Home খেলাধুলা বাঁচা-মরার ম্যাচের আগে বেঙ্গালুরু শিবিরে বড় ধাক্কা

বাঁচা-মরার ম্যাচের আগে বেঙ্গালুরু শিবিরে বড় ধাক্কা

21


স্পোর্টস ডেস্ক

টানা ৬ হারে আইপিএল থেকে প্রায় ছিটকেই গিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে সেখান থেকে টানা ৫ জয়ে প্লে-অফের আশাও বাঁচিয়ে রেখেছে ফাফ ডু প্লেসির দল। গ্রুপপর্বে বেঙ্গালুরুর আর ১টি ম্যাচ বাকি। প্লে-অফে উঠতে হলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সেই ম্যাচে জিততেই হবে দলটিকে। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ধাক্কা খেল তারা।


ইংল্যান্ডে ফিরে গেছেন বেঙ্গালুরুর দুই তারকা উইল জ্যাকস ও রিস টপলি। জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে আগামী ২২ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ফিরতে হয়েছে তাদের। পেসার টপলি নিয়মিত না খেললেও ব্যাটিংয়ে জ্যাকস বেঙ্গালুরর বড় ভরসা ছিলেন। তাদের ছাড়া চেন্নাইয়ের বিপক্ষে বেশ বেকায়দায়ই পড়বেন বিরাট কোহলিরা।

জাতীয় দলের দায়িত্ব সামলাতে ইংল্যান্ড ফিরতে হয়েছে পাঞ্জাব কিংসের লিয়াম লিভিংস্টোন ও রাজস্থান রয়্যালসের জশ বাটলারকেও। এরই মধ্যে আইপিএলের প্লে অফের দৌড় থেকে বাদ পড়া পাঞ্জাব কিংসের লিভিংস্টোন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আরও এক বছরের জন্য আইপিএল শেষ। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে হাঁটু ঠিক করতে হবে। ভালোবাসা ও সমর্থনের জন্য আরও একবার ধন্যবাদ পাঞ্জাব কিংস। দলগত ও ব্যক্তিগতভাবে হতাশার মৌসুম কিন্তু সবসময়ের মতোই আইপিএলে খেলা প্রত্যেক মিনিটই ভালোবেসেছি।’

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার পরই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দেবে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী ৪ জুন বার্বাডোজের ব্রিজটাউনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংলিশরা।

এদিকে, আইপিএলে খেলা ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটার- মঈন আলি (চেন্নাই), স্যাম কারেন (পাঞ্জাব), জনি বেয়ারস্টো (পাঞ্জাব) ও ফিল সল্ট (কলকাতা) শিঘ্রই বাড়ি ফিরে যাবেন।