সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থীর বোন সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালনের অভিযোগ ওঠায় তাকে প্রত্যাহার করে নিয়েছে প্রশাসন। তালার হাজরাকাটি সরকারি প্রাইমারি স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঘোষ সনৎ কুমার অভিযোগটি করেন।
তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মশিয়ার রহমানের বোন তাসলিমা খাতুন তালার হাজরাকাটি সরকারি প্রাইমারি স্কুল কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পরে বেলা সাড়ে ১১টায় স্ট্রাইকিং ফোর্স কর্মকর্তা তৈবুর রহমানের অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে রিটার্নিং অফিসার এডিসি জেনারেল সরোয়ার হোসেন তাকে প্রত্যাহারের নির্দেশ দেন। তার স্থলে অতিরিক্ত তালিকায় থাকা অখিল কুমার মণ্ডলকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত সহকারী প্রিসাইডিং অফিসার তাসলিমা খাতুন জানান, সদ্য সাবেক তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান বর্তমান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সনৎ কুমার ঘোষ কেন্দ্র পরিদর্শন পরবর্তী এ অভিযোগ উত্থাপন করায় তাকে উঠিয়ে নেওয়া হয়।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আজিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাসলিমাকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।
ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়লেও দুপুর ১২টা পর্যন্ত ২০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।











































