Home জাতীয় একনেকে ৩ হাজার কোটি টাকার ৭ প্রকল্পের অনুমোদন

একনেকে ৩ হাজার কোটি টাকার ৭ প্রকল্পের অনুমোদন

10

ঢাকা অফিস

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) তিন হাজার ৭৫ কোটি ৩৩ লাখ টাকার ব্যয় সম্বলিত সাতটি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে (জিওবি) দুই হাজার ১৩২ কোটি ৮৮ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন (ঋণ) থেকে পাওয়া যাবে ৯৪২ কোটি ৪৬ লাখ টাকা। মঙ্গলবার (২৮ জুলাই) প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন। 

সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১. রাজশাহী মহানগরীতে পানি সরবরাহ ব্যবস্থার পুনর্বাসন প্রকল্প ২. খুলনা পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প ৩. ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট (আইএসপিপি)-যতœ (৩য় সংশোধিত) প্রকল্প, ৪. আমার বাড়ি আমার খামার (৪র্থ সংশোধিত) প্রকল্প, ৫. তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্প, ৬. মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প ও ৭. শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প। একনেক সভায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক; তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ সভার কার্যক্রমে অংশ নেন। পরিকল্পনা মন্ত্রী গণভবনে এবং অন্য মন্ত্রীরা এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।