Home আঞ্চলিক রক্ষকরাই সাবাড় করছে সুন্দরবন, ‘জ্বালানির’ অজুহাতে হাজারো গাছ নিধন

রক্ষকরাই সাবাড় করছে সুন্দরবন, ‘জ্বালানির’ অজুহাতে হাজারো গাছ নিধন

44


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।


সুন্দরবনের মাথাভাঙা এলাকা থেকে প্রায় ৪০০ গেওয়া গাছ কাটা হয়েছে। বন বিভাগের দুটি নৌকায় এসব গাছ নিয়ে রওনা দেয় পাঁচ ব্যক্তি। মাথাভাঙা হয়ে মাদার নদীতে পৌঁছাতেই স্থানীয়দের নজরে আসে বিষয়টি। এ সময় রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাদের পিছু নেয় গ্রামবাসী। প্রায় দেড় কিলোমিটার ধাওয়া করে গোলাখালীর বাঁকে আটক করা হয় তাদের। এক পর্যায়ে গ্রামবাসীকে ভিডিও করতে দেখে তড়িঘড়ি করে কাঠ বোঝাই নৌকায় বন বিভাগের পতাকা উড়িয়ে দেওয়া হয়। শনিবার দুপুর আড়াইটার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মাথাভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, বন বিভাগের টেংরাখালী টহল ফাঁড়িতে রান্নার কাজে ব্যবহার ও চুক্তিবদ্ধ চার শ্রমিকের মজুরি দিতে গেওয়া গাছগুলো কাটা হয়েছে। তবে গ্রামবাসীর হাতে আটক হলে প্রথমে টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয়। কিন্তু বিষয়টি জানাজানি হওয়ায় সুন্দরবন থেকে কাটা গাছ উদ্ধার দেখিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। ঘটনার দু’দিন পর মামলাটি করেন টেংরাখালী টহল ফাঁড়ির ওসি বিলাল হোসেন।

প্রত্যক্ষদর্শী উৎপল মণ্ডল ও আকতার হোসেন জানান, গাছের গুঁড়িসহ নৌকা আটকের পর বনকর্মী রফিকুল দাবি করেন, জেলেদের মাধ্যমে গোপন সংবাদ পেয়ে বনের গভীর থেকে কাটা অবস্থায় গাছগুলো উদ্ধার করেছেন। তবে সদ্য কাটা গাছগুলো দেখিয়ে শ্রমিকদের একজনের চোখে গাছের কষ লাগার কারণ জানতে চাইলে টেংরাখালী টহল ফাঁড়ির ওসির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এ সময় টেংরাখালী টহল ফাঁড়ির ওসির সঙ্গে যোগাযোগ করা হলে অপ্রস্তুত হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক ‘দেখছি’ বলে ফোনের লাইন কেটে দেন।

উৎপল মণ্ডলের দাবি, টাকার বিনিময়ে তাদের ‘ম্যানেজ’ করতে ব্যর্থ হয়ে ঘটনার দু’দিন পর বন বিভাগের পক্ষ থেকে গাছ উদ্ধার দেখিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর অভিযোগ, খোদ বন বিভাগ এসব গাছ কেটেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে ধুলা দিতে অভিযুক্তরাই মামলার বাদী সেজেছে। এ ঘটনা তদন্ত করে বন বিভাগের অসাধু কর্মীদের চিহ্নিত করার দাবি জানান তিনি।

আকতার হোসেন বলেন, জ্বালানি কাঠ সংগ্রহের অজুহাতে হাজার হাজার গাছ কেটে সুন্দরবন সাবাড় করছে খোদ বনকর্মীরাই। ধরা পড়লে সেটিকে উদ্ধার দেখিয়ে দিব্যি পার পেয়ে যাচ্ছে তারা। মাথাভাঙা এলাকা থেকে গাছ কাটার পর উল্টো মামলার বাদী সেজে গোটা অপরাধকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে।

টেংরাখালী টহল ফাঁড়ির ওসি বিলাল হোসেনের ভাষ্য, জেলেদের মাধ্যমে খবর পেয়ে গাছগুলো জব্দ করা হয়। তবে গাছ অনেক হওয়ায় বন বিভাগের একজন কর্মীর সঙ্গে কয়েকজন বহিরাগতকে পাঠানো হয়েছিল। কোনো সিপিজি (সুন্দরবন সহব্যবস্থাপনা কমিটি) সদস্যের মাধ্যমে টাকা দিয়ে ম্যানেজ চেষ্টার অভিযোগ অস্বীকার করেন তিনি। কিন্তু ১ জুন থেকে সুন্দরবনে জেলেদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকার পরও কীভাবে বনে ঢুকেছিলেন তারা? এ প্রশ্নের জবাব দিতে গিয়ে চুপ হয়ে যান তিনি।

কৈখালী স্টেশন অফিসার টিপু মণ্ডল জানান, গাছ জব্দের কথা জানানো হয়েছে। কিন্তু লোক না পাওয়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মামলায় আসামি করা হয়েছে। তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।