ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের প্রকোপ এখনও শেষ হয়নি। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এখনও দলীয় অনুশীলনের ব্যাপারে ভাবছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
বিসিবির স্বাস্থ্যবিধি মেনে গত ১৯ জুলাই থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন ১০ ক্রিকেটার। সংখ্যাটা এখন ১৩ তে। তবে সহসাই যে দলীয় অনুশীলন বা ম্যাচ আয়োজন হচ্ছে না, চোখ-কান বুজেই সেটা বলে দেওয়া যায়। বিসিবির দৃষ্টিও এ বছরের শেষের দিকে। পূর্ব নির্ধারিত সময় ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চায় বিসিবি।
এর আগেই অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর করার ইচ্ছা বিসিবির। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই আসরটি নিয়ে চিন্তিত বিসিবি। আগস্টে অবস্থা ভালো হলে প্রিমিয়ার লিগ শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়রারম্যান জালাল ইউনুস। অবস্থা ভালো না হলে এই আসরটির ভাগ্য অন্ধকারে পড়ে যাবে। এই দুটি আসরের ভাগ্য নির্ধারণ হবে ঈদুল আযহার পর। গত মার্চে এক রাউন্ডের পর স্থগিত হয়ে যাওয়া প্রিমিয়ার লিগ শুরু করা নিয়ে সংশয় থাকায় বিপিএল আয়োজনের ব্যাপারে বেশি জোর দিচ্ছে বিসিবি।
জালাল ইউনুস বলেন, ‘দ্রুতই আমরা আলোচনায় বসব। ঈদের পর বিসিবির ওয়ার্কিং কমিটির একটি সভা আছে। বিপিএল নিয়ে আলোচনা করব কখন করা যায়। বিপিএল করার সময়টা হাতে আছে। কারণ এটার জন্য নির্ধারিত সময় ডিসেম্বর-জানুয়ারি। চার মাস হাতে থাকবে। আমরা চেষ্টা করব বিপিএল ঠিক সময়েই করতে।’
বিপিএলের সপ্তম আসরে ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিপিএলের সবগুলো দলের তত্ত্বাবধানে ছিল বিসিবি। নতুন নাম দেওয়া হয়েছিল দলগুলোর। তবে অষ্টম আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো ইচ্ছা করলে পুরনো নামে দল গঠন করতে পারবে।
টানা নবমবারের মতো চ্যাম্পিয়ন জুভেন্টাস
ক্রীড়া প্রতিবেদক
সিরি আ’য় শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলেছিল জুভেন্টাস। ফলে পয়েন্ট টেবিলে তাদের সঙ্গে ব্যবধান কমিয়ে শিরোপা স্বপ্ন দেখছিল ইন্টার মিলানও। সঙ্গে জুভেন্টাসের ওপরও বাড়তি চাপ প্রয়োগ করেছিল। তবে ইন্টারের সেই স্বপ্নটা যে বাস্তবসম্মত নয়, তা টের পাওয়া গেলো শনিবার রাতে। সাম্পদোরিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা নবম শিরোপা নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্টরা।
তার আগের দিন ইন্টারের জয়ের পর অবস্থা এমন দাঁড়িয়েছিল যে শেষ তিনটি ম্যাচে হারলে শিরোপা নিশ্চিত করার সুযোগ থাকবে ইন্টারের। অপর দিকে সাম্পদোরিয়াকে হারালেই শিরোপা নিশ্চিত জুভেন্টাসের। আগের ম্যাচে হেরে যাওয়াতেই অপেক্ষাটা বেড়ে যায় জুভেন্টাসের। সঙ্গে বাড়ে চাপও। সাম্পদোরিয়ার বিপক্ষে শুরুটাও ছিল শ্লথ গতির। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করে জালে বল পাঠাতে পারেনি রোনালদোরা। ৪২ মিনিটে রোনালদোর তেমনই একটি শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। তার পরে বের্নারদেস্কির শট ফিরিয়ে দিয়েছেন গোলরক্ষক। বার বার আক্রমণে যাওয়া জুভেন্টাস অবশেষে এগিয়ে যায় প্রথমার্ধের যোগ করা সময়ে। মিরালেম পিয়ানিচের শর্ট ফ্রি কিকে দলকে এগিয়ে দেন রোনালদো। যা ছিল সিরি আ’য় পর্তুগিজ তারকার মৌসুমের ৩১তম গোল। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বের্নারদেস্কি।
রোনালদোর সামনে সুযোগ ছিল এই মৌসুমে সিরি আ’র সর্বোচ্চ গোলদাতা সিরো ইম্মোবিলের আরও কাছে থাকার। ইম্মোবিলে ৩৪ গোল করে শীর্ষে আছেন। কিন্তু রোনালদো শেষ মিনিটে পেনাল্টির সুযোগ পেলেও তা গিয়ে লেগেছে ক্রসবারে! তার আগেই ১০ জনের দলে পরিণত হয় সাম্পদোরিয়া।
ফিটনেস নিয়ে চিন্তিত নন ডে
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে চার মাসের বেশি সময় মাঠে নেই দেশের ফুটবল। তবে আগামী ৫ আগস্ট থেকে জাতীয় দলের প্রস্তুতি শুরু হচ্ছে। গাজীপুরের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন ৩৬ ফুটবলার।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই সামনে রেখে আবারও জামাল-জীবনরা অনুশীলনে ব্যস্ত হয়ে পড়বেন। তারা লম্বা সময় মাঠের বাইরে থাকলেও প্রধান কোচ জেমি ডে ফিটনেস নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন। একদিন আগেই জাতীয় দলের প্রাথমিক তালিকা ঘোষণা করেছেন ডে। আজ সোমবার আনুষ্ঠানিক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দল নিয়ে নানান কথা বলেছেন এই ইংলিশ কোচ।
ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট বিসিবি চিকিৎসক
ক্রীড়া প্রতিবেদক
ঈদের পরেই জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে হাইপারফরমেন্স, অনূর্ধ্ব-১৯ এবং নারী দলকে অনুশীলনে ফেরাতে চায় বিসিবি। এ ল্েয ক্রিকেট অপারেশন্স নিয়মিত সভা করছেন বিভিন্ন টেকনিক্যাল কমিটির সঙ্গে। জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সঙ্গে দীর্ঘদিন পরে অনুশীলনে ফেরা ক্রিকেটারদের ফিটনেস নিয়েও নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি।
প্রায় ৪ মাস পর অনুশীলন। ছিলো শঙ্কা, ছিলো ভয়। তবে সবকিছু জয় করেই মাঠে ফিরেছেন মুশফিক-মিঠুনরা। প্রমাণ করেছেন নিজেদের ফিটনেস লেভেল।
দীর্ঘদিন পর অনুশীলনে ফেরায় ছিলো ইনজুরির হাতছানি। শুরুর দিকে দম ধরে রাখাসহ সমস্যা হয়েছে ক্রিকেটারদের খাপ খাইয়ে নিতেও। তবে শেষ পর্যন্ত সব বাধা উৎরে গেছেন তারা। এটাকে অন্য ক্রিকেটারদের জন্য ইতিবাচক দিক বলছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি অন্যদেরও অনুশীলনে ফেরাতে। শুধু জাতীয় দল নয়, জুনিয়র দলগুলোকেও এর আওতায় আনতে হবে।
বিয়ে করলেন ক্রিকেটার মেহেদী হাসান
ক্রীড়া প্রতিবেদক
অনেকটা হঠাৎ করেই যেন ক্রিকেট পাড়ায় বিয়ের ধুম পড়েছে। সম্প্রতি বিয়ে করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলামরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন জাতীয় ক্রিকেট দলের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান।
রবিবার সন্ধ্যায় খুলনার এ তরুণ তারকা ক্রিকেটার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বয়রায় মেহেদীর মামার বাসায় একেবারেই ঘরোয়া পরিবেশে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের জীবনসঙ্গিনীর নাম ঋতু। তিনি খুলনা সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে অধ্যয়নরত আছেন। ২০১৮ সালে সিলেটে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে জাতীয় দলে মেহেদীর অভিষেক হয়। এখন পর্যন্ত এই ফরম্যাটে চারটি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে দারুণ পারফরম্যান্স করে সবার নজর কেড়েছিলেন তিনি।
আইপিএলে বাংলাদেশের তিনজন
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে ভারতে না হয়ে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আসরের নিলামে বাংলাদেশি কোনো খেলোয়াড়ই দল পাননি। তবে ক্রিকেটার না থাকলেও অন্য ভূমিকায় দেখা যাবে তিনজন বাংলাদেশিকে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদে দুজন ও চেন্নাই সুপার কিংসে একজন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
মূলত থ্রোয়ার হিসেবে এই তিনজন কাজ করবেন। হায়দ্রাবাদে কাজ করবেন বুলবুল আহমেদ ও রবিউল করিম সেন্টু। এই দুজনই অনেক দিন ধরে বাংলাদেশ জাতীয় দলে থ্রোয়ার হিসেবে আছেন। এবারই প্রথম তারা আইপিএলে কাজ করবেন। মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসে থ্রোয়ার হিসেবে কাজ করবেন খলিল খান। তিনি এর আগে এক মৌসুম চেন্নাই সুপার কিংসে ও দুই মৌসুম রাইজিং পুনে সুপার জায়ান্টসের সঙ্গে কাজ করছেন।
ত্রয়োদশ আইপিএলে চেন্নাইয়ে কাজ করতে যাওয়া খলিল সব কিছু ঠিক থাকলে ১০ আগস্ট দুবাইয়ের বিমান ধরবেন। সেখানে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার পর শুরু করবেন কাজ।
বিশ্বকাপ সুপার লিগ শুরু বৃহস্পতিবার
ক্রীড়া প্রতিবেদক
বৈশ্বিক মহামারির কারণে কয়েক মাস পিছিয়ে গেছে, তবে একেবারে বাতিল হয়নি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ। ৩০ জুলাই ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ সুপার লিগের প্রথম আসর।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ ১২ দলের সঙ্গে ২০১৫-১৭ মৌসুমের সুপার লিগের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে নিয়ে মোট ১৩ দলের হবে এই ওয়ানডে সুপার লিগ। যেখানে দলগুলো হোম এবং এওয়ে ভিত্তিতে ৪টি করে মোট ৮টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আয়োজক ভারত ব্যতীত এই লিগের শীর্ষ ৭ দল পাবে সরাসরি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ। লিগের প্রথম সিরিজটি খেলতে এরই মধ্যে ইংল্যান্ড পৌঁছে গেছে আয়ারল্যান্ড। মূল সিরিজ শুরুর আগে ইংল্যান্ড এ দলের বিপক্ষে ৩ উইকেটে এবং ইংল্যান্ড লায়নসের কাছে ৭ উইকেটে হেরেছে আইরিশরা। সিরিজের ম্যাচ তিনটি হবে ৩০ জুলাই, ১ আগস্ট ও ৪ আগস্ট।
গোল্ডেন বুট জিতলেন ভার্ডি
ক্রীড়া প্রতিবেদক
সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ জিতেছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন লেস্টার সিটির ইংলিশ ফরোয়ার্ড জেমি ভার্ডি।
২০১৯/২০ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে ম্যানসিটি। গত আসরে গোল্ডেন গ্লাভ জিতেছিলেন সেবারের রানার্স-আপ অলরেডদের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। এবার জিতলেন তারই স্বদেশি এডারসন। এছাড়া ২০ গোলে অ্যাসিস্ট করে আর্সেনালের সাবেক ফরাসি ফরোয়ার্ড থিয়েরি অঁরির রেকর্ড স্পর্শ করেছেন কেভিন ডি ব্রুইন। প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের ক্ষেত্রে এই দুই তারকা বসেছেন একই চেয়ারে।
চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করলো ম্যানইউ-চেলসি
ক্রীড়া প্রতিবেদক
ইংলিশ প্রিমিয়ার লিগের ২০১৯/২০ মৌসুমের শেষ দিনে মাঠে নেমেছিল দলগুলো। আগেই শিরোপা নিশ্চিত হয়ে গেলেও শেষ পর্যন্ত নজর ছিল তৃতীয় ও চতুর্থ স্থানের দিকে। সেরা চারটি দল খেলবে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে।
শেষ ম্যাচে নামার আগে তিন, চার ও পাঁচ নম্বরে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লেস্টার সিটি। ম্যানচেস্টারের প্রতিপক্ষ ছিল লেস্টার। অন্যদিকে উলভারহাম্পটনের বিপক্ষে মাঠে নামে চেলসি। চ্যাম্পিয়নস লিগ নিশ্চিতের ম্যাচে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। একইরকম ফল চেলসিরও। লেস্টারের বিরুদ্ধে রেড ডেভিলসদের হয়ে একটি করে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ ও জেসি লিঙ্গার্ড। অন্যদিকে চেলসির জার্সিতে একটি করে গোল তুলেছেন ম্যাসন মাউন্ট ও অলিভিয়ের জিরো।
এই জয়ে ৩৮ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রইলো ম্যানইউ। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চতুর্থ স্থানে রইল চেলসি। দুই দলই ২০২০/২১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিলো।
বড় জয়ে লিগ শেষ করল ম্যানসিটি
ক্রীড়া প্রতিবেদক
লিভারপুলের বিপক্ষে ৪-০, নিউক্যাসলের বিপক্ষে ৫-০, ব্রাইটনের বিপক্ষে ৫-০, ওয়াটফোর্ডের বিপক্ষে ৪-০ এবং সবশেষ নরউইচ সিটির বিপক্ষে ৫-০; ইংলিশ প্রিমিয়ার লিগের সদ্যসমাপ্ত মৌসুমের সাত রাউন্ড বাকি থাকতেই শিরোপা হারানোর পর ম্যানচেস্টার সিটির পাঁচটি ম্যাচের ফলাফল এগুলো। যেখানে তারা করেছে মোট ২৩টি গোল।
টানা তৃতীয়বারের মতো লিগ শিরোপা জেতার মিশন নিয়েই এবার মৌসুম শুরু করেছিল ম্যান সিটি। ২০১৭-১৮ মৌসুমে ১০০ এবং ২০১৮-১৯ মৌসুমে ৯৮ পয়েন্ট পাওয়া দলটির শিরোপার হ্যাটট্রিক হওয়ার সম্ভাবনাও ছিল প্রচুর। কিন্তু তা করতে পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা। লিগের সাত ম্যাচ বাকি থাকতেই শিরোপা হারিয়ে বসে লিভারপুলের কাছে। লিগ শিরোপা হারানোর পর খেলা সাত ম্যাচে অবশ্য আগুনে ফুটবল খেলেছে তারা। যার সবশেষ উদাহরণ নরউইচ সিটির বিপক্ষে ৫-০ গোলের বড় জয়। সবমিলিয়ে এই সাত ম্যাচে তারা জিতেছে ছয়টিতে, প্রতিপক্ষের জালে করেছে মোট ২৬টি গোল। তাতে কিছুই বদলায়নি, শিরোপা ঠিকই চলে গেছে লিভারপুলের ঘরে।
ইংলিশদের ওয়ানডে দলে ফিরলেন উইলি-টপলি
ক্রীড়া প্রতিবেদক
আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আর এই দলে নেয়া হয়েছে দুই বাঁহাতি পেসার ডেভিড উইলি ও রিস টপলিকে।
উইলি সর্বশেষ জাতীয় দলের হয়ে ২০১৯ সালের মে মাসে খেলেছিলেন। তিনি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও পরবর্তীতে জোফরা আর্চারকে দলে নেওয়ায় বাদ পড়তে হয়। তবে দীর্ঘদিন চোটে ভোগা টপলি ২০১৬ সালের ফেব্রুয়ারির পর আর খেলেননি। ৩০ জুলাই প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। এই সিরিজের মধ্যদিয়ে আবার শুরু হচ্ছে বিশ্বকাপের সুপার লিগ।
ইংল্যান্ড দল : ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো (ইয়র্কশায়ার), টম ব্যানটন, স্যাম বিলিংস, টম কারান, লিয়াম ডসন, জো ডেনলি, সাকিব মাহমুদ, আদিল রশিদ, জেসন রয়, রিস টপলি, জেমস ভিন্স, ডেভিড উইলি।
বার্সেলোনাতেই থাকবেন মেসি
ক্রীড়া প্রতিবেদক
লিওনেল মেসিকে নিয়ে জল্পনা অব্যাহত। ইতালির সংবাদপত্রে লেখা হচ্ছে, বার্সেলোনার উপরে তিতিবিরক্ত আর্জেন্টাইন মহাতারকাকে কিনতে ঝাঁপিয়েছে ইন্টার মিলান।
কিন্তু বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ এক সাক্ষাৎকারে বলে দিলেন, ‘লিও তো নিজেই বহুবার বলেছে, বার্সা থেকেই অবসর নেবে। ও যে নতুন চুক্তিতে সই করবে তা নিয়ে আমার কোনও সন্দেহ নেই।’ মেসির ইতালিতে যাওয়ার সম্ভাবনার খবরের ২৪ ঘণ্টা না যেতেই ব্রিটিশ প্রচারমাধ্যমের লেখা হচ্ছে, বার্সেলোনা অধিনায়ক কিকে সেতিয়েনের জায়গায় লিডস ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে তোলা মার্সেলো বিয়েলসাকে ম্যানেজারের দায়িত্বে দেখতে চান। এই খবর সত্যি হলেও স্পেনেই থাকছেন মেসি! বার্তোমেউ যদিও বলেছেন, সেতিয়েনকে সরানো হচ্ছে না।
জন্টি রোডসকে সম্মান জানাল আইসিসি
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফিল্ডার ছিলেন জন্টি রোডস। দক্ষিণ আফ্রিকার পিটারমারাইটজবার্গে ১৯৬৯ সালের ২৭ জুলাই জন্ম নেন তিনি। গতকাল সোমবার ছিল প্রোটিয়া এ সাবেক তারকা ক্রিকেটারের ৫২তম জন্মদিন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এ ফিল্ডারের জন্মদিনে টুইট করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
১৯৯২ সালের ফেব্রুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় জন্টি রোডসের। জাতীয় দলের হয়ে ১১ বছরে ৫২টি টেস্ট আর ২৪৫টি ওয়ানডে ম্যাচ খেলে ৫টি সেঞ্চুরির সাহায্যে ৮ হাজার ৪৬৭ রান সংগ্রহ করেন তিনি। ব্যাটিংয়ের চেয়েও জন্টি রোডসের বিশেষত্ব ছিল ফিল্ডিংয়ে। ক্রিকেট ক্যারিয়ারে অসম্ভব কিছু ক্যাচ তালুবন্দি করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বাজপাখির মতো উড়ে গিয়ে ক্যারিয়ারে ১৩৯টি দুর্দান্ত ক্যাচ নেন জন্টি রোডস। অবিশ্বাস্য কিছু ক্যাচ তালুবন্দি করার জন্যই ক্রিকেট ইতিহাসের সেরা ফিল্ডারদের তালিকায় নিজের স্থান করে নিয়েছেন জন্টি রোডস।









































