘোষণা করেছে সিরি আ। পূর্ব পরিকল্পিত তারিখ থেকে এক সপ্তাহ পিছিয়ে ইতালিয়ান শীর্ষ লিগটি শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। শেষ হবে আগামী বছরের ২১ মে।
লিগ বিবৃতিতে জানিয়েছে, ‘লিগ কাউন্সিলের সভার প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, সিরি আ শুরু হবে ১৯ সেপ্টেম্বর। বেশির ভাগ কাবের পছন্দের ভিত্তিতেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।’ করোনার কারণে আগের মৌসুমটিই শেষ হয়েছে দেরি করে। কারণ লিগ বন্ধ ছিল মার্চ থেকে জুন। নতুন করে সেটি মাঠে গড়ানোর পর শেষ হয়েছে গত রবিবার। যেখানে টানা নবমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস।রানার্স আপ হয়েছে ইন্টার মিলান। এবার সব কিছু ওলট-পালট হয়ে যাওয়াতে বড়দিনের ছুটির বিরতিটা স্বাভাবিকের চেয়ে কম থাকবে। ফলে ৩ জানুয়ারি ও ৬ জানুয়ারিতেও ম্যাচ অনুষ্ঠিত হবে।

নেইমার-লাউতারোকে কিনবে না বার্সা

ক্রীড়া প্রতিবেদক

মৌসুমের পুরোটা সময় গুঞ্জন শোনা গেছে, এই গ্রীষ্মেই নেইমার জুনিয়র ও লাউতারো মার্তিনেসকে কিনবে বার্সেলোনা। কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিলেন খোদ বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তমেউ।
জানিয়ে দিলেন, করোনা মহামারির কারণে সৃষ্ট আর্থিক সংকটের কারণে বার্সার পক্ষে ফুটবল বিশ্বের এই দুই শীর্ষস্থানীয় ফরোয়ার্ডকে কেনার চেষ্টা করাও এখন সম্ভব নয়। বার্সা প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে, গত গ্রীষ্মে নেইমারকে ফেরানোর সবরকম চেষ্টা করা হয়েছিল। কিন্তু এবার করোনার কারণে বার্সার আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ২০০ মিলিয়ন ইউরো। ফলে বড় সাইনিং হচ্ছে না।

ইংলিশদের ব্যাটিং কোচ জোনাথন ট্রট

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জোনাথন ট্রট। সাবেক এ ইংলিশ ব্যাটসম্যান কাজ করবেন কেবল পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে।
ইংল্যান্ডের হয়ে ৫২ টেস্ট খেলা ট্রট সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ২০১৮ সালে। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন। তার আগে ৪৪.০৮ গড়ে ট্রট সংগ্রহ করেন ৩ হাজার ৮৩৫ রান। ৬৮ ওয়ানডেতে তার গড় ৫১.২৫। ৩৯ বছরের ট্রটের অভিষেক হয়েছিল ২০০৯ সালে। হোম অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি দিয়ে। বিশ্বের নাম্বার ওয়ান টেস্ট দল হওয়া ইংল্যান্ড দলের সদস্যও ছিলেন তিনি। ২০১১ সালে সাবেক এ ওয়ারউইকশায়ার ব্যাটার পান আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। ট্রটের পর সাবেক কিউই স্পিনার জীতেন প্যাটেল ও ওয়ারউইকশায়ার বোলিং কোচ গ্রায়েম ওয়েলচও কোচিং টিমে যোগ দিবেন। তিনজনই ছিলেন ইংল্যান্ড ক্রিকেট ডিরেক্টর অ্যাশলে জাইলসের এজবাস্টনের সহকর্মী।

সমালোচনার মুখে আইপিএল থেকে সরেই গেলো ভিভো

ক্রীড়া প্রতিবেদক

লাদাখের যুদ্ধাবস্থা এখন যেন বিরাজ করছে আইপিএলেও। ২০জন ভারতীয় সেনা নিহত হওয়ার জের ধরে ভারজুড়ে ট্রেন্ড হয়ে গিয়েছিল, বয়কট চীনা পণ্য। তারই জের ধরে জোরালো দাবি উঠেছিল, আইপিএল থেকেও যেন বাদ দেয়া হয় চীনা মোবাইল কোম্পানি ভিভোকে।
রবিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় ভিভোই থাকবে তাদের স্পন্সর। এই ঘোষণার পর ভারতে শুরু হয়ে যায় তুমুল আন্দোলন। সোশ্যাল মিডিয়ায় হ্যাশ ট্যাগ দিয়ে বয়কট আইপিএল আন্দোলনের ঢেউ উঠে গেছে। শেষ পর্যন্ত একদিনও যেতে পারলো না, আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীনা মোবাইল কোম্পানি ভিভো। আইপিএলের তেরোতম সংস্করণের স্পনসরশিপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

আইপিএলের মাঝে হচ্ছে না অস্ট্রেলিয়া-উইন্ডিজ সিরিজ

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাস লকডাউন কাটিয়ে মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে এখন চলছে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ। সামনে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।
কিন্তু অস্ট্রেলিয়া হাঁটল উল্টো পথে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে হোম টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করেছে তারা। সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। কিন্তু অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে না তারা। ফলে আইপিএলে খেলার জন্য অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের সামনে আর কোনো বাধাই থাকল না। সন্দেহ নেই, সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আইপিএলের জন্য ক্রিকেটারদের ছাড় দিতেই। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ বাতিল হলেও একই সময়ে মাঠে চলবে আইপিএল’র লড়াই। আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ না থাকায় ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ভারতের ঘরোয়া এ টি-টোয়েন্টি আসর চলবে নির্বিঘ্নে।