Home আঞ্চলিক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছে চাঁদা দাবী : ২ প্রতারক গ্রেফতার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছে চাঁদা দাবী : ২ প্রতারক গ্রেফতার

126

স্টাফ রিপোর্টার।।
সোনাডাঙ্গা মডেল থানা এবং দৌলতপুর থানা এলাকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি, হুমকি প্রদর্শন, চাঁদা দাবী ও প্রতারণার কর্মকান্ডে জড়িত ২ জন প্রতারক গ্রেফতার।
কেএমপি’র পুলিশ কমিশনার ব্রিফিংয়ে বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। আমরা বিগত কয়েক মাস থেকেই অস্ত্রধারী, সন্ত্রাসী, নাশকতাকারী, চোরাচালানকারী, মাদক, জঙ্গি, অস্ত্র, গোলাবারুদ, চোরাই মোটর সাইকেল, জুয়াড়ি, বিকাশ এবং অনলাইন প্রতারণায় জড়িত প্রতারক, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী, হত্যাকান্ডে জড়িত আসামী ও ভূমিদস্যুসহ সমাজে প্রভাব প্রতিপত্তিশালী যারা নাশকতা সৃষ্টি করতে পারে তাদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি।


তিনি জানান, গত ২০ এপ্রিল ২০২৪ খ্রি: বাংলাদেশ বেতার খুলনায় অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত সাতক্ষীরার শ্যামনগরের মোড়লপাড়া নিবাসী শওকাত হোসেন মোড়লের ছেলে মোঃ সাঈদুজ্জামান (৩১)’র ব্যক্তিগত ফোন নম্বরে একটি মোবাইল নম্বর হতে কল করে অজ্ঞাতনামা ব্যক্তি নিজেকে বাংলাদেশ বেতার সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সাঈদুজ্জামানকে তার কর্মস্থল থেকে অন্যত্র বদলীর হুমকি দিয়ে বদলীর তালিকা থেকে নাম কাটানোর জন্য টাকা দাবী করেন। একইভাবে বাংলাদেশ বেতার খুলনা উপকেন্দ্রের ৯ জনকে ফোন করে এবং মূখ্য পরিদর্শকের কার্যালয়, পাট অধিদপ্তর দৌলতপুর, খুলনার আরও কিছু কর্মকর্তাকে ঐ একই নম্বর হতে কল করে অনৈতিক অর্থ প্রদানের প্রস্তাবের অভিযোগ পাওয়া যায়। এমনকি তাদের মধ্যে পাট অধিদপ্তর, খুলনা এর মূখ্য পরিদর্শক এ.এম আক্তার হোসেনের নিকট হতে কৌশলে প্রতারণা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সংবাদ পাওয়া যায়। ভুক্তভোগীগণের মধ্যে সাঈদুজ্জামান এই ঘটনার বিষয়ে পুলিশকে অবগত করলে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ উক্ত ঘটনার বিষয়ে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে নেমে পুলিশ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে এবং তাদের বিষয়ে তথ্য উদঘাটন করতে সক্ষম হয়। পরবর্তীতে ঘটনার বিষয়ে সাঈদুজ্জামানকে মামলা করার জন্য বলা হলে তিনি মামলা করতে সম্মত হন। তৎপ্রেক্ষিতে, সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি টিম নীলফামারী জেলায় অভিযান পরিচালনা করে নীলফামারী জেলা পুলিশের সহায়তায় ঘটনার সাথে জড়িত প্রতারক মোঃ মনোয়ার হোসেন( বাবু) (৪৫) এবং মোঃ শাহজালাল জিএম (৩৩)কে নীলফামারী জেলার পাঁচ রাস্তা এলাকা থেকে গত কাল গ্রেফতার করতে সক্ষম হয়। আটক বাবু নীলফামারী সদর থানাধীন ইটাখোলা ইউপির সরদারের মোড়ের ভাড়াটিয়া ও মহব্বত বাজিতপাড়া নিবাসী আব্দুন নুরের ছেলে এবং শাহজালাল একই থানাধীন সোনারয় উলটপাড়া নিবাসী আব্দুস সামাদের ছেলে।


গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, তারা মূলত একটি সংঘবন্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সময়ে সরকারি আমলা, রাজনৈতিক নেতা, বিভিন্নি বাহিনীর ও প্রতিষ্ঠানের উর্ধ্বতন প্রভাবশালী কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষকে ফোন করে প্রভাবিত করার মাধ্যমে অর্থ আদায় করে প্রতারিত করে। এক্ষেত্রে তাদের তথ্য প্রাপ্তির মূল সোর্স হচ্ছে সরকারি তথ্য বাতায়ন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রিকায় বিজ্ঞাপন এবং ভিজিটিং কার্ড। এগুলো থেকে সহজেই তারা তথ্য সংগ্রহ করে। এছাড়াও আরো বেশি তথ্য জানার জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার এবং সেখান থেকে আনুষাঙ্গিক তথ্য সংগ্রহ করে কল দিয়ে জঙ্গি, সর্বহারা, শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে লোকজনের কাছ থেকে আরো কিছু তথ্য সংগ্রহ করে। যাকে প্রতারণার জন্য টার্গেট করা হয় তার পারিবারিক অবস্থা, ছেলে-মেয়ে কয়জন, তার সামাজিক অবস্থান, তার আর্থিক অবস্থা এবং সম্পদের পরিমাণ কেমন এগুলো তারা সংগ্রহ করে। সংঘবদ্ধ চক্রের সদস্যরা কেউ টার্গেট ফিক্সড করে, কেউ তথ্য সংগ্রহের করে এবং কেউ তথ্য বিশ্লেষণ করে। এক্ষেত্রে এই চক্রের সদস্যরা তথ্য বাতায়ন থেকে টার্গেটকৃত লোকের পদ পদবী, কর্মস্থল, কর্মকাল এবং তাদের দূর্বলতা খুঁজে বের করে ফোন করে কখনো বদলি, কখনো বরখাস্ত কখনো প্রমোশনের প্রলোভন দেখিয়ে এবং কখনো তার পরিবারের সদস্যদের হয়রানি ও অপহরণের ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। এক্ষেত্রে তারা যেসব সিম কার্ড ব্যবহার করে তা নিজের নামে রেজিস্ট্রেশন করা নয়। তদন্তকালে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মনোয়ার হোসেন বাবু নিজ এলাকায় বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছে। তারা চার ভাই-বোন। মনোয়ার হোসেন বাবু ফেনীতে বিদ্যুতের লাইনম্যান হিসেবে কাজ করতো।

পরবর্তীতে ২০০৮ সালে সে বিদ্যুতের লাইনম্যানের চাকরি ছেড়ে দেয়। বিদ্যুতের চাকরি ছেড়ে দিয়ে সে দীর্ঘদিন ঢাকার কেরানীগঞ্জ বসবাস করতো। এসময়ে সে তার দুরভিসন্ধি বাস্তবায়নের জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজনের সাথে সখ্যতা গড়ে তোলে। পরবর্তীতে কৌশলে তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সে প্রতারণার কাজ চালিয়ে যেতে থাকে। প্রথম দিকে নিজ এলাকার লোকজনকে চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করতো। এলাকার মানুষজন তার জালিয়াতি বুঝতে পারায় সে কৌশল পরিবর্তন করে। সে বিকাশ/রকেট ও নগদ এর মতো এমএফএস প্রতিষ্ঠানের নামে প্রতারণা শুরু করে। সহযোগি হিসেবে মোঃ শাহজালাল জিএম নামে এসএসসি পাশ আরেক প্রতারককে সাথে নেয়। এই অপরাধ সংঘটনের জন্য সমাজের নিম্ন শ্রেণির মানুষকে কাজে লাগায়। ৫০০/১০০০ টাকার বিনিময়ে তাদের এনআইডি কার্ড সংগ্রহ করে এবং বিভিন্ন ফোন কোম্পানির সিমকার্ড ক্রয় করে। বাক চতুর মনোয়ার বাবু এর ভরাট কন্ঠ ও স্মার্ট কনভারসেশনের ফাঁদে সহজেই পা দেয় মানুষ। বিশেষ করে যারা সরকারি চাকুরী করেন এবং একই জায়গায় দীর্ঘদিন কর্মরত আছেন তাদেরকেই সহজ টার্গেটে পরিণত করে সে। তাকে সার্বিক সহযোগিতা করে শাহজালাল। এলাকায় মনোয়ারকে দালাল বাবু এবং শাহজালালকে চিটার শাহজালাল বলে সবাই চেনে। ইতিপূর্বেও সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া সংক্রান্তে ডিএমপি’র নিউমার্কেট থানায় মনোয়ারের নামে প্রতারণার মামলাসহ রংপুর ও নীলফামারী এলাকায় নারী নির্যাতন, চুরি এবং মারামারির ০৪ টি মামলা রয়েছে। তার অপর সহযোগী শাহজালালের বিরুদ্ধেও নীলফামারী জেলার সদর থানায় নারী নির্যাতনের ০১টি মামলা ছিল। তারা উভয়েই পেশাদার প্রতারক চক্রের সক্রিয় সদস্য হিসেবে অদ্যাবদি তাদের কর্মকান্ড পরিচালনা করে আসছিলো।

উল্লেখ্য যে, তাদের বিরুদ্ধে ফরিদপুর জেলায় পাট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফেনী জেলায় বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নোয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসকদের কাছে স্বাস্থ্য সচিব পরিচয় দিয়ে কল করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এই প্রতারক চক্রের সাথে আরোও কারা কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত অব্যাহত আছে। ইতিমধ্যেই দৌলতপুর থানায় তাদের বিরুদ্ধে আরো ০১ টি প্রতারণার মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। এই প্রতারণা প্রক্রিয়া সংঘটনের নেপথ্যে আরও যারা জড়িত আছে তাদের বিরুদ্ধেও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।