Home খেলাধুলা বাবর ছাড়িয়ে গেলেন মাসাবাকে

বাবর ছাড়িয়ে গেলেন মাসাবাকে

25


খেলা ডেস্ক

ব্যাটিংয়ে বাবর আজমের দিনটা সুবিধার যায়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার ব্যাট হাসেনি। ১৯৪ রানের লক্ষ্যে ৪ বল খেলে কোনো রান না করেই আউট হন তিনি। যদিও শেষ হাসি হাসে বাবর আজমের দল। এ জয়ে একটি রেকর্ডও হয়ে গেছে পাকিস্তান অধিনায়কের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ী এখন তিনি।

দ্বিতীয়বার দায়িত্ব পাওয়ার পর বাবরের অধীনে গতকালের ম্যাচে পাকিস্তান পেয়েছে ৪৫তম জয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি জয়ী দলকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক এখন তিনি। সেই সঙ্গে বাবর আজম ছাড়িয়ে গেলেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাকে। মাসাবার অধীনে আফ্রিকান দেশটি জিতেছে ৪৪ ম্যাচ।

এর আগে ২০২০ সালের জানুয়ারিতে লাহোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অধিনায়ক হিসেবে প্রথম জয় পান বাবর। সে ম্যাচেও তিনি কোনো রান করতে পারেননি। অধিনায়ক হিসাবে সেটি ছিল তার চতুর্থ ম্যাচ, তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার নেতৃত্বে প্রথম তিনটি ম্যাচ হেরেছিল পাকিস্তান।

এর আগে ওয়ানডে বিশ্বকাপের পর তিন সংস্করণের অধিনায়কত্বই ছেড়ে দিয়েছিলেন বাবর। টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। কিন্তু আবারও নাটকীয়ভাবে বাবর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ফিরে পান। দ্বিতীয় দফা দায়িত্ব পাওয়ার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে তিনি অধিনায়ক হিসিবে দায়িত্ব পালন করছেন।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয় পাওয়া অধিনায়কদের তালিকায় এখনো দায়িত্বপ্রাপ্ত আছেন পাঁচজন— বাবর, মাসাবা, ভারতের রোহিত শর্মা, মালয়েশিয়ার আহমেদ ফায়াজ, নামিবিয়ার গেরহার্ড এরাসমাস ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। সামনের মালয়েশিয়ার ফায়াজ ছাড়া বাকিদের দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। আবার উইলিয়ামসন ও মাসাবা প্রথম পর্বে গ্রুপ ‘সি’-এর লড়াইয়ে মুখোমুখি হবেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ী শীর্ষ দশ অধিনায়ক হলেন—
জয় অধিনায়ক দল
৪৫ বাবর আজম পাকিস্তান
৪৪ ব্রায়ান মাসাবা উগান্ডা
৪২ এউইন মরগান ইংল্যান্ড
৪২ আসগর আফগান আফগানিস্তান
৪১ মহেন্দ্র সিং ধোনি ভারত
৪১ রোহিত শর্মা ভারত
৪০ অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়া
৩৯ আহমেদ ফায়াজ মালয়েশিয়া
৩৮ গেরহার্ড এরাসমাস নামিবিয়া
৩৭ কেইন উইলিয়ামসন নিউজিল্যান্ড