Home আঞ্চলিক খুমেক হাসপাতালের আলোচিত ‘লিটন’র বিরুদ্ধে এবার থানায় অভিযোগ

খুমেক হাসপাতালের আলোচিত ‘লিটন’র বিরুদ্ধে এবার থানায় অভিযোগ

147

চাকুরী দেয়ার নামে ১লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ

স্টাফ রিপোর্টার

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চাকুরি দেয়ার কথা বলে ১লাখ ৮০ হাজার টাকা নিয়ে ৬মাসের চুক্তিতে করোনা ভাইরাস প্রজেক্ট-এ চাকুরি দেয়ার অভিযোগ উঠেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সেই আলোচিত বন্ধু “লিটন” এর বিরুদ্ধে। প্রতারণা করায় ভুক্তভোগীরা টাকার ফেরৎ চাইলে লিটন টাকা ফেরৎ দিতে অস্বীকার করে; ফলে ঘটনাটি থানা পর্যন্ত গড়িয়েছে।

বুধবার খুলনা থানায় ফরিদ আহমেদ নামক ব্যক্তির স্বাক্ষরিত অভিযোগ পত্রে জানা যায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিগত ১৫ জুন খুলনার নিরালা প্রান্তিক আবাসিক এলাকার ৯ নম্বর রোডের বাসিন্দা লিটন নগদ ৮০ হাজার টাকা এবং চেকের মাধ্যমে ১লাখ টাকা নিয়ে তার ভাইপোকে সরকারি চাকুরির পরিবর্তে করোনা প্রোজেক্টে ৬ মাসের চুক্তিতে চাকুরি দেন। বিষয়টি তিনি জানতে পেরে লিটনের কাছে দেয়া টাকা ফেরত চাইলে লিটন বিভিন্ন ধরনের টালবাহানা শুরু করেন। বাধ্য হয়ে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৯ নম্বর রোডের ১৮০ নম্বর বাড়ির মজিবুর রহমানের পুত্র ফরিদ আহমেদ বুধবার খুলনা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ দাখিলের বিষয়টির সত্যতা স্বীকার করেছেন খুলনা থানার ডিউটি অফিসার এএসআই আরিফ হোসেন। তিনি বলেন তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে লিটন নামক ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। হররোজ অফিসের কাজের সময় পরিচালকের কক্ষে বসে অফিসিয়াল কাজে খবরদারি করেন তিনি। এ ছাড়া লিটনের ছেলে পরিচালকের পাশের চেয়ারে বসে তার পি.এ পরিচয় দেন। পরিচালকের অঘোষিত পিএ হওয়ায় হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারী কাউকেই পরোয়া করেন না আউটসোর্সিং কর্মচারী।

শুধু তাই নয় পরিচালকের বন্ধু পরিচয় দিয়ে  লিটন ইতোমধ্যেই বিভিন্ন মালামাল ক্রয়ের ঠিকাদারী কাজ হাতিয়ে নিয়েছেন।এক কথায় অনেকটা বাপ-বেটার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।

ফলশ্রুতিতে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তথ্যানুসন্ধ্যানে জানা যায়, খুমেক হাসপাতালের বর্তমান পরিচালক যোগদানের পর থেকেই আনোয়ার হোসেন লিটন নামের নগরীর নিরালা এলাকার বাসিন্দার আবির্ভাব ঘটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।তিনি পরিচালকের বন্ধু পরিচয় দিলেও দু’জনের বয়সের তারতম্য অনেক। এছাড়া তিনি দেশের একজন শীর্ষ রাজনৈতিক নেতার ছোটভাইর বন্ধু হিসেবেও নিজেকে পরিচয় দেন।এছাড়া কেএমপির একজন উব্ধতন কর্মকর্তাও তার বন্ধু বলে পরিচয় দেন।

খুমেক হাসপাতালের পরিচালকের বন্ধু পরিচয় দিয়ে ওই ব্যক্তি প্রায়ই হাসপাতালের বিভিন্ন কাজে খবরদারি করেন বলে অভিযোগ রয়েছে। এর প্রতিবাদ করতে গিয়ে সম্প্রতি হিসাব বিভাগের একজন কর্মকর্তা নাজেহাল হয়েছেন। ওই ব্যক্তির ছেলেসহ এ পর্যন্ত আটজন আউটসোর্সিং কর্মচারীকে বিভিন্ন অজুহাতে চাকরীচ্যুৎ করে তদস্থলে নতুন লোক নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন পরিচালকের ওই কথিত বন্ধুর ছেলেও। যিনি পরিচালকের কক্ষেই ল্যাপটপ নিয়ে বসে থাকেন। সম্প্রতি ওই আউটসোর্সিং কর্মচারী হাসপাতালের কেবিনে গিয়ে একজন সিনিয়র স্টাফ নার্সকে লাঞ্ছিত করেন। প্রতিবাদ করতে গিয়ে নার্সরাও পরিচালকের তোপের মুখে পড়েন। এর খেসারত দিতে হয় সেবা তত্ত্বাবধায়ককেও। এছাড়া ওই আউটসোর্সিং কর্মচারী হাসপাতালের বহির্বিভাগের ফার্মেসীতে গিয়ে ফার্মাসিষ্টদের চেয়ার দখল করে বসে থাকেন এমন নজিরও রয়েছে। ওই বাপ-বেটার সাথে ভাল সম্পর্ক রাখায় খুলনা জেনারেল হাসপাতাল থেকে ওষুধ চুরির দায়ে বদলী হওয়া খুমেক হাসপাতালে যাওয়া একজন ফার্মাসিষ্টকেও ইনচার্জ করা হয়। এর মাধ্যমে হাসপাতালের ওষুধসহ অন্যান্য মালামাল বিনা স্লিপে বাইরে পাচার করা হয় এমন অভিযোগও রয়েছে।

কথিত রয়েছে কথিত ওই পি.এ পরিচালকের সরকারি গাড়ি নিয়ে মাঝে-মধ্যে রূপসা সেতুসহ বিভিন্ন স্থানে ঘুরতে যান। বিষয়টি অনেকটা দৃষ্টিকটু বলে অনেক চিকিৎসক পরিচালককে বলতে গিয়ে নাজেহাল হয়েছেন। আনোয়ার হোসেন লিটন ও তার ছেলে কাইয়ুম হোসেন ইমনের বিরুদ্ধে হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে যিনিই প্রতিবাদ করেছেন তিনিই নানাভাবে নিগৃহীত হয়েছেন এমন অভিযোগও রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চিকিৎসক জানান, বিষয়টি এমন পর্যায়ে পৌছেছে যে, মনে হচ্ছে হাসপাতালটি বাপ-বেটার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

হাসপাতালের সামনের মোটর সাইকেলের গ্যারেজটি ভাড়া নিয়ে পরিচালনা করেন এক সংখ্যালঘু ব্যক্তি। তাকেও ওই লিটন সম্প্রতি হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ ঘটনাটি ঘটে গত ১২ জুলাই সকালে। ওইদিন নগরীর বয়রা এলাকার এক বৃদ্ধাকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়। এসময় রোগীর স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পরিচালক নিজেই সেখানে গিয়ে অক্সিজেন না থাকার প্রমান পান। শোনা যাচ্ছে, জরুরি বিভাগের অক্সিজেন নেয়া হয়েছিল হাসপাতালের ক্যাশিয়ারের সেবার জন্য। কিন্তু সে ব্যাপারে কোন পদক্ষেপ না নিয়ে তিনি লাশ নিয়ে রোগীর লোকদের বাইরে চলে যেতে বলেন।

এরপরও একজন কর্মচারীকে দিয়ে মিথ্যা অভিযোগ লিখিয়ে একজন সরকারি নারী কর্মচারী ও ছয়জন আউটসোর্সিং কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। যেটি অনেকটা ‘উদোর পিন্ডি বুধোর ঘাড়ে’ বলেও অনেকে মন্তব্য করেন। এসব বিষয় নিয়ে অবশ্য হাসপাতালের পরিচালক ডা: মুন্সী মো: রেজা সেকেন্দার বলেন, এক শ্রেণির রাজনৈতিক নেতা আউটসোর্সিং কর্মচারী নিয়োগের নামে বাণিজ্য করেছেন। এখন আবার তারা খবরদারি করতে চাইছেন। এটি না মানার জন্যই এসব অভিযোগ আনা হয়েছে। তবে আনোয়ার হোসেন লিটন ও কাইয়ুম হোসেন ইমন প্রসঙ্গে জানতে চাইলে তিনি তেলে-বেগুনে জ্বলে ওঠেন।