Home খেলাধুলা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচ বাতিল

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচ বাতিল

37


স্পোর্টস ডেস্ক।।

বৈরী আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ বাতিল হয়ে গেছে। টেক্সাসের ডালাসে বাংলাদেশ সময় আজ রাত ৯-৩০ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে শেষ অবধি বাতিল ঘোষণা করতে হয়।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সময় রাত ৮টার একটু আগে জানায়, ‘এ অঞ্চলে প্রতিকূল আবহাওয়ার কারণে অবকাঠামোর যে অবস্থা, এরপর ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়েছে।’

এদিকে ডালাস মর্নিং নিউজ জানিয়েছে, ডালাসসহ উত্তর ও মধ্য টেক্সাসের ২১টি কাউন্টিতে বজ্রপাতসহ ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সকাল ৯টা থেকে কিছু জায়গায় হঠাৎ বন্যার সতর্কতাও দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টে ডালাস পুলিশ সবাইকে অতিরিক্ত সতর্কও হতে বলেছে রাস্তা ব্যবহারের ক্ষেত্রে।

এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টেক্সাসেরই হিউস্টনে তিন ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

ডালাসের এ মাঠে বাংলাদেশের মূল টুর্নামেন্টের ম্যাচ আছে। আগামী ৮ জুন এ মাঠে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।গ্রুপ ‘ডি’তে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে আছে বাংলাদেশের ম্যাচ।

বিশ্বকাপের আগে বাংলাদেশের খেলার কথা আছে আরেকটি প্রস্তুতি ম্যাচ। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আগামী ১ জুন প্রতিপক্ষ ভারত।