Home আঞ্চলিক আয়বহির্ভূত সম্পদ: খুলনায় এলজিইডির হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা

আয়বহির্ভূত সম্পদ: খুলনায় এলজিইডির হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা

39


স্টাফ রিপোর্টার।।
প্রায় অর্ধ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার এলজিইডি অফিসের হিসাবরক্ষক কাজী আবু হাফিজ ফসিউদ্দীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক আল আমিন মঙ্গলবার মামলাটি করেন। আসামি আবু হাফিজ সাতক্ষীরা জেলা সদরের উত্তর কাটিয়া এলাকার বাসিন্দা।

মামলার বাদী জানান, আবু হাফিজ তাঁর সম্পদ বিবরণীতে নিজের নামে ও তাঁর ওপর নির্ভরশীলদের নামে মোট ১ কোটি ৬ লাখ ৮০ হাজার ৭২৭ টাকার সম্পদ অর্জনের ঘোষণা দেন। যাচাইকালে তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫২ লাখ ৬৫ হাজার ৮২০ টাকার সম্পদ পাওয়া যায়। তিনি সরকারি চাকরিকালে নিজের পদ-পদবি ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে এ সম্পদ অর্জন করেন। এই সম্পদ তিনি নিজ নামে ও তাঁর ওপর নির্ভরশীলদের নামে ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।