আহাদ আলীঃ
ঘূর্ণিঝড় রেমালের কারণে সোমবার (২৭ মে) দিনব্যাপী বিরতিহীনভাবে ঝরেছে অতি ভারী বৃষ্টি। যার ফলে এক প্রকার স্থবির ছিল খুলনা জেলাসহ পার্শ্ববর্তী জেলা।বৃষ্টির প্রভাব পড়েছে কাঁচাবাজারে। সরবরাহ কম থাকায় সব ধরনের সবজির দাম বাড়তি। বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি নেই। আর সবজির দাম বেড়ে যাওয়ায় বাজারে গিয়ে বিপাকে পড়তে হয়েছে ক্রেতাকে।
মঙ্গলবার (২৮ মে) সকালে নগরীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন বাড়তি দাম দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, কাঁচাবাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, শসা প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা, জালি কুমড়া প্রতি পিস ৫০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৬০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকা, ধুন্দল প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, বরবটি প্রতি কেজি ৬০ টাকা, করলা প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, টমেটো প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ মানভেদে প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে আসা বেসরকারি চাকরিজীবী মাসুদুর রহমান বলেন, বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। দোকানিরা বলছে কাঁচামালের সরবরাহ তুলনামূলক কম, সে কারণে বাড়তি দাম ধরছে। গতকাল (সোমবার) দিনব্যাপী বৃষ্টি ছিল। সে কারণে জেলার বিভিন্ন উপজেলা প্রান্ত থেকে সবজি কম আসছে, সে কারণে দাম বেশি। দাম বেশি বলে অর্ধেক অর্ধেক করে সবজি কিনলাম, এক কেজির জায়গায় আধা কেজি করে কিনেছি।
বাজার করতে আসা আরেক ক্রেতা হাবিবুর রহমান বলেন, সবজির মধ্যে কাঁকরোল কিনলাম ১ কেজি ১০০ টাকায়। বাজারে এমন কোনো সবজি নেই যার দাম বাড়তি। সবজির দাম শুনলে আঁতকে উঠতে হচ্ছে। বিক্রেতারা বলছেন, দাম বাড়ার পেছনে আমাদের কোনো হাত নেই, বাজারে মাল আসেনি, সে কারণেই দাম বাড়তি। যেহেতু খেতে হবেই, সে কারণে বাধ্য হয়ে বাড়তি দামেই অল্প অল্প করে কিছু সবজি কিনলাম। আসলে ব্যবসায়ীরা ওৎ পেতে বসে থাকে, কোন অজুহাতে পেলে তারা দাম বাড়াবে। কখনো বাজার মনিটরিং মাঠ পর্যায়ে হয় না, ঠিকমতো বাজার মনিটরিং হলে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি হতো না।
সবজির দাম বাড়তি বিষয়ে কাঁচা মাল বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, সবজি পাইকারি দাম বেশি। ঘূর্ণিঝড়ের কারণে গতকাল সারা দিন বৃষ্টি হয়েছে, জেলার বিভিন্ন উপজেলা প্রান্তে থেকে কৃষকরা ফসল তুলতে পারেনি। সে কারণে আজকে ফসলের সরবরাহ একেবারেই কম। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় আজ বাজারে সব ধরনের সবজির দামই বাড়তি যাচ্ছে। আজ যেমন বৃষ্টি নেই, তাহলে কৃষকরা ঠিকভাবে ফসল তুলে হয়তো বা আগামীকাল থেকে সবজি সরবরাহ ঠিক হয়ে যাবে। সে কারণে কালকে থেকে সবজির দাম কিছুটা কমে আসবে।











































