স্টাফ রিপোর্টার।।
সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শরণখোলা উপজেলা বিএনপির আহবায়ক মতিয়ার রহমান খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাগেরহাট জেলা বিএনপি। নোটিশের জবাব দিতে না পারলে দল থেকে বহিস্কার হবেন এটা প্রায় নিশ্চিত।
গত ২১ মে জেলা বিএনপির আহবায়ক ইঞ্জি. এটিএম আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে সাত দিনের মধ্যে নোটিশের জবাব দেয়ার আহবান জানানো হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে সম্প্রতি মতিয়ার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রায়হান উদ্দিন আকন শান্তর আনারস প্রতীকের পক্ষে নির্বাচনী বৈঠক করেছেন মতিয়ার রহমান খান।

যেখানে নির্বাচনে অংশ নেয়া তো দুরের কথা, ভোট বর্জনের আহবান জানিয়ে জনগণের মাঝে লিফলেট বিতরণ করছে বিএনপি। সেখানে দায়িত্বশীল পদে থেকে এ ধরণের কর্মকান্ড কোন ভাবেই মানতে পারছে না দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা। তাই জোরে সোরে মতিয়ারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবি উঠেছে।
মতিয়ার রহমানের নির্বাচনী বৈঠকের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে তিনি আওয়ামী লীগের সহ সভাপতির আনারস প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন। ইতিমধ্যে ভাইরাল ভিডিও বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারকদের কাছে পৌছেছে।
নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির একজন শীর্ষ নেতা বলেছেন, মতিয়ার রহমান খানের আনারস প্রতীকের পক্ষে নিজের ঘরে বৈঠক করে সংগঠন পরিপন্থি কাজ করেছে সন্তোষজনক জবাবে ব্যর্থ হলে দল থেকে তাকে বহিস্কার করা হবে।
শরণখোলা উপজেলা বিএনপির একাধিক নেতার সাথে আলাপ করলে তারা বিষয়টি কোনভাবেই মানতে পারছেন না। তাদের বক্তব্য মতিয়ার রহমানের রাজনৈতিক ক্যারিয়ার অনেক মজবুত কিন্তু এই মুহুর্তে কেন এমন একটি কাজ করলেন?











































