স্টাফ রিপোর্টার।।
না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ রাজনীতিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা, মুক্তিযুদ্ধের সংগঠক ও লেখক হায়দার আকবর খান রনো। দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছিলেন তিনি। গত ৬ মে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে
তাকে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার দিনগত রাতে সেখানেই মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮১ বছর।
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, রনো ভাই আর নেই। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ২টা ৫ মিনিটে মারা গেছেন।
হেলথ অ্যান্ড হোপের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী জানান, হায়দার আকবর খান রনো টাইপ-২ রেসপিরেটরি ফেইলিওর নামক শ্বাসতন্ত্রীয় রোগে ভুগছিলেন।
এদিকে হায়দার আকবর খান রনোর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ শোক জানানো হয়। প্রধানমন্ত্রী শোকবার্তায় হায়দার আকবর খান রনোর আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানান।
জানা গেছে, পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় হায়দার আকবর খান রনোর মরদেহ আগামীকাল সোমবার পর্যন্ত শমরিতা হাসপাতালের মর্গে রাখা হবে। স্বজনরা দেশে ফিরলে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে। এরপর বনানী কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।
হায়দার আকবর খান রনোর জন্ম ১৯৪২ সালের ৩১ আগস্ট কলকাতায়। তার পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রনো ১৯৬২ সালের সামরিক শাসনবিরোধী আন্দোলনের সময় পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ৯০ দশকের সামরিক শাসনবিরোধী আন্দোলনসহ এরশাদ পতনের গণঅভ্যুত্থানের সংগঠক ছিলেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে দীর্ঘদিন থাকলেও ২০১০ সালে মতভিন্নতার কারণে সিপিবিতে যোগ দেন। ২০১২ সালে তাকে সিপিবির প্রেসিডিয়াম সদস্য করা হয়। এরপর তিনি সিপিবির উপদেষ্টা হন। রাজনীতিকের পরিচয়ের বাইরে তিনি মার্ক্সবাদী তাত্ত্বিক ও লেখক। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৩।
মানুষের মুক্তির স্বপ্নদ্রষ্টা হায়দার আকবর খান রনো মৃত্যুর আগেও ভেবেছেন মানুষের কথা। তাই চোখের কর্নিয়া দান করে গিয়েছেন যাতে সেই কর্নিয়ায় পৃথিবীর আলো দেখতে পায় দুজন অন্ধ মানুষ। গতকাল দুপুরে তার কর্নিয়া নিয়ে যান স্বাস্থ্য খাতের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সন্ধানীর কর্মীরা।
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সমন্বয়ক সাইফুল ইসলাম চৌধুরী জানান, আজ দুপুরে ঢাকায় তাদের তত্ত্বাবধানে দুজন দৃষ্টিহীনের চোখে অস্ত্রোপচারে করে বসানো হবে এই কর্নিয়া।
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও সন্ধানী আন্তর্জাতিক চক্ষু ব্যাংকের সভাপতি মনিলাল আইচ লিটু সয়ংবাদমাধ্যমকে জানান, কর্নিয়াল সার্জন সৈয়দ এ হাসান চোখে কর্নিয়া প্রতিস্থাপন করবেন।











































