সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার দেবহাটায় এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত যুবক ও দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার কুলিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণীর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে।
গ্রেপ্তারকৃতরা হলো–উপজেলার উত্তর কুলিয়ার আব্দুল আলিম কারিকরের ছেলে আব্দুল করিম, একই গ্রামের মহিদুল ইসলামের ছেলে সাগর হোসেন রাইদ ও গোলাম হোসেন সবুজের ছেলে নিরব হোসেন।
তরুণীর মামা জানান, অভিযুক্তরা আগে থেকেই তাঁর প্রতিবন্ধী ভাগ্নিকে চিনত। তারা যোগসাজশে রোববার রাতে শ্রীরামপুর থেকে মেয়েটিকে কৌশলে ডেকে নিয়ে কয়েক কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার উত্তর কুলিয়ার একটি নির্মাণাধীন খামারে ধর্ষণ করে ফেলে যায়। সারারাত নিখোঁজ থাকার পরদিন দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। পরে তরুণীর জবানবন্দি অনুসারে তার মা দেবহাটা থানায় মামলা করেন।
দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসার জন্য তরুণীকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।










































