Home আঞ্চলিক গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১

গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১

83


গোপালগঞ্জ প্রতিনিধি।।

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী বিজয়ী চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া ও পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো. ওসিকুর ভুঁইয়া (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আর ৫ জন।


আহতদের মধ্যে চারজনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (১৪ মে) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ভূইয়াপাড়া এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত ওসিকুর গোপালগঞ্জ সদর উপজেলা চন্দ্রদিঘলিয়া গ্রামের জলিল ভুঁইয়ার ছেলে। সে চন্দ্রদিঘলিয়া বাজারে চা বিক্রেতা ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, বিএম লিয়াকত আলীর সমর্থক ওই গ্রামের জাকির বিশ্বাসের ছেলে পরশ বিশ্বাস সন্ধ্যার পর চন্দ্রদিঘলিয়া ভূঁইয়াপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ধুমপান করছিলেন। এ সময় কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থক ওই গ্রামের কালু ভুইয়ার ছেলে দ্বীপ ভুঁইয়া ও হিদু ভুঁইয়ার ছেলে সিমন ভুঁইয়া তার বাবার সামনে ধুমপান করায় পরশ বিশ্বাসের সাথে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এর এক পর্যায়ে পরশ বিশ্বাসকে চড় থাপ্পড় মারে। এ ঘটনা পরশ বিশ্বাস তার বাবাকে জানালে বিএম লিয়াকত আলীর সমর্থকরা সংগঠিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থকদের ওপর হামলা চালায়। এতে সংঘর্ষ বেঁধে গেলে কামরুজ্জামান ভূঁইয়ার সর্মথকেরা গুলি বর্ষণ করে।

এতে বিএম লিয়াকত আলীর সমর্থক মো. ওসিকুর ভুঁইয়া, হাকিম খন্দকার, মেহেদি বিশ্বাস ও লিমন ভুইয়াসহ ৬ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গিলে জরুরি বিভাগের চিকিৎসক মো. ওসিকুর ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা জবেদা বেগম বলেন, আমার ছেলে বিএম লিয়াকত আলীর নির্বাচন করেছিলো। সন্ধ্যার পর বাজারে ওষুধ কিনতে গিয়েছিল। এ সময় কামরুজ্জামানের লোকজন আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে। আমরা হত্যাকারির ফাঁসি চাই।

এ বিষয়ে পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলী বলেন, নিহত মো. ওসিকুর ভুঁইয়া আমার ভাগ্নে। সে আমার নির্বাচন করায় কামরুজ্জামান হুকুম দিয়ে সমর্থক দিয়ে ওসিকুরকে হত্যা করেছেন। আমি এর সঠিক বিচার চাই।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. মতিয়ার রহমান মোল্লা বলেন, আমরা লোক মুখে জানতে পেরেছি চন্দ্রদিঘলিয়া দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।