Home Uncategorized খুলনার ডুমুরিয়ায় মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি, ৮টিতে আ. লীগের মধ্যে লড়াই

খুলনার ডুমুরিয়ায় মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি, ৮টিতে আ. লীগের মধ্যে লড়াই

71

স্টাফ রিপোর্টার।।

খুলনার ৯ উপজেলায় প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটছে চেয়ারম্যান প্রার্থীদের। এবারের নির্বাচনে ডুমুরিয়া উপজেলায় আওয়ামী লীগ নেতার সঙ্গে বিএনপি নেতার মূল প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। অন্য ৮ উপজেলার প্রতিটিতে লড়াই হবে আওয়ামী লীগের নেতাদের মধ্যেই। প্রার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে।


প্রধান প্রধান প্রার্থীরা জয়ের জন্য মরিয়া হয়ে এলাকায় নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন। নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহ কম থাকলেও তৎপর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা।

দ্বিতীয় ধাপে আগামী ২১মে নির্বাচন অনুষ্ঠিত হবে ফুলতলা, দিঘলিয়া ও তেরখাদা উপজেলায়। দিঘলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন। এর মধ্যে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ মারুফুল ইসলাম এবং সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন মল্লিক রয়েছেন মূল প্রতিদ্বন্দ্বিতায়। অন্য ২ প্রার্থী হলেন বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা গাজী মো. এনামুল হাচানমাসুম ও আওয়ামী লীগের মো. জাকির হোসেন।

তেরখাদায় সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ও জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি আবুল হাসান শেখ একে অপরের প্রতিদ্বন্দ্বী।

ফুলতলা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন। এর মধ্যে পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান ও ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন শক্ত অবস্থান তৈরি করেছেন। তার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বীতায় আসার চেষ্টা করছেন উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেন। তৎপরতা চালাচ্ছেন জেলা আওয়ামী লীগের সদস্য বিলকিছু আক্তার ধারা। তবে প্রার্থী তালিকায় নাম থাকলেও সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন।

এদিকে তৃতীয় ধাপে আগামী ২৯ মে নির্বাচন হবে ডুমুরিয়া, কয়রা ও পাইকগাছা উপজেলায়। ডুমুরিয়ায় বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য এজাজ আহমেদ এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মুনিমুর রহমান নয়ন রয়েছেন মূলপ্রতিদ্বন্দ্বিতায়। বিএনপি তাকে শোকজ করলেও বহিষ্কার করেনি। এ উপজেলায় বিজয়ী হওয়ার জন্য ব্যাপক তৎপরতা চালাচ্ছেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. আজগর বিশ্বাস ওরফে তারা বিশ্বাস।

কয়রায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এস এম শফিকুল ইসলাম এবং সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা রয়েছেন মূল প্রতিদ্বন্দ্বিতায়। চেয়ারম্যান প্রার্থী অনাদী সানা শক্ত অবস্থান তৈরি করতে পারেননি।